odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 18th November 2026, ১৮th November ২০২৬
টুঙ্গিপাড়া থানায় হামলা ও সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের

আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড, প্রত্যেক নাশকতাকারীকে ধরা হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ২৩:৫৭

 

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে দলটির নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, টুঙ্গিপাড়ায় থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ নিয়ে আলোচনার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। পরে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ মনে করছে টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা চালিয়ে তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডে সরকার বিচলিত হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে।

সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না আন্দোলনের নামে কোনো নিরপরাধ মানুষ গুলিতে নিহত হোক। আওয়ামী লীগের মতো আচরণ করে রাজপথে মিছিল-সমাবেশে গুলি চালাতে চায় না বর্তমান সরকার।

তিনি বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরপরাধ লোককে যাতে গুলিতে মারা না হয়।’

হামলাকারীদের শনাক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, আগুন লাগানো, গুলি চালানো ও হত্যার নির্দেশের ভিডিও এবং ছবি সরকারের কাছে রয়েছে। যারা থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির বিষয়টিও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, থানার ভেতরে প্রায় ২০০ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার চাইলে তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করে পরিস্থিতির জবাব দিতে পারত। কিন্তু তাতে অনেক মানুষ হতাহত হওয়ার আশঙ্কা ছিল। সরকার সে পথে যেতে চায়নি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফিরিয়ে আনার প্রত্যাশা করে সরকার। একই সঙ্গে নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে না দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে যা বললেন

সংসদে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সরকার একমত এবং এ বিষয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

তিনি মালিকপক্ষের প্রতি এমন একটি মজুরি নির্ধারণের আহ্বান জানান, যাতে শ্রমিকরা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন এবং একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও টিকে থাকতে পারে।

 

 

ভিডিও-ছবি দেখে প্রত্যেককে ধরা হবে’—টুঙ্গিপাড়ার ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

 #সালাহউদ্দিনআহমদ #স্বরাষ্ট্রমন্ত্রী #টুঙ্গিপাড়া #গোপালগঞ্জ #আওয়ামীলীগ #জাতীয়সংসদ #শ্রমিকমজুরি #Odhikarpatra #OdhikarpatraDotCom