odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
নতুন শ্রম আইন ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, ডিএফসির অর্থায়নের আওতায় প্রকল্পভিত্তিক বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ১৯:১০

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ১৯:১০

অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্স, ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।

বিশেষ প্রতিবেদক, ঢাকা : গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জনের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

তিনি বলেন, এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।

মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, অতীতে শ্রমিকদের স্বার্থবিরোধী নীতিমালার কারণে বাংলাদেশ এ ধরনের মার্কিন অর্থায়নের সুযোগ পায়নি। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন এই অর্জন।

ডিএফসির অর্থায়নের আওতায় বিনিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রতিটি প্রকল্প পৃথকভাবে বা ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।

মাহদী আমিন বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি দৃষ্টান্তে পরিণত করা সম্ভব।

ডিএফসির ঘোষণায় কী বলা হয়েছে

যুক্তরাষ্ট্রের ডিএফসি ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে প্রকল্পগুলো এখন থেকে তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য। সংস্থাটি বলেছে, এ সুযোগের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ জোগাড়, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা সম্ভব হবে। DFC

তবে বাংলাদেশের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন মানেই কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ অনুমোদন বা অর্থ ছাড় নয়। ডিএফসির নীতিমালা অনুযায়ী, প্রতিটি প্রকল্পের বাণিজ্যিক সম্ভাবনা, উন্নয়নমূলক প্রভাব, পরিবেশ ও সামাজিক মানদণ্ড এবং অন্যান্য শর্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়।