odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th November 2026, ১৯th November ২০২৬
শিক্ষক যখন ভিউ-তারকা, আদর্শ যখন রংবদলের খেলা, আর বিশ্ববিদ্যালয়ের বিবেক যখন ক্ষমতা ও সুবিধাবাদের কাছে জিম্মি! আর তখন একাডেমিক স্বাধীনতার চেয়ে ফেসবুকের জনপ্রিয়তা, আর বিবেকের চেয়ে ভিউয়ের বাজার কি বড় হয়ে উঠছে?

প্রাচ্যের অক্সফোর্ড, নাকি ‘মবকিতুর’ রঙ্গমঞ্চ?—শিক্ষার মঞ্চে নাটক নয়, Make the University of Dhaka Great Again

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৬ ১৫:১১

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৬ ১৫:১১

ব্যক্তিগত অভিজ্ঞতার আয়নায় শিক্ষকসমাজের আয়না, আদর্শের রংবদল এবং প্রাচ্যের অক্সফোর্ডের নতুন নামকরণ!

সাবধান! সত্যের আয়নায় যাঁহাদের ভয়—তাঁহাদের প্রতি আগাম সতর্কীকরণ

এই রম্য-ব্যঙ্গাত্মক ফিচারখানি নিছক হাস্যরসের অবতারণা নহে; বরং আগস্ট ২০২৪-পরবর্তী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষক-রাজনীতির বিচিত্র সমীকরণ, বয়কট-সংস্কৃতির বাড়বাড়ন্ত, একাডেমিক স্বাধীনতার সংকট, সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর যশ ও জনপ্রিয়তার মোহ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির দৈন্য লইয়া সুদীর্ঘ শিক্ষকতা জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতাপ্রসূত কিছু নির্মোহ, অথচ নির্মম একাডেমিক পর্যবেক্ষণের সাহিত্যিক প্রকাশ। ইহাতে কোনো ব্যক্তি বা বিশেষ ঘটনার অপরাধ কিংবা দায় চূড়ান্ত বলিয়া প্রতিপন্ন করিবার প্রয়াস নাই; বরং প্রচলিত কিছু প্রবণতা, প্রাতিষ্ঠানিক অসংগতি এবং আত্মপ্রবঞ্চনার স্বরূপ উন্মোচন করাই ইহার অভিপ্রায়।পাঠকের প্রতি সনির্বন্ধ নিবেদন—সত্যের উচ্চারণে যাঁহাদের কণ্ঠ রুদ্ধ হয়, সমালোচনার সামান্য আঁচেই যাঁহাদের বিবেক বিচলিত হয়, আর আত্মসমালোচনার আয়নায় নিজের মুখখানি দেখিতে যাঁহাদের বড়ই অনীহা—তাঁহাদের প্রতি পরামর্শ, লেখাটি না পড়িলেও চলিবে। কেননা, ইহার হাস্যরসের আবরণ ভেদ করিয়া কোথাও কোথাও এমন কিছু নির্মম সত্য উঁকি দিবে, যাহা হয়তো স্বস্তির নহে, আত্মতুষ্টিরও নহে। মনে রাখিবেন, আয়না কখনো মুখের কালিমা মুছিয়া দেয় না; কেবল তাহা দেখাইয়া দেয়। আর প্রতিবিম্ব দেখিবার সাহস না থাকিলে আয়নাকে দোষারোপ করিয়া লাভ কী!

অধিকারপত্র শিক্ষা সংস্কার ধারাবাহিক । বিশেষ ফিচার - দেশতিন্তা

আগস্ট ২০২৪-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি, বয়কট সংস্কৃতি, মবের চাপ, শিক্ষক হয়রানি, রাজনৈতিক আদর্শের রংবদল, একাডেমিক স্বাধীনতার সংকট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের লাইক-ভিউনির্ভর জনপ্রিয়তার প্রতিযোগিতার এক তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ও আত্মসমালোচনামূলক ব্যবচ্ছেদ। প্রায় দুই যুগের শিক্ষকতা, বিসিএস ক্যাডার সার্ভিস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতার আলোকে উঠে এসেছে শিক্ষকসমাজের পারস্পরিক অসহযোগিতা, গোষ্ঠীস্বার্থ, সুবিধাবাদ, গবেষণাবিমুখতা ও নৈতিক অবক্ষয়ের প্রশ্ন। একই সঙ্গে রয়েছে শিক্ষার্থীদের অদৃশ্য ক্ষতি, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, গবেষণার পরিবেশ, যোগ্যতাভিত্তিক মূল্যায়ন, স্বচ্ছ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উচ্চশিক্ষার কাঠামোগত সংস্কারের বাস্তবসম্মত আহ্বান। প্রাচ্যের অক্সফোর্ড কি আবার জ্ঞান, বিবেক, ন্যায়বিচার ও একাডেমিক স্বাধীনতার ঠিকানায় ফিরতে পারবে? নাকি ভিউ, বয়কট, মব ও সুবিধাবাদের রঙ্গমঞ্চেই হারিয়ে যাবে তার ঐতিহাসিক গৌরব? পড়ুন অধিকারপত্রের বিশেষ ফিচার—Make the University of Dhaka Great Again.একসময় বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানচর্চার জায়গা। সেখানে শিক্ষকরা পড়াতেন, শিক্ষার্থীরা শিখতেন, গবেষকরা প্রশ্ন তুলতেন, আর বিতর্কের মধ্য দিয়ে তৈরি হতো নতুন চিন্তার জগৎ। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ ছিল তার গ্রন্থাগার, গবেষণাগার, মুক্তবুদ্ধির চর্চা এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা।আমি যখন এখন ক্লাসে ঢুকি, তখন আর শুধু পড়াতে ঢুকি না। ঢুকি একটা প্রশ্ন নিয়ে, আজ ছাত্ররা কি নির্ভয়ে প্রশ্ন করবে? আজ আমি কি নির্ভয়ে উত্তর দিতে পারব? এই প্রশ্নটা দুই বছর আগেও আমার মনে এভাবে আসত না। এখন আসে। প্রতিদিন আসে। কারণ আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেন এক নতুন পাঠ্যক্রম চালু হয়েছে। নাম, ‘ভিউতত্ত্ব ও লাইকবিজ্ঞান’।এখানে গবেষণাপত্রের চেয়ে ফেসবুক পোস্টের গুরুত্ব বেশি, ক্লাস লেকচারের চেয়ে লাইভ ভিডিওর গ্রহণযোগ্যতা বেশি, আর একাডেমিক অবদানের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কে কতটা আলোচনায় থাকতে পারছেন, সেটিই যেন নতুন যোগ্যতার মাপকাঠি।বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শুধু ক্লাস হয় না, নাটকও হয়। কখনো রাজনৈতিক নাটক, কখনো নৈতিকতার নাটক, কখনো প্রতিবাদের নাটক, কখনো আবার মানবিকতার মহড়া। পর্দার সামনে শিক্ষক, পেছনে শিক্ষার্থী, আর মাঝখানে ক্যামেরা হাতে ভিউ-ব্যবসায়ীদের ব্যস্ত আনাগোনা।বিশ্ববিদ্যালয় যেন বিশ্ববিদ্যালয় কম, একটি দীর্ঘমেয়াদি রিয়েলিটি শো বেশি। প্রতিটি পর্বের আলাদা শিরোনাম, আলাদা চরিত্র, আলাদা সংলাপ। শুধু শিক্ষা নামের মূল অনুষ্ঠানটি কখন শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়!

প্রারম্ভিকা—বিশ্ববিদ্যালয়ের নতুন পরিচয়: জ্ঞান নয়, কে কোন দলে?

আগস্ট ২০২৪-পরবর্তী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক পরিচয়ের একটি নতুন রাজনৈতিক অভিধান তৈরি হয়েছে। কেউ একটি বিশেষ মতাদর্শের, কেউ আরেকটি রাজনৈতিক বলয়ের, কেউ অতীতের প্রশাসনিক সংশ্লিষ্টতার কারণে সন্দেহভাজন, কেউ আবার নিজের মত প্রকাশের কারণে অস্বস্তিকর।
শিক্ষকের পরিচয় যেন তাঁর বিষয়ভিত্তিক দক্ষতা, গবেষণা, প্রকাশনা, পাঠদানের অভিজ্ঞতা কিংবা শিক্ষার্থীদের কাছে তাঁর অবদানের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তিনি অতীতে কোন মতাদর্শের কাছাকাছি ছিলেন, কার সঙ্গে ওঠাবসা করেছেন, কোন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, কোন সরকারের সময়ে কী দায়িত্ব পালন করেছেন, এসবই হয়ে উঠেছে তাঁর বর্তমান পেশাগত ভাগ্য নির্ধারণের উপাদান।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বয়কট, ক্লাস বর্জনের দাবি, প্রশাসনিক চাপ, তদন্ত, সাময়িক বরখাস্ত এবং চাকরিসংক্রান্ত নানা বিতর্কের ঘটনা সামনে এসেছে।
অবশ্য কোনো শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অভিযোগ প্রমাণের আগেই সামাজিকভাবে কাউকে দোষী সাব্যস্ত করা, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষককে একঘরে করা কিংবা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে শাস্তিমূলক পরিস্থিতি তৈরি করা, এসব কি বিশ্ববিদ্যালয়ের ন্যায়বিচারের সংস্কৃতি?

১. বিশ্ববিদ্যালয় কি আদালত? আর ফেসবুক কি তার বিচারক?

এখানে অভিযোগকারী, তদন্তকারী, বিচারক, রায় প্রদানকারী এবং কখনো কখনো শাস্তি কার্যকরকারীর ভূমিকাও একই ব্যক্তির হাতে চলে আসে। শুধু রায় ঘোষণার আগে একটি ফেসবুক পোস্ট দিতে হয়। তারপর শুরু হয় ডিজিটাল জনতার আদালত।
অদ্ভুত ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক হওয়ার পাশাপাশি আরও একটি যোগ্যতা প্রয়োজন বলে মনে হচ্ছে, নিজের বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে কীভাবে ফেসবুকের জনমত সামলাতে হবে, সেই প্রশিক্ষণ।

২. শিক্ষকের ক্ষতি মানেই ক্লাসের ক্ষতি

এই পরিচয়ের রাজনীতির আসল ক্ষতির হিসাবটা এখনো করা হয়নি। কারণ ক্ষতিটা শুধু যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের নয়।
একজন শিক্ষককে যখন ক্লাস থেকে সরিয়ে দেওয়া হয়, তখন শুধু একজন মানুষ চাকরি হারান না। একটি কোর্স থেমে যায়। একটি ব্যাচের রুটিন ভেঙে যায়। একজন সুপারভাইজারের অধীনে থাকা শিক্ষার্থীর থিসিস আটকে যায়। পরীক্ষার খাতা দেখার মানুষ বদলে যায়। সেমিনারে প্রশ্ন করার মানুষ কমে যায়।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সাল পর্যন্ত আমরা এই দৃশ্য বারবার দেখেছি। কেউ ক্লাস বয়কটের মুখে পড়েছেন। কেউ বিভাগের সিদ্ধান্তে ক্লাস থেকে সরে গেছেন। কেউ সিন্ডিকেটের সিদ্ধান্তে সাময়িক বরখাস্ত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, এক পর্যায়ে ৪৪ জন শিক্ষককে কাজ থেকে বিরত রাখা হয়, ২৫ জনের শিক্ষকতার দায়িত্ব সীমিত করা হয়। সংখ্যাগুলো শুনতে শুধু সংখ্যা মনে হয়। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে পাঁচটি চলমান কোর্স, বিশজন শিক্ষার্থী, তিনজন থিসিস শিক্ষার্থী।
আমি নিজে দেখেছি, একজন শিক্ষক চলে যাওয়ার পর তার ক্লাস নেওয়ার জন্য তড়িঘড়ি করে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। তিনি ভালো শিক্ষক হতে পারেন, কিন্তু তিনি ওই কোর্সের প্রস্তুতি নেননি। ছাত্ররা বুঝতে পারে, তারা ঠকছে। কিন্তু তারা কিছু বলতে পারে না। কারণ কথা বললেই আবার পক্ষ, বিপক্ষ, তালিকা, স্ক্রিনশটের ভয়।—এটাই একাডেমিক ক্ষতি। এটা কোনো সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা থাকে না। এটা লেখা থাকে ছাত্রের নোটখাতায়, তার অসমাপ্ত প্রশ্নে, তার পিছিয়ে যাওয়া সেমিস্টারে।

৩. শিক্ষার্থীর অদৃশ্য ক্ষতি

আমরা অনেক সময় মনে করি, শিক্ষার্থীরা এই সংঘাতের বাইরে। তারা নাকি সুবিধা পেয়েছে। আমি এই কথার সঙ্গে একমত নই। শিক্ষার্থীর ক্ষতি সবচেয়ে বেশি, কারণ সেটা অদৃশ্য।
  • প্রথম ক্ষতি হলো, শেখার পরিবেশ নষ্ট হওয়া। যে ক্লাসে শিক্ষক ভয়ে থাকেন, সেই ক্লাসে ছাত্রও ভয়ে থাকে। শিক্ষক যদি মনে করেন, একটি বাক্য বললেই তার বিরুদ্ধে অভিযোগ যাবে, তাহলে তিনি বিতর্কিত কিন্তু জরুরি প্রশ্নগুলো এড়িয়ে যাবেন। ছাত্রও শিখে যাবে, প্রশ্ন না করাই নিরাপদ। এভাবে একটি বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে কোচিং সেন্টারে পরিণত হয়। সেখানে উত্তর মুখস্থ করানো হয়, প্রশ্ন করতে শেখানো হয় না।
  • দ্বিতীয় ক্ষতি হলো, মেন্টর হারানো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শুধু লেকচারার নন। তিনি পরামর্শক, অভিভাবক, রেফারেন্স লেখার মানুষ। একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার জন্য আবেদন করে, তখন তার শিক্ষকের চিঠি লাগে। যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তার একজন আস্থার মানুষ লাগে। যখন তার শিক্ষককেই ক্যাম্পাসে অপমানিত হতে দেখে, তখন সে কাকে আস্থার মানুষ ভাববে?
  • তৃতীয় ক্ষতি হলো, বিভাজন শেখা। ছাত্ররা এখন শিখছে, কে কোন প্যানেলের, কে কোন দলের, কে কার লোক। তারা শিখছে, মেধার চেয়ে পরিচয় বড়। এই শিক্ষা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যায়, তাহলে ভবিষ্যতে তারা অফিসে, আদালতে, হাসপাতালে, সব জায়গায় একই বিভাজন নিয়ে যাবে। এটা জাতির জন্য অনেক বড় ক্ষতি।
আমি ক্লাসে দেখি, ছাত্ররা এখন অনেক বেশি চুপচাপ। তারা আগের মতো তর্ক করে না। তারা মোবাইলে রেকর্ড হচ্ছে কিনা, তা দেখে কথা বলে। একটি বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে দুঃখজনক দৃশ্য আর কী হতে পারে?
তাঁরা বিশ্ববিদ্যালয়ে এসেছেন জ্ঞান অর্জন করতে, গবেষণা করতে, নতুন চিন্তা তৈরি করতে, নিজেদের ভবিষ্যৎ গড়তে। তাঁদের অভিভাবকেরা অর্থ ব্যয় করছেন, স্বপ্ন দেখছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি প্রতিদিন রাজনৈতিক বিতর্ক, শিক্ষক বয়কট, সামাজিক যোগাযোগমাধ্যমের সংঘাত এবং ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিযোগিতায় ব্যস্ত থাকে, তাহলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কে পূরণ করবে?

৪. বয়কটের রাজনীতি এবং প্রতিবাদের নতুন অভিনয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সবচেয়ে চমকপ্রদ বৈপরীত্যগুলোর একটি হলো বয়কটের রাজনীতি এবং সেই রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের অভিনয়।
যেসব শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মতাদর্শিক অবস্থান, রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বয়কটের পরিবেশ তৈরি হয়েছে, তাঁদের কেউ কেউ প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন, কেউ সাময়িক বরখাস্ত হয়েছেন, কেউ আবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিক চাপের মধ্যে রয়েছেন।
এসব ঘটনার পেছনে কার কী ভূমিকা ছিল, কে কতটা প্রভাব বিস্তার করেছেন, কোন সিদ্ধান্তের সঙ্গে কার সংশ্লিষ্টতা রয়েছে, এসব বিষয়ে যথাযথ তথ্য, নথি ও প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে আরও একটি দৃশ্য আলোচনায় এসেছে।
যাঁদের বিরুদ্ধে অতীতে শিক্ষক বয়কটের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে, তাঁদের মধ্য থেকে দুজনকে কিছুদিন আগে শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা গেছে বলে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবাদের বিষয় ছিল শিক্ষক বয়কট ও সাময়িক বরখাস্তের বিরুদ্ধে অবস্থান।
ঘটনাটি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে।
প্রতিবাদ করার অধিকার সবার আছে। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করাও গণতান্ত্রিক প্রতিবাদের একটি প্রকাশ হতে পারে। কিন্তু প্রশ্নটি অন্য জায়গায়।
যদি কোনো শিক্ষককে বয়কট করার ক্ষেত্রে অতীতে আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকে, যদি কোনো শিক্ষককে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে সামাজিক ও রাজনৈতিক চাপে কোণঠাসা করার অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে, তাহলে আজ প্রতিবাদের মঞ্চে দাঁড়ানোর আগে নিজের অতীত ভূমিকার জবাবদিহি কি জরুরি নয়?
আরও একটি অদ্ভুত বৈপরীত্য, প্রতিবাদের ভাষায় শ্রেণিকক্ষের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধার কথা থাকলেও, সেই প্রতিবাদী শিক্ষকরা নিজেরা ক্লাস বর্জন না করে ক্লাস নিতে থাকেন। অর্থাৎ প্রতিবাদও হবে, ক্লাসও হবে। ক্যামেরায় প্রতিবাদ, উপস্থিতির খাতায় দায়িত্ব পালন!
এ যেন বিশ্ববিদ্যালয়ের নতুন সমন্বিত কর্মসূচি, ‘প্রতিবাদ ও পাঠদান একই সঙ্গে’।
আমি ইচ্ছা করেই এখানে তাদের নাম লিখছি না। কারণ আমার লেখার উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়। আমার উদ্দেশ্য একটি প্রবণতাকে চিনিয়ে দেওয়া। আমার কাছে, এবং আমার মতো অনেক শিক্ষকের কাছে, এই ঘটনাটি প্রতিবাদ মনে হয়নি। মনে হয়েছে নাটক। মনে হয়েছে হিপোক্রেসি।
কেন? কারণ প্রতিবাদ তখনই বিশ্বাসযোগ্য হয়, যখন তা ধারাবাহিক হয়। যখন সংকটের সময়ও মানুষ কথা বলে। যখন নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের জন্য দাঁড়ায়। কিন্তু যখন সংকটের সবচেয়ে কঠিন সময়ে চুপ থাকা হয়, যখন সাসপেন্ড হওয়া শিক্ষকদের কষ্ট নিয়ে কেউ কথা বলেন না, আর হঠাৎ ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকার জন্য পাঁচ মিনিটের নীরবতা পালন করা হয়, তখন মানুষ প্রশ্ন করে, এটা কি সত্যিই একাডেমিক স্বাধীনতার জন্য, নাকি লাইক, ভিউ, শেয়ার আর আলোচনায় থাকার জন্য?
আমার মতে, এই ধরনের ঘটনা সাসপেন্ড শিক্ষকদের আবেগ নিয়ে মজা করার মতো। যারা মাসের পর মাস ক্লাস হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, পরিবার নিয়ে অনিশ্চয়তায় আছেন, তাদের যন্ত্রণাকে যদি কেউ নিজের সস্তা জনপ্রিয়তার সিঁড়ি বানান, তাহলে সেটা প্রতিবাদ নয়, সেটা সুবিধাবাদ।
তবে ব্যঙ্গের আড়ালে একটি গুরুতর প্রশ্ন থেকে যায়: যে শিক্ষকদের বিরুদ্ধে বয়কট, অপমান, সামাজিক বিচ্ছিন্নতা কিংবা প্রশাসনিক নিপীড়নের অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গে কি কখনো ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে? তাঁদের পরিবারের খোঁজ নেওয়া হয়েছে? তাঁদের মানসিক অবস্থার কথা জানতে চাওয়া হয়েছে? তাঁদের একাডেমিক ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কথা বলা হয়েছে?
যদি না হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই:
  • প্রতিবাদটি কি নিপীড়িত শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য, নাকি নিপীড়িত শিক্ষকের ঘটনাকে কেন্দ্র করে নিজের সামাজিক উপস্থিতি বাড়ানোর জন্য?
  • মানবিকতা কি কেবল ক্যামেরার সামনে প্রদর্শনের বিষয়?
  • কালো কাপড় মুখে বাঁধা যায়। কিন্তু বিবেকের ওপর যে অদৃশ্য কাপড় পড়ে থাকে, সেটি সরাবে কে?

৫. শিক্ষক নির্যাতিত, পরিবার বিপর্যস্ত; আর ভিউ-ব্যবসায়ীদের ব্যস্ততা কোথায়?

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যখন রাজনৈতিক বা মতাদর্শিক বিরোধের কারণে পেশাগত সংকটে পড়েন, তখন তাঁর সমস্যা শুধু চাকরি বা পদমর্যাদায় সীমাবদ্ধ থাকে না।
একজন শিক্ষকের একটি পরিবার থাকে। সন্তান থাকে। বৃদ্ধ বাবা-মা থাকতে পারেন। সংসারের নিয়মিত ব্যয়, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসাভাড়া, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকে।
দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা একজন শিক্ষক এবং তাঁর পরিবারের জীবন কতটা কঠিন হতে পারে, সেটি বোঝার জন্য খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহ নিয়ে নিয়মিত উচ্চকণ্ঠ, তাঁদের অনেকের কাছেই এসব ব্যক্তিগত দুর্ভোগ খুব একটা আলোচ্য হয়ে ওঠে না।
যখন শিক্ষককে বয়কট করা হয়, তখন পোস্ট। যখন শিক্ষককে বরখাস্ত করা হয়, তখন পোস্ট। যখন শিক্ষককে নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন লাইভ। যখন কোনো প্রতিবাদ হয়, তখন ছবি। কিন্তু সেই শিক্ষক যখন ঘরের ভেতরে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগেন, তাঁর সন্তান যখন বাবার বা মায়ের পেশাগত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করে, কিংবা পরিবার যখন আর্থিক ও সামাজিক সংকটের মধ্যে পড়ে, তখন সেই ক্যামেরাগুলো কোথায় থাকে?
  • যাঁদের নিয়ে এত আলোচনা, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য কি একটি ফোনকলও করা যায় না?
  • একটি ব্যক্তিগত খোঁজ নেওয়া যায় না?
  • একটি সহানুভূতির বাক্য বলা যায় না?
অথচ ফেসবুকে মানবিকতার পোস্টের অভাব নেই। কারও অধিকার নিয়ে দীর্ঘ স্ট্যাটাস, কারও স্বাধীনতা নিয়ে আবেগপূর্ণ বক্তব্য, গণতন্ত্র নিয়ে মহাকাব্যিক বিশ্লেষণ, সবই আছে।
শুধু অনুপস্থিত সেই মানুষটির পাশে দাঁড়ানোর বাস্তব উদ্যোগ। এ যেন মানবাধিকারের এমন এক সংস্করণ, যেখানে অধিকার আছে, কিন্তু অধিকারভোগীর সঙ্গে যোগাযোগ নেই; সহানুভূতি আছে, কিন্তু সহমর্মিতার প্রয়োগ নেই; প্রতিবাদ আছে, কিন্তু দায়িত্ব নেই। এখানে মানবিকতা একটি কনটেন্ট, সহমর্মিতা একটি ক্যাপশন, আর নিপীড়িত শিক্ষক একটি সম্ভাব্য ভাইরাল বিষয়বস্তু!

৬. নৈতিক মান যখন ভেঙে পড়ে

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ তার ভবন নয়, তার বাজেট নয়, তার নৈতিক মান। আর এই নৈতিক মান মানে, অভিযোগ থাকলে প্রমাণ দিয়ে বিচার হবে। তদন্তের আগে শাস্তি হবে না। তালিকায় নাম আসা মানেই দোষী হওয়া নয়। পছন্দের লোককে বাঁচানো আর অপছন্দের লোককে ফাঁসানো যাবে না।
গত দুই বছরে এই মানটা বারবার ভেঙেছে বলে আমার মনে হয়েছে।
যখন সাসপেনশনের দুই মাস পর তদন্ত কমিটি হয়, তখন ছাত্ররা শেখে, প্রক্রিয়া মানেই নাটক। যখন তথ্য অধিকার আইনে চেয়েও সিন্ডিকেটের সিদ্ধান্তের কপি পাওয়া যায় না, তখন ছাত্ররা শেখে, স্বচ্ছতা মানেই ফাঁকা কথা। যখন ৫৮ জনের তালিকা, ৯২ জনের তালিকা, ২৩১ জনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি আসে, তখন সবাই শেখে, কাউকে শেষ করতে হলে শুধু তালিকায় নাম তুলে দিলেই হয়।
এই শিক্ষা ভয়ংকর। কারণ আজ যারা তালিকা করছে, কাল তারাই তালিকার শিকার হতে পারে। আজ যারা অন্যের সাসপেনশনে উল্লাস করছে, কাল তাদেরও একই প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হতে পারে। নৈতিক মান একবার ভেঙে গেলে, তা আর কোনো পক্ষের জন্য নিরাপদ থাকে না।
আরেকটি নৈতিক সংকট হলো সুবিধাবাদ। সংকটের সময় কেউ কেউ চুপ থেকেছেন। কেউ কেউ পরিস্থিতি বুঝে পক্ষ বদলেছেন। কেউ কেউ নিজের পদ, পদোন্নতি, কমিটির সদস্যপদ বাঁচাতে অন্যকে বলি দিয়েছেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করছি না। আমি একটি প্রবণতার কথা বলছি। যখন বিশ্ববিদ্যালয়ে সত্য বলার দাম দিতে হয় আর চুপ থাকার পুরস্কার পাওয়া যায়, তখন সুবিধাবাদই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ কৌশল। আর সুবিধাবাদ যেখানে নিরাপদ, সেখানে নৈতিকতা টিকে না।
এই দ্বৈত মানদণ্ডই বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক পরিবেশকে বিপন্ন করে। নিজের পক্ষের শিক্ষক বিপদে পড়লে সেটি হয় ‘একাডেমিক স্বাধীনতার সংকট’। অন্য পক্ষের শিক্ষক বিপদে পড়লে সেটি হয় ‘ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্ন’। নিজের পক্ষের শিক্ষককে বয়কট করা হলে সেটি হয় অন্যায়। অন্য পক্ষের শিক্ষককে বয়কট করা হলে সেটি হয় জনতার প্রত্যাশা।
অথচ বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হওয়ার কথা ছিল ভিন্নমতের সহাবস্থান। এখানে শিক্ষককে তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, তাঁর কাজ, আচরণ এবং প্রমাণিত পেশাগত দায়বদ্ধতার ভিত্তিতে মূল্যায়ন করার কথা। একজন শিক্ষক অপরাধ করলে তাঁর বিচার হবে। কিন্তু তাঁর রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁকে বিচারহীনভাবে শাস্তি দেওয়া যাবে না।
এই সহজ কথাটিই যেন বিশ্ববিদ্যালয়ের অনেকের কাছে সবচেয়ে কঠিন তত্ত্ব!

৭. শিক্ষক যখন শিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, তখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম কোথায়?

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে আরও কিছু বিচিত্র দৃশ্য চোখে পড়ে।
কোনো শিক্ষক গান গাইছেন। কোনো শিক্ষক নাচছেন। কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনভাবে পারফর্ম করছেন যে দর্শকেরা তাঁকে শিক্ষক হিসেবে নয়, একজন পেশাদার মঞ্চশিল্পী হিসেবে দেখছেন। কেউ আবার নিজের ব্যক্তিগত প্রতিভা, বিনোদন কিংবা সামাজিক উপস্থিতির মাধ্যমে নতুন দর্শক তৈরি করছেন।
এতে আপত্তির কিছু নেই। একজন শিক্ষকও মানুষ। তাঁর গান করার অধিকার আছে, নাচার অধিকার আছে, অভিনয় করার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই তাঁকে সারাক্ষণ গম্ভীর মুখে বই হাতে ঘুরতে হবে, এমন কোনো কথা নেই। বরং একজন শিক্ষকের বহুমাত্রিক সাংস্কৃতিক প্রতিভা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সমৃদ্ধ করতে পারে।
সমস্যা প্রতিভায় নয়। সমস্যা তখনই, যখন ব্যক্তিগত জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি এবং আলোচনায় থাকার প্রবণতা শিক্ষকতার মূল দায়িত্বের জায়গাটি দখল করে নিতে শুরু করে।
একজন শিক্ষক গান গাইতেই পারেন। কিন্তু তাঁর গবেষণার হিসাব কোথায়? তিনি নাচতেই পারেন। কিন্তু তাঁর শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস পাচ্ছে কি না? তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হতেই পারেন। কিন্তু তাঁর বিভাগে গবেষণার পরিবেশ কতটা উন্নত হয়েছে?
একজন শিক্ষক শিল্পী হলে আনন্দের বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি একসময় শিল্পী, অভিনেতা, ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক ভাষ্যকার এবং কনটেন্ট ক্রিয়েটর তৈরির প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ে, আর পাঠদান ও গবেষণা পেছনে পড়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বিশ্ববিদ্যালয় কোনো সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শনের বিরুদ্ধে নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়কে বিনোদনকেন্দ্র বানিয়ে ফেলাও কাম্য নয়। শিক্ষক গান গাইবেন, শিক্ষার্থী হাততালি দেবেন, চমৎকার। তবে পরদিন ক্লাসে শিক্ষক যদি গবেষণাপত্রের বদলে নিজের আগের রাতের পারফরম্যান্সের ভিউয়ের হিসাব করেন, তখন শিক্ষার্থীদের একটু চিন্তিত হওয়ার অধিকার আছে!

৮. লাইক ব্যবসায়ী ও ভিউ ব্যবসায়ীদের বিশ্ববিদ্যালয়

ফেসবুকের অ্যালগরিদমের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সেখানে কে কত ভালো গবেষণা করেছেন, সেটি সব সময় গুরুত্বপূর্ণ নয়। কে কত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারলেন, সেটিই অনেক সময় বড় হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি দেখলে মনে হয়, তাঁরা যেন আলাদা একটি পেশায় যুক্ত, ভিউ সংগ্রহ।
কখনো রাজনৈতিক বক্তব্য, কখনো প্রতিবাদ, কখনো ব্যক্তিগত অভিমান, কখনো সাংস্কৃতিক পারফরম্যান্স, কখনো অন্যের সমালোচনা, সবকিছুতেই আলোচনায় থাকার প্রবল আগ্রহ।
আজ এক ইস্যুতে পোস্ট, কাল আরেক ইস্যুতে লাইভ। পরশু নতুন বিতর্ক। তার পরদিন নতুন ব্যাখ্যা। একটি বিতর্কের রেশ শেষ হওয়ার আগেই আরেকটি বিতর্কের জন্ম দিতে পারলে যেন সফলতা নিশ্চিত!
এখানে একটি নতুন সামাজিক শ্রেণির উত্থান ঘটেছে, লাইক ব্যবসায়ী। তাঁদের পণ্যের নাম মতামত, বিপণনের মাধ্যম আবেগ, আর মুদ্রা হলো লাইক, শেয়ার ও ভিউ।
কোনো শিক্ষককে নিয়ে বিতর্ক তৈরি হলে তাঁরা আসেন। কোনো শিক্ষক বিপদে পড়লে তাঁরা বিশ্লেষণ করেন। কেউ প্রতিবাদ করলে তাঁরা প্রতিবাদের ব্যাখ্যা দেন। কেউ গান গাইলে তাঁরা সাংস্কৃতিক মূল্যায়ন করেন। কেউ নাচলে তাঁরা সামাজিক পরিবর্তনের নতুন দিগন্ত আবিষ্কার করেন।
কিন্তু প্রশ্ন হলো, এসব আলোচনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষা কোথায়? একজন শিক্ষকের গবেষণা, প্রকাশনা, শিক্ষাদানের মান, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব, একাডেমিক সততা এবং প্রাতিষ্ঠানিক অবদান নিয়ে কি একই আগ্রহ দেখা যায়? নাকি এসব বিষয় নিয়ে আলোচনা করলে ভিউ কমে যায়?
সম্ভবত বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষের কাছে এখন গবেষণাপত্রের চেয়ে ফেসবুক পোস্ট বেশি কার্যকর। কারণ গবেষণাপত্র পড়তে হয়, বুঝতে হয়, যাচাই করতে হয়; কিন্তু একটি উত্তেজনাপূর্ণ পোস্টে শুধু লাইক দিলেই চলে।
এমনকি কোনো বিষয়ে নিজের অবস্থান বদলাতে হলেও সমস্যা নেই। আজ যে নীতির বিরুদ্ধে, কাল সেই নীতির পক্ষে। আজ যে শিক্ষককে প্রশ্নবিদ্ধ করছেন, কাল তাঁরই পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। কারণ নীতি বদলালে হয়তো সমস্যা নেই, কিন্তু অ্যালগরিদমের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না!

৯. প্রতিবাদও চাই, জনপ্রিয়তাও চাই; দায়িত্বের বেলায় নীরবতা!

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট সম্ভবত এখানেই, প্রতিবাদ, ন্যায়বিচার ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কখনো কখনো ব্যক্তিগত অবস্থান, রাজনৈতিক সুবিধা এবং সামাজিক জনপ্রিয়তার সঙ্গে মিশে যাচ্ছে।
একই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাই সমানভাবে সোচ্চার নন। নিজের মতের মানুষের বিরুদ্ধে অন্যায় হলে প্রতিবাদের ভাষা তীব্র হয়। বিপরীত মতের মানুষের ক্ষেত্রে সেই ভাষা হঠাৎ সংযত হয়ে যায়। আর এই ধরনের নাটকীয়তা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিটাকে আরও বাড়িয়ে দেয়।
কারণ এতে আসল সমস্যা আড়ালে চলে যায়। আসল সমস্যা হলো, তদন্ত ছাড়া শাস্তি, তালিকা দিয়ে বিচার, আর ভয়ের সংস্কৃতি। কিন্তু আলোচনা চলে যায়, কে কালো কাপড় পরল, কে ছবি তুলল, কার পোস্টে কত লাইক পড়ল। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার।
আমি বলছি না, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ অবশ্যই করা যাবে। কিন্তু প্রতিবাদ হতে হবে সৎ, ধারাবাহিক আর সাহসী। ক্যামেরা দেখে প্রতিবাদ আর ক্যামেরা ছাড়া নীরবতা, এই দুইয়ের মধ্যে ফারাকটা ছাত্ররা বোঝে। তারা এখন সব বোঝে।

১০. বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেক বিশ্ববিদ্যালয়: ফেসবুকের আদালত

এখন কোনো বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটলেই তার দ্বিতীয় সংস্করণ তৈরি হয় ফেসবুকে। প্রথম সংস্করণটি ঘটে বাস্তবে। দ্বিতীয় সংস্করণটি ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথমটিতে থাকে ঘটনা, দ্বিতীয়টিতে থাকে ব্যাখ্যা, অনুমান, আবেগ, পক্ষপাত, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং কখনো কখনো অর্ধসত্যের মহোৎসব।
একজন শিক্ষককে নিয়ে অভিযোগ উঠলেই তাঁর ছবি ছড়িয়ে পড়ে। তাঁর অতীতের বক্তব্য খুঁজে বের করা হয়। পুরোনো ছবি, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য, সবকিছু নতুন করে বিচার করা হয়। তারপর শুরু হয় ডিজিটাল বিচারসভা।
কেউ তাঁর পক্ষে, কেউ বিপক্ষে। কেউ আবার উভয় পক্ষের পোস্টে লাইক দিয়ে নিজের নিরপেক্ষতার প্রমাণ রাখেন। কিন্তু নিরপেক্ষতা কি দুই পক্ষের পোস্টে সমানসংখ্যক লাইক দেওয়ার নাম?
বিশ্ববিদ্যালয়ের প্রকৃত দায়িত্ব হলো অভিযোগের তদন্ত করা, প্রমাণ যাচাই করা, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছানো। ফেসবুকের আদালতে এসবের প্রয়োজন হয় না। সেখানে অভিযোগই অনেক সময় রায়, জনপ্রিয়তাই প্রমাণ, আর আবেগই বিচারবিধি।
কোনো শিক্ষককে অপমান করার পর যদি বলা হয়, ‘এটি তো জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ’, তাহলে প্রশ্ন করতে হয়, জনতার ক্ষোভ কি বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির বিকল্প? আর যদি কোনো শিক্ষককে বয়কট করার সিদ্ধান্ত হয়, তাহলে সেটি কি বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, নাকি কিছু মানুষের সামাজিক ও রাজনৈতিক প্রভাবের ফল?
এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেবল একটি পোস্টারের স্লোগান হয়ে থাকবে।

১১. বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়ার স্বপ্ন থেকে কত দূরে

ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ছিল। ১৯২১ সালে যাত্রা শুরু হয়েছিল মাত্র তিনটি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক নিয়ে। ভাষা আন্দোলন, ১৯৭১, ১৯৯০, সবকিছুর কেন্দ্রে ছিল এই ক্যাম্পাস।
আজ আমরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হতে চাই। র‍্যাংকিংয়ে উঠতে চাই। বিদেশি শিক্ষার্থী আনতে চাই। আন্তর্জাতিক গবেষণা করতে চাই। কিন্তু বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কি শুধু ভবন দিয়ে হয়? না। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয় চিন্তার স্বাধীনতা দিয়ে। হয় শিক্ষকের নিরাপত্তা দিয়ে। হয় ছাত্রের প্রশ্ন করার অধিকার দিয়ে। হয় নৈতিক মান দিয়ে।
একজন বিদেশি গবেষক যখন দেখবেন, এখানে মতের কারণে শিক্ষককে সাসপেন্ড করা হয়, তখন তিনি কি এখানে আসতে চাইবেন? একজন বিদেশি বিশ্ববিদ্যালয় যখন দেখবে, এখানে তদন্তের আগেই শাস্তি হয়, তখন তারা কি যৌথ গবেষণায় আগ্রহ দেখাবে? একজন মেধাবী ছাত্র যখন দেখবে, এখানে শিক্ষকরাই ভয়ে থাকেন, তখন সে কি এখানে থাকতে চাইবে, নাকি বিদেশে চলে যাবে?
আমরা ইতিমধ্যে মেধা পাচারের কথা বলি। কিন্তু মেধা পাচারের আসল কারণ শুধু টাকা নয়। কারণ হলো, মেধা যেখানে নিরাপদ নয়, সেখানে মেধা থাকে না। চিন্তা যেখানে ভয় পায়, সেখানে চিন্তা জন্ম নেয় না।

১২. সবচেয়ে বড় ট্র্যাজেডি: শিক্ষকেরা যখন নিজেরাই অনিশ্চয়তার মধ্যে

এই নাটকের সবচেয়ে বেদনাদায়ক অংশটি অবশ্য ভিউয়ের বাজারে নেই। আছে সেই শিক্ষকের জীবনে, যিনি হয়তো দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে পড়িয়েছেন, গবেষণা করেছেন, শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। কিন্তু হঠাৎ রাজনৈতিক পরিচয়, অতীতের অবস্থান কিংবা কোনো বিতর্কিত অভিযোগের কারণে তাঁর কর্মজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
আছে সেই পরিবারের জীবনে, যাঁরা প্রতিদিন অপেক্ষা করছেন, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? আছে সেই শিক্ষার্থীর মনে, যে বুঝতে পারছে না তার শিক্ষক অপরাধী, নাকি রাজনৈতিক পরিস্থিতির শিকার। আছে সেই তরুণ গবেষকের মনে, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন ভাবছে, এই প্রতিষ্ঠানে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ কি না। আছে সেই শিক্ষকের মনে, যিনি হয়তো কোনো পক্ষের নন; কিন্তু দুই পক্ষের বিরোধের মাঝখানে পড়ে গেছেন।
একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এর চেয়ে বড় সংকট আর কী হতে পারে? শিক্ষক যদি নিরাপদে মত প্রকাশ করতে না পারেন, শিক্ষার্থী যদি প্রশ্ন করতে ভয় পান, গবেষক যদি রাজনৈতিক পরিচয়ের কারণে কাজের স্বাধীনতা হারান, তাহলে সেখানে ভবন থাকবে, বিভাগ থাকবে, ডিগ্রি থাকবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ থাকবে কোথায়?

১৩. বিশ্ববিদ্যালয় কি এখন নাট্যশালা, নাকি ভিউ উৎপাদনের কারখানা?

বিশ্ববিদ্যালয়ের বর্তমান দৃশ্যপটকে এককথায় বর্ণনা করতে হলে বলা যায়, এটি একটি বহুমাত্রিক নাট্যমঞ্চ। এখানে কেউ প্রতিবাদী চরিত্রে, কেউ বিপ্লবী চরিত্রে, কেউ মানবতাবাদী চরিত্রে, কেউ নীতিবাগীশ চরিত্রে, কেউ আবার জনপ্রিয়তার নায়ক-নায়িকা।
কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছেন। কেউ গান গেয়ে দর্শক মাতাচ্ছেন। কেউ নাচছেন। কেউ ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখছেন। কেউ আবার অন্যের বিরুদ্ধে নৈতিকতার সনদ বিতরণ করছেন।
আর দর্শক? শিক্ষার্থীরা! তাঁরা কখনো দর্শক, কখনো ভুক্তভোগী, কখনো প্রতিবাদের অংশ, কখনো আবার এই নাটকের সবচেয়ে অসহায় চরিত্র। অথচ তাঁদের জন্যই বিশ্ববিদ্যালয়।
ক্লাসের সময় ক্লাস হবে, গবেষণার সময় গবেষণা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা হবে, প্রতিবাদের সময় প্রতিবাদ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবকিছু যদি একই সঙ্গে ভিউয়ের জন্য সাজানো হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মূল অনুষ্ঠানটি কোথায় হারিয়ে যায়?

১৪. নেতিবাচকতা থেকে বের হওয়ার সুযোগ কি ফুরিয়ে যাচ্ছে?

আমার সবচেয়ে বড় ভয়টা এখানেই। নেতিবাচকতা একবার চক্রে পরিণত হলে, তা থেকে বের হওয়া খুব কঠিন হয়। আজ এক পক্ষ অন্যকে শাস্তি দিল। কাল অন্য পক্ষ ক্ষমতায় এসে প্রতিশোধ নিল। পরশু আরেক পক্ষ এসে আবার তালিকা করল। এভাবে চলতে চলতে বিশ্ববিদ্যালয় একসময় আর বিশ্ববিদ্যালয় থাকে না। থাকে প্রতিশোধের মাঠ।
আমরা কি সেই দিকে যাচ্ছি না? ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব নিয়োগ খতিয়ে দেখার সিদ্ধান্ত, ৫৮ জনের তালিকা, ২৩১ জনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি, এসব কি ভবিষ্যতের জন্য ভালো বার্তা দিচ্ছে? নাকি বার্তা দিচ্ছে, তুমি আজ যাকে সরালে, কাল তোমাকেও সরানো হবে?
যদি এই চক্র না ভাঙা যায়, তাহলে একসময় আর কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাইবে না। মেধাবীরা ভাববে, ব্যাংকে চাকরি করা নিরাপদ, বিদেশে যাওয়া নিরাপদ, ব্যবসা করা নিরাপদ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা নিরাপদ নয়। তখন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষক আসবে না। আর মেধাবী শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয় টিকে না।
এখনো সময় আছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। নেতিবাচকতা থেকে বের হওয়ার সুযোগ এখনো আছে, তবে তা চিরকাল থাকবে না।

১৫. সত্য বয়ান: ভিউ দিয়ে বিশ্ববিদ্যালয় চলে না, চলে বিবেক ও জ্ঞান দিয়ে

আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে পুরোনো অন্যায়ের বিচার, জবাবদিহি, গণতান্ত্রিক পরিবেশ এবং একাডেমিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ রয়েছে। কিন্তু সেই সুযোগকে যদি নতুন ধরনের প্রতিহিংসা, রাজনৈতিক বাছবিচার, শিক্ষক বয়কট, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার প্রতিযোগিতায় পরিণত করা হয়, তাহলে পরিবর্তনের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে।
যে অন্যায়ের বিরুদ্ধে একদিন প্রতিবাদ করা হয়েছিল, নতুন সময়ে সেই একই অন্যায়ের পুনরাবৃত্তি কোনোভাবেই ন্যায়বিচার হতে পারে না।
আজ যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের নিজেদের অবস্থানও একই নৈতিক মানদণ্ডে যাচাই করার সাহস থাকতে হবে। আজ যাঁরা শিক্ষক বয়কটের বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন উঠলে উত্তর দিতে হবে। আজ যাঁরা মানবাধিকারের কথা বলছেন, তাঁদের মানবিকতার পরীক্ষা দিতে হবে সেই মানুষের পাশে দাঁড়িয়ে, যাঁর সঙ্গে তাঁদের রাজনৈতিক বা মতাদর্শিক মিল নেই।
বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। কোনো শিক্ষকগোষ্ঠীর ব্যক্তিগত মঞ্চ নয়। কোনো ফেসবুক ইনফ্লুয়েন্সারের জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রও নয়। বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক বিবেক।
সেখানে শিক্ষককে বিচার করতে হবে প্রমাণের ভিত্তিতে, শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে যোগ্যতার ভিত্তিতে, আর প্রশাসনকে পরিচালিত হতে হবে আইন ও নীতিমালার ভিত্তিতে।
এজন্য তিনটি কাজ এখনই করতে হবে:
  • প্রথম, তদন্তের আগে শাস্তি বন্ধ করতে হবে। অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দিতে হবে, প্রমাণ দিতে হবে, শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তারপর সিদ্ধান্ত হবে।
  • দ্বিতীয়, তালিকার রাজনীতি বন্ধ করতে হবে। তালিকা দিয়ে বিচার নয়, ব্যক্তির কাজ দিয়ে বিচার করতে হবে। কে কোন প্যানেলের, সেটা বিচারের বিষয় নয়। কে কী করেছে, সেটাই বিচারের বিষয়।
  • তৃতীয়, সুবিধাবাদ আর নাটকীয়তাকে প্রত্যাখ্যান করতে হবে। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হলে সৎ কথা বলতে হবে, ক্যামেরার জন্য নয়, বিবেকের জন্য। সাসপেন্ড শিক্ষকদের কষ্টকে লাইক ভিউয়ের উপাদান বানানো যাবে না।
একজন শিক্ষক গান গাইবেন, গান গাইতেই পারেন। নাচবেন, নাচতেই পারেন। প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকবেন, সেটিও তাঁর অধিকার। কিন্তু এসবের পাশাপাশি তাঁকে শিক্ষকও হতে হবে। তাঁকে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ কোনো ব্যক্তিগত জনপ্রিয়তা প্রদর্শনের মঞ্চ নয়। শিক্ষার্থীরা কোনো দর্শক নয়, যাদের সামনে প্রতিদিন নতুন নাটক মঞ্চস্থ করতে হবে। আর একজন নির্যাতিত বা বিতর্কিত শিক্ষক কোনো ভিউয়ের পণ্য নন, যাঁর দুর্দশা দিয়ে অন্য কেউ নিজের সামাজিক পরিচিতি তৈরি করবেন।
একটি প্রশ্ন তাই থেকেই যায়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষক তৈরি হচ্ছে, নাকি ফেসবুক তারকা? গবেষক তৈরি হচ্ছে, নাকি ভিউ-ব্যবসায়ী? বিবেক তৈরি হচ্ছে, নাকি সুবিধাবাদী জনপ্রিয়তার নতুন প্রজন্ম?
শেষ পর্যন্ত ইতিহাস হয়তো মনে রাখবে না কে কত হাজার লাইক পেয়েছিলেন, কে কতবার লাইভে এসেছিলেন, কে কত সুন্দর করে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছিলেন, কিংবা কার গানের ভিডিও কতবার শেয়ার হয়েছিল।
ইতিহাস মনে রাখবে, বিশ্ববিদ্যালয় যখন সংকটে ছিল, তখন কে জ্ঞানের পক্ষে দাঁড়িয়েছিলেন, কে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, কে ভিন্নমতের শিক্ষকের অধিকার রক্ষা করেছিলেন, আর কে নিজের জনপ্রিয়তার জন্য অন্যের দুর্দশাকে ব্যবহার করেছিলেন। কারণ দিন শেষে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরিচয় তার শিক্ষকদের পোশাক নয়, ফেসবুকের অনুসারী নয়, প্রতিবাদের নাটক নয়। তার পরিচয় তার জ্ঞান, নৈতিকতা, মানবিকতা এবং বিবেক।
বিশ্ববিদ্যালয়কে নাট্যশালা হতে দেওয়া যায়, কিন্তু নাটককেই বিশ্ববিদ্যালয় হতে দেওয়া যায় না। আর ভিউ দিয়ে হয়তো তারকা হওয়া যায়, কিন্তু ভিউ দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিবেক হওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ঘর। আমি এই ঘরকে ভালোবাসি। বলেই এই কঠিন কথাগুলো লিখলাম। আমি চাই, আমার ছাত্ররা আবার নির্ভয়ে প্রশ্ন করুক। আমার সহকর্মীরা আবার নির্ভয়ে পড়ান। বিশ্ববিদ্যালয় আবার বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, ভয়ের ক্যাম্পাস নয়, চিন্তার ক্যাম্পাস।

১৬. দুই যুগের শিক্ষকতা, দুই যুগের অভিজ্ঞতা: কাকের মাংস কাক খায় না, কিন্তু শিক্ষকের মাংস কি শিক্ষকই খায়?

আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবন ও শিক্ষকতা জীবনের প্রায় দুই যুগের অভিজ্ঞতায় অনেক কিছু দেখেছি। শিক্ষকতার আনন্দ দেখেছি, শিক্ষার্থীদের স্বপ্ন দেখেছি, জ্ঞানচর্চার সম্ভাবনা দেখেছি। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর যে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছি, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অভিজ্ঞতা শুধু আমার একার নয়। আমার বিশ্বাস, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকসমাজের একটি বড় অংশের অভিজ্ঞতার সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যাবে।
আমাদের দেশে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে—কাক নাকি কাকের মাংস খায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের দিকে তাকালে মাঝে মাঝে মনে হয়, এই প্রবাদটির একটি নতুন সংস্করণ লেখা প্রয়োজন। কারণ এখানে কখনো কখনো শিক্ষকই শিক্ষকের মাংস খেতে পারেন! শুধু খাওয়াই নয়, কেউ কেউ আবার পরিবেশনকারীর দায়িত্বও পালন করেন। আর যিনি বিপদে পড়েছেন, তাঁর পাশে দাঁড়ানোর বদলে কেউ কেউ পেছন থেকে আরেকটি ধাক্কা দেওয়ার সুযোগ খোঁজেন।
কথাটা শুনতে নির্মম। কিন্তু বাস্তবতার কিছু দৃশ্য এর চেয়েও নির্মম।
আমি বাংলাদেশের সরকারি বিসিএস ক্যাডার সার্ভিসে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, আইএনজিও এবং ইউএনডিপির মতো প্রতিষ্ঠানের কাজের পরিবেশও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিভিন্ন পেশাগত পরিমণ্ডলে একটি বিষয় লক্ষ করেছি—সেখানে অন্তত পেশাগত সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা কিংবা একটি কমিউনিটি ফিলিংস অনেক ক্ষেত্রে কাজ করে।
একজন সহকর্মী বিপদে পড়লে অন্যরা তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কেউ বিপদে পড়লে তাঁকে আরও বিপদে ঠেলে দেওয়াকে পেশাগত সাফল্য মনে করা হয় না। মতপার্থক্য থাকে, প্রতিযোগিতা থাকে, ব্যক্তিগত বিরোধও থাকে; কিন্তু সহকর্মীর বিপর্যয়কে নিজের আনন্দের উপলক্ষ বানানো সর্বজনস্বীকৃত পেশাগত সংস্কৃতি নয়। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের একটি অংশের মধ্যে যে অভিজ্ঞতা হয়েছে, তা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
এখানে একজন শিক্ষক বিপদে পড়লে অন্যজনের প্রথম প্রতিক্রিয়া অনেক সময় এমন:
  • প্রথম প্রশ্ন: ‘ওর সমস্যা হয়েছে? আমার তো হয়নি!’ 
  • দ্বিতীয় প্রশ্ন: ‘ও নিশ্চয়ই কিছু করেছে। না হলে ওর বিপদ হবে কেন?’ এরপরে
  • তৃতীয় পর্যায়ে আসে আত্মতৃপ্তি: ‘ভালোই হয়েছে। এবার বুঝুক!’ আর
  • চতুর্থ পর্যায়ে কেউ কেউ এমনভাবে সক্রিয় হন, যেন বিপদে পড়া সহকর্মীকে উদ্ধার করা নয়, তাঁকে আরও গভীর গর্তে নামিয়ে দেওয়াই তাঁদের পেশাগত দায়িত্ব।
এ যেন বিশ্ববিদ্যালয়ের অঘোষিত নতুন নীতিমালা—‘সহকর্মী বিপদে পড়লে প্রথমে দূরত্ব বজায় রাখুন, তারপর পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে সামান্য ধাক্কা দিন!’
অথচ আজ যে শিক্ষক বিপদে পড়েছেন, কাল সেই একই বিপদ আপনার দরজায়ও আসতে পারে। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে আজকের নিরাপদ মানুষটি আগামীকাল অভিযুক্ত হতে পারেন। বিশ্ববিদ্যালয়ে কারও নিরাপত্তা যদি ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়, গোষ্ঠীগত আনুগত্য কিংবা ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল হয়, তাহলে সেখানে কেউই প্রকৃত অর্থে নিরাপদ নন।

১৭. শিক্ষকসমাজের পাঁচ রং: আদর্শের চেয়ে রং বদলানোর দক্ষতা বেশি!

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের রাজনৈতিক ও আদর্শিক পরিচয়েরও একটি বিচিত্র রংধনু রয়েছে—লাল, নীল, সাদা, হলুদ, কালো। প্রতিটি রঙের নিজস্ব ইতিহাস, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পরিচয় এবং আদর্শিক দাবি রয়েছে। কিন্তু সমস্যা রঙে নয়। সমস্যা হলো, রং ধারণের উদ্দেশ্যে।
একজন শিক্ষক কোনো রাজনৈতিক বা আদর্শিক অবস্থানে বিশ্বাস করতে পারেন। সেটি তাঁর সাংবিধানিক ও নাগরিক অধিকার। কিন্তু যখন আদর্শের চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকার প্রয়োজন বড় হয়ে ওঠে, তখন রঙের অর্থ বদলে যায়। —তখন নীল আর নীল থাকে না, সাদা আর সাদা থাকে না, লালও লাল থাকে না। পরিস্থিতি বুঝে রং বদলানোর এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়।
যাঁরা গতকাল একটি নির্দিষ্ট শিক্ষক ফোরামের সভায় উপস্থিত ছিলেন, যাঁরা বক্তব্য দিয়েছেন, যাঁরা নিজেদের অবস্থানকে অত্যন্ত দৃঢ়ভাবে প্রকাশ করেছেন, তাঁদের কেউ কেউ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন বলয়ে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেন। আগে যাঁদের দেখা যেত নীলের ঘন নীল ছায়ায়, তাঁদের কাউকে এখন সাদার আলোয় কিংবা অন্য কোনো সাংগঠনিক পরিসরে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ নতুন রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে নিজেদের অবস্থান এমনভাবে সমন্বয় করছেন, যেন তাঁরা কোনো দিনই আগের অবস্থানে ছিলেন না।
রাজনৈতিক ইতিহাসের এই রংবদল দেখে মনে হয়, বিশ্ববিদ্যালয়ে এখন আদর্শের পাশাপাশি একটি নতুন বিভাগ খোলা প্রয়োজন—‘পরিস্থিতি অনুযায়ী আদর্শ পরিবর্তন ও আত্মরক্ষামূলক রংতত্ত্ব’, আর সেখানে পাঠ্য হিসেবে থাকতে পারে:
  • প্রথম পাঠ: ‘ক্ষমতা যেদিকে, আদর্শের ছায়া সেদিকে।’
  • দ্বিতীয় পাঠ: ‘গতকালের বক্তব্য আজ মনে না থাকাই রাজনৈতিক পরিপক্বতা।’আর
  •  তৃতীয় পাঠ: ‘পুরোনো ছবি, ভিডিও ও বক্তব্য সম্পর্কে কোনো প্রশ্ন করা হলে বলবেন, সেটি ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট!’
অবশ্যই মনে রাখতে হবে, কোনো শিক্ষক তাঁর মতাদর্শ পরিবর্তন করতে পারেন। রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করাও অপরাধ নয়। মানুষের চিন্তার পরিবর্তন স্বাভাবিক। কিন্তু আদর্শের পরিবর্তন আর সুবিধাবাদী অবস্থান পরিবর্তন এক জিনিস নয়।
এর পার্থক্য বোঝা যায় তাঁর আচরণে, নৈতিকতায় এবং সংকটের সময় তিনি কার পাশে দাঁড়ান, তা দেখে। বিশেষ করে যাঁরা অতীতে একটি আদর্শিক অবস্থানের প্রতিনিধিত্ব করেছেন, তাঁরা যদি নতুন বাস্তবতায় এসে সেই একই আদর্শে বিশ্বাসী সহকর্মীদের বিরুদ্ধে গোপন তৎপরতা, বিভাজন কিংবা প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগের মুখোমুখি হন, তাহলে প্রশ্ন উঠবেই। তবে আদর্শ বদলানোর অধিকার আছে। কিন্তু পুরোনো সহকর্মীর বিরুদ্ধে নতুন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়ার অধিকার কোথায়?

১৮. ডিপার্টমেন্ট অব উচিত শিক্ষা

কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের কিছু সহকর্মীর আদর্শহীনতা, সুবিধাবাদী অবস্থান এবং একাডেমিক মূল্যবোধের বিচ্যুতি দেখে মনে হয়, মানুষ নিজের স্বার্থের প্রয়োজনে কত সহজেই আদর্শের সংজ্ঞা বদলে ফেলতে পারে! অথচ বিশ্ববিদ্যালয় তো কেবল পদ-পদবি, ক্ষমতা কিংবা ব্যক্তিগত সুবিধা অর্জনের জায়গা নয়; এটি জ্ঞান সৃষ্টি, সত্য অনুসন্ধান, নৈতিকতা ও মুক্তবুদ্ধির চর্চার প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে আমার এক প্রিয় সহকর্মীর কথা বিশেষভাবে মনে পড়ে (যিনি সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে পরাপারে পাড়ি জমিয়ে বেচেঁ গেছেন!) তাঁর নামও আমার নামের সঙ্গে মিলে যায়—আর তাঁর সাথে শিক্ষা ও শিক্ষাবিজ্ঞানের নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে যখন আলোচনা হতো, তখন একদিন তিনি বেশ রসিকতার সুরে একটি অভিনব প্রস্তাব নিয়ে আলোচনা করতেন। 
সেই স্বর্গীয় সহকর্মী বলতেন, “আমরা তো শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক। চলেন, আমরা একটা নতুন বিভাগ খোলার চেষ্টা করি। বিভাগের নাম হবে—‘ডিপার্টমেন্ট অব উচিত শিক্ষা’!”
প্রস্তাবটির মধ্যে যে কৌতুক ছিল, তার চেয়েও বড় ছিল এর অন্তর্নিহিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যঙ্গ। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক একাডেমিক আদর্শ, নৈতিক দায়িত্ববোধ ও জ্ঞানচর্চার মৌলিক শর্তগুলো ভুলে গিয়ে ব্যক্তিস্বার্থ, পদ-পদবি কিংবা ক্ষমতার রাজনীতিতে নিজেদের ব্যস্ত রাখেন, তাঁদের জন্য যেন এই বিভাগটি একটি প্রতীকী শিক্ষালয় হয়ে উঠতে পারে—এমনই ছিল স্যারের রসিকতাপূর্ণ ইঙ্গিত।
অবশ্য স্যারের সেই কথার পর আমরা আরও অনেক আলোচনা করেছি। সেই আলোচনার প্রতিটি কথা এখানে তুলে ধরার প্রয়োজন নেই। তবে আজ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা যখন নতুন করে ভাবায়, তখন তাঁর সেই প্রস্তাবটি বারবার মনে পড়ে।
হয়তো সত্যিই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো বিভাগ খোলার প্রয়োজন নেই; বরং প্রয়োজন এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, যেখানে শিক্ষককে তাঁর রাজনৈতিক পরিচয় দিয়ে নয়, জ্ঞান, সততা, নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা দিয়ে মূল্যায়ন করা হবে।
তবু ব্যঙ্গ করে বলতে ইচ্ছে করে—‘ডিপার্টমেন্ট অব উচিত শিক্ষা’ যদি সত্যিই থাকত, তাহলে হয়তো তার প্রথম পাঠ হতো: বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়া যায় নিয়োগের মাধ্যমে, কিন্তু প্রকৃত শিক্ষক হয়ে উঠতে হয় আদর্শ, বিবেক ও দায়িত্ববোধের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।
আসলে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য বিভাগ আছে, পদ-পদবি অর্জনের জন্য প্রশাসন আছে; কিন্তু বিবেক, নৈতিকতা ও একাডেমিক আদর্শের চর্চার জন্য আলাদা কোনো বিভাগ থাকা উচিত নয়—কারণ সেটিই হওয়া উচিত প্রতিটি শিক্ষকের প্রতিদিনের পাঠ।

১৯. সভাকক্ষের নীল, প্রশাসনের নীল, আর সুবিধার সাদা: স্মৃতিভ্রংশের একাডেমিক সংস্করণ!

২০২৪ সালের আগস্টের আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতা আমার চোখের সামনেই ছিল। বিশেষ করে নীল দল কিংবা মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষক ফোরামের বিভিন্ন সভা, আলোচনা ও সাংগঠনিক কার্যক্রমে অনেক শিক্ষককে সক্রিয়ভাবে অংশ নিতে দেখেছি।
আমার পর্যবেক্ষণে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা কিংবা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অনেক ব্যক্তিকেও এসব সভা-সমাবেশে উপস্থিত হতে, বক্তব্য দিতে এবং নিজেদের আদর্শিক অবস্থান প্রকাশ করতে দেখা গেছে।
কেউ কেউ তখন এমন দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরতেন যে মনে হতো, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে নিবেদিতপ্রাণ প্রতিনিধিত্ব বুঝি তাঁদের হাতেই ন্যস্ত।
নীলের মধ্যেও যেন এক বিশেষ ধরনের গাঢ় নীল! কিন্তু ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যপটের কিছু চরিত্রের অবস্থানে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। যাঁদের আগে নীলের সাংগঠনিক পরিসরে দেখা যেত, তাঁদের কাউকে এখন সাদা কিংবা অন্য কোনো শিক্ষক সংগঠনের পরিসরে দেখা যাচ্ছে। কেউ কেউ নতুন বাস্তবতার সঙ্গে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছেন, যেন পুরোনো পরিচয়ের সঙ্গে তাঁদের কোনো সম্পর্কই ছিল না।
এখানে প্রশ্নটি কোনো নির্দিষ্ট রঙের প্রতি আনুগত্যের নয়। প্রশ্নটি নৈতিক ধারাবাহিকতার।
যাঁরা আগে একটি নির্দিষ্ট আদর্শের পক্ষে ছিলেন, তাঁরা আজ সেই আদর্শের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। সেটি তাঁদের অধিকার। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে গিয়ে পুরোনো সহকর্মীদের কোণঠাসা করা, তাঁদের বিরুদ্ধে কথা লাগানো, প্রশাসনিক বা সাংগঠনিক প্রভাব বিস্তারের চেষ্টা করা কিংবা তাঁদের একাডেমিক ও পেশাগত সুযোগ সংকুচিত করার অভিযোগ উঠলে তার জবাবদিহি প্রয়োজন।
কেউ কেউ যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, বরং একেকজন চলমান রাজনৈতিক আবহাওয়াবিদ। বাতাস কোন দিকে বইছে, তা বুঝতে তাঁদের আবহাওয়া অধিদপ্তরের প্রয়োজন হয় না। ক্ষমতার করিডরে একটু কান পাতলেই তাঁরা বুঝে যান, আগামী মৌসুমে কোন রং পরতে হবে! আর যাঁরা আদর্শের প্রশ্নে নিজেদের অবস্থানে অটল থাকার চেষ্টা করেন, তাঁদের জন্য কখনো কখনো তৈরি হয় নতুন প্রতিকূলতা।
এখানে একটি অদ্ভুত সামাজিক চরিত্রও চোখে পড়ে—কুটনিবুড়ি!
এই চরিত্রের কাজ খুবই সূক্ষ্ম। সরাসরি কিছু বলেন না, কিন্তু একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেন। একজনের বক্তব্যে আরেকজনের নাম জুড়ে দেন। একটি সাধারণ মন্তব্যকে সাংগঠনিক ষড়যন্ত্রে রূপান্তর করেন। কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, কখনো আবার অত্যন্ত নিরীহ মুখে।
তাঁদের হাতে কোনো আনুষ্ঠানিক ক্ষমতা না থাকলেও কথার বাজারে তাঁদের প্রভাব বেশ শক্তিশালী।
কেউ কাউকে সরাসরি আক্রমণ না করেও কীভাবে একজন সহকর্মীকে সন্দেহের মধ্যে ফেলা যায়, কীভাবে দুই সহকর্মীর মধ্যে দূরত্ব তৈরি করা যায়, কীভাবে একটি গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানো যায়—এসব বিষয়ে তাঁদের দক্ষতা দেখে মনে হয়, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি ‘কথা লাগানো ও সম্পর্ক ব্যবস্থাপনা’ বিষয়ে আলাদা ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে।
তবে এই ব্যঙ্গের আড়ালে একটি গুরুতর প্রশ্ন রয়েছে:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ যদি নিজেরাই পারস্পরিক অবিশ্বাস, গোপন বিরোধ, সুবিধাবাদ এবং দলীয় বিভাজনের মধ্যে আটকে যায়, তাহলে একাডেমিক নেতৃত্ব দেবে কে?

২০. শিক্ষকসমাজে গোষ্ঠীচেতনা নেই, আছে গোষ্ঠীস্বার্থ?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাজের অন্যতম শিক্ষিত, সচেতন ও বুদ্ধিবৃত্তিক শ্রেণি। তাঁদের কাছ থেকে প্রত্যাশা থাকে যুক্তিবোধ, সহনশীলতা, নৈতিক সাহস, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিকতার।
কিন্তু আমার অভিজ্ঞতায় শিক্ষকসমাজের একটি অংশের মধ্যে এই গুণগুলোর পরিবর্তে কখনো কখনো এমন এক ধরনের গোষ্ঠীগত আচরণ দেখা যায়, যেখানে সহকর্মীর বিপদকে নিজের সমস্যা হিসেবে দেখা হয় না। বরং ভাবা হয়, ‘ও আমার গোষ্ঠীর নয়।’ অথবা, ‘ওর সঙ্গে আমার রাজনৈতিক মতের মিল নেই।’ কিংবা, ‘ওর বিপদে আমি এগিয়ে গেলে আমার নিজের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।’
এখানে গোষ্ঠীচেতনা নেই, আছে গোষ্ঠীস্বার্থ। সহমর্মিতা নেই, আছে সুবিধার হিসাব। পেশাগত সংহতি নেই, আছে রাজনৈতিক হিসাবনিকাশ।
একজন শিক্ষককে যদি শুধু তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে অপমান করা হয়, অন্যায়ভাবে বয়কট করা হয় কিংবা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে প্রশাসনিক শাস্তির মুখোমুখি করা হয়, তাহলে তাঁর পাশে দাঁড়ানো উচিত একজন শিক্ষক হিসেবে, একজন সহকর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে।
তাঁর রাজনৈতিক পরিচয় কী, তিনি কোন রঙের, তিনি অতীতে কাকে সমর্থন করেছেন—এসব প্রশ্নের আগে দেখতে হবে, তাঁর ন্যায্য অধিকার লঙ্ঘিত হচ্ছে কি না। কিন্তু আমাদের এখানে কখনো কখনো ন্যায়বিচারেরও দলীয় পরিচয় নির্ধারিত হয়।
একজন নিজের দলের হলে অন্যায়, অন্য দলের হলে প্রয়োজনীয় ব্যবস্থা। নিজের গোষ্ঠীর হলে মানবাধিকার, অন্য গোষ্ঠীর হলে ঐতিহাসিক দায়!
  • এই মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয় কীভাবে মুক্তবুদ্ধির কেন্দ্র হবে?
  • যে শিক্ষক নিজের সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে পারেন না, তিনি শিক্ষার্থীদের মানবিকতা শেখাবেন কীভাবে?
  • যে শিক্ষক নিজের রাজনৈতিক সুবিধার জন্য সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচার বা বিভাজনে যুক্ত হন, তিনি শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্বের কথা বলবেন কোন মুখে?
  • যে শিক্ষক অন্যের একাডেমিক স্বাধীনতা অস্বীকার করেন, তিনি নিজের একাডেমিক স্বাধীনতার দাবি করবেন কীভাবে?

২০. গবেষণা হবে কখন? একাডেমিক স্বাধীনতা আসবে কোন পথে?

একটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কী?
গবেষণা, পাঠদান, জ্ঞান সৃষ্টি, সমালোচনামূলক চিন্তা, নতুন ধারণার বিকাশ এবং মানবসভ্যতার অগ্রযাত্রায় অবদান রাখা। কিন্তু শিক্ষকরা যদি সারাক্ষণ রাজনৈতিক পরিচয় রক্ষা, গোষ্ঠীগত অবস্থান নির্ধারণ, প্রশাসনিক ক্ষমতার কাছাকাছি থাকার প্রতিযোগিতা, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রচার এবং সহকর্মীর বিরুদ্ধে কৌশলগত অবস্থান তৈরিতে ব্যস্ত থাকেন, তাহলে নিচের প্রশ্নগুলো প্রাসঙ্গিকতা পায়:
  • গবেষণার সময় পাবেন কখন?
  • গবেষণাগারে যাবেন কখন?
  • শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান করবেন কখন?
  • নতুন জ্ঞান সৃষ্টি করবেন কখন?
  • একাডেমিক স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন কীভাবে?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক আস্থা না থাকলে গবেষণার পরিবেশ তৈরি হয় না। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে বুদ্ধিবৃত্তিক বিতর্ক তৈরি হয় না। প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা না থাকলে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না। আর শিক্ষক যদি সব সময় চিন্তা করেন, আজ কোন বক্তব্য দিলে কাল তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠবে, কোন সহকর্মীর সঙ্গে কথা বললে কোন গোষ্ঠী অসন্তুষ্ট হবে, কিংবা কোন সভায় উপস্থিত হলে ভবিষ্যতে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে, তাহলে সেই শিক্ষক স্বাধীনভাবে গবেষণা করবেন কীভাবে?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাজনৈতিক আনুগত্যের সার্টিফিকেট নিয়ে গবেষণাগারে প্রবেশ করতে হলে সেখানে গবেষণার চেয়ে আনুগত্যই বড় হয়ে উঠবে। আর যে বিশ্ববিদ্যালয়ে আনুগত্যের মূল্য জ্ঞানের চেয়ে বেশি, সেখানে প্রাচ্যের অক্সফোর্ড হওয়ার স্বপ্ন দেখাটা অনেকটা পরীক্ষার খাতায় উত্তর না লিখে শুধু কভার পেজ সুন্দর করার মতো।

২১. আমার শেষ মূল্যায়ন: প্রাচ্যের অক্সফোর্ড, নাকি প্রাচ্যের ‘মবকিতুর’ রঙ্গমঞ্চ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাষা আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং অসংখ্য ঐতিহাসিক স্মৃতি। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। —তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট মানে কেবল একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংকট নয়। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা, বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সংকেত।
আমার প্রায় দুই যুগের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে দ্বিধা নেই, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী অভিজ্ঞতাগুলো আমাকে গভীরভাবে হতাশ করেছে। যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, পেশাগত সংহতি এবং বুদ্ধিবৃত্তিক উদারতা শিক্ষকসমাজের মধ্যে প্রত্যাশা করেছিলাম, বাস্তবের কিছু দৃশ্য তার সঙ্গে মেলাতে পারিনি।
অবশ্যই সব শিক্ষক এক রকম নন। এখনো অনেক শিক্ষক আছেন, যাঁরা ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও ন্যায়, সত্য, জ্ঞানচর্চা ও একাডেমিক স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁরাই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সম্পদ। তাঁদের জন্যই এখনো আশা করার জায়গা রয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠান কেবল ভালো মানুষের উপস্থিতিতে টিকে থাকে না; তাকে রক্ষা করার জন্য প্রয়োজন ন্যায়সংগত ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং পারস্পরিক সংহতি।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়টি যেন এক অদ্ভুত নাট্যমঞ্চে পরিণত হয়েছে। এখানে কখনো মবের চাপ, কখনো বয়কটের রাজনীতি, কখনো প্রশাসনিক ক্ষমতার প্রদর্শনী, কখনো আদর্শের রংবদল, কখনো মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, কখনো ফেসবুকের ভিউ সংগ্রহ, কখনো আবার সহকর্মীর বিরুদ্ধে গোপন তৎপরতা।
এই নাটকের কেউ পরিচালক, কেউ প্রযোজক, কেউ অভিনেতা, কেউ সমালোচক, কেউ আবার দর্শকসারিতে বসে হাততালি দিচ্ছেন। শুধু শিক্ষার্থীদের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৃত একাডেমিক কার্যক্রমই যেন মঞ্চের বাইরে অপেক্ষা করছে।
তাই কখনো কখনো মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর প্রাচ্যের অক্সফোর্ডের পরিচয়ে নিজেকে খুঁজে পাচ্ছে না। বরং এটি যেন প্রাচ্যের এক ‘মবকিতুর’ রঙ্গমঞ্চ
—যেখানে জ্ঞানচর্চার চেয়ে মবের প্রভাব, আদর্শের চেয়ে সুবিধাবাদ, সহমর্মিতার চেয়ে গোষ্ঠীস্বার্থ এবং গবেষণার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অভিনয় বেশি দৃশ্যমান হয়ে উঠছে।
আসলে ‘মবকিতুর’ কোনো ভৌগোলিক নাম নয়; এটি আমাদের বিশ্ববিদ্যালয় সংস্কৃতির এক ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি—যেখানে কখনো জনতার নামে, কখনো আদর্শের নামে, কখনো প্রশাসনিক ক্ষমতার নামে ব্যক্তির অধিকার ও প্রাতিষ্ঠানিক নীতিকে কোণঠাসা করা হয়।
আমার আশঙ্কা, এই সংস্কৃতি চলতে থাকলে একদিন বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রে হয়তো লেখা থাকবে—শিক্ষক, গবেষক, অধ্যাপক। কিন্তু বাস্তবে তাঁদের কেউ কেউ ব্যস্ত থাকবেন রাজনৈতিক আবহাওয়া পর্যবেক্ষণে, কেউ থাকবেন ফেসবুকের অ্যালগরিদমের সঙ্গে বন্ধুত্বে, কেউ থাকবেন সহকর্মীর বিরুদ্ধে গোপন প্রচারণায়, আর কেউ থাকবেন নিজের রং ঠিক রাখার মহড়ায়। আর সেই বিশ্ববিদ্যালয়ে নিচের প্রশ্নগুলো প্রতিধ্বনিত হওয়াই স্বাভাবিক:
  • গবেষণা হবে কখন?
  • জ্ঞান সৃষ্টি হবে কখন?
  • মুক্তবুদ্ধির চর্চা হবে কখন? আর সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীরা শিখবে কী?
  • শিখবে কি যুক্তি দিয়ে মতের বিরোধিতা করতে? নাকি শিখবে সংখ্যাগরিষ্ঠের চাপে ভিন্নমতকে চুপ করিয়ে দিতে?
  • শিখবে কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? নাকি শিখবে, অন্যায়টি নিজের গোষ্ঠীর পক্ষে হলে নীরব থাকতে?
  • শিখবে কি সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে? নাকি শিখবে, বিপদে পড়া মানুষটিকে আরও একটু ঠেলে দিলে নিজের অবস্থান শক্ত হয়?
এই প্রশ্নগুলোর উত্তর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি।
আমার শেষ কথা খুব সরল:

শিক্ষক যদি শিক্ষককে সম্মান করতে না শেখেন, তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে সম্মান প্রত্যাশা করবেন কীভাবে? শিক্ষক যদি সহকর্মীর স্বাধীনতা রক্ষা না করেন, তাহলে নিজের স্বাধীনতা রক্ষা করবেন কার কাছে? আর শিক্ষকসমাজ যদি সামান্য ক্ষমতা, পদ-পদবি ও রাজনৈতিক আনুগত্যের জন্য নিজের বিবেক বন্ধক রাখে, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিবেক পাহারা দেবে কে?

কাকের মাংস কাক না খাওয়ার প্রবাদটি হয়তো প্রকৃতির জন্য সত্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজে যদি সহকর্মীর বিপদকে নিজের সুযোগ হিসেবে দেখার সংস্কৃতি চলতে থাকে, তাহলে একদিন এই প্রবাদও নতুন করে লিখতে হবে। আর সেদিন হয়তো অভিধানে নতুন একটি প্রবাদ যুক্ত হবে—

‘কাক কাকের মাংস খায় না; কিন্তু ক্ষমতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কখনো কখনো শিক্ষকের মাংসও খেতে দ্বিধা করেন না!’

আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বড় করে লেখা থাকবে—‘প্রাচ্যের অক্সফোর্ড’। তবে ভেতরে ঢুকলে দেখা যাবে, অক্সফোর্ডের জ্ঞানচর্চা নেই, কিন্তু রঙ্গমঞ্চের আয়োজন আছে; গবেষণার নীরবতা নেই, কিন্তু ভিউয়ের কোলাহল আছে; সহকর্মীর প্রতি সহমর্মিতা নেই, কিন্তু আদর্শের সার্টিফিকেট বিতরণের দোকান আছে।

প্রাচ্যের অক্সফোর্ড হতে হলে আগে বিশ্ববিদ্যালয় হতে হবে। শুধু ভবন, পদবি, ডিগ্রি আর রাজনৈতিক রঙ দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না। বিশ্ববিদ্যালয় হয় জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, ন্যায়বিচার দিয়ে এবং ভিন্নমতকে সম্মান করার সাহস দিয়ে।

নইলে ইতিহাসের কাছে আমাদের পরিচয় একদিন হয়তো এমনই দাঁড়াবে—‘একসময় এখানে বিশ্ববিদ্যালয় ছিল; পরে সেখানে ভিউ, বয়কট, মব আর সুবিধাবাদের এক মহোৎসব বসেছিল।’ আর এই মহোৎসবের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—যাঁদের কাজ ছিল জাতিকে বিবেকবান করে তোলা, তাঁরাই যদি নিজেদের বিবেকের কাছে পরাজিত হন, তাহলে জাতি আলোর পথ খুঁজবে কোথায়?

২২ কত রঙের দুনিয়ায় কিছুই রবে না রে: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রঙের রাজনীতি এবং বিবেকের শেষ ঠিকানা

জ্ঞানের রং কত? আদর্শের রং কত? আর ক্ষমতার বাতাসে মরুভূমির গিরগিটির মতো রং বদলানোর শেষ কোথায়?
ছোটবেলা থেকেই বাংলা সিনেমার একটি গান আমার খুব প্রিয়। গায়ক অমর পালের কন্ঠে একদা ব্যাপক জনপ্রিয় এই গানটির গীতিকার ও সুরকার সত্যজিৎ রায়, আর শুনেছিলাম তারই পরিচালিত একটি বাংলা সিনেমা হীরক রাজার দেশে (১৯৮০):
”কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে ও ভাই,
অর্থ কোন খুঁজে নাহি পাই রে ভাইরে ভাইরে,
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।”
গানটির কথাগুলো তখন হয়তো সেভাবে বুঝিনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে গানটির দর্শন যেন আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখেছি। পৃথিবীর সব রং, সব ক্ষমতা, সব পদ-পদবি, সব অহংকার, সব পরিচয় একদিন মুছে যাবে। শেষ পর্যন্ত থেকে যাবে মানুষের কাজ, তার জ্ঞান, তার নৈতিকতা, তার অবদান এবং তার বিবেকের পরিচয়।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের সাম্প্রতিক কিছু অভিজ্ঞতার দিকে তাকালে মনে হয়, গানটির কথাগুলো যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিশেষভাবে প্রযোজ্য।
এখানে রঙের অভাব নেই। বরং এত রং যে, কখনো কখনো মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জ্ঞানের চেয়ে রং চেনাতেই বেশি পারদর্শী হয়ে উঠেছেন!
লাল, নীল, সাদা, হলুদ, কালো—কত রং! প্রতিটি রঙের আবার নিজস্ব ইতিহাস, নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব রাজনৈতিক দর্শন এবং নিজস্ব ক্ষমতাকেন্দ্র রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রকৃত পরিচয় কি তাঁর গবেষণা, তাঁর জ্ঞান, তাঁর চিন্তাশক্তি, তাঁর শিক্ষাদান, তাঁর একাডেমিক অবদান এবং তাঁর নৈতিক অবস্থান দিয়ে নির্ধারিত হবে, নাকি তিনি কোন রঙের ছাতার নিচে দাঁড়িয়ে আছেন, সেটি দিয়ে?
দেশের বাইরে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, পড়াশোনা করার এবং আন্তর্জাতিক একাডেমিক পরিবেশ প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। সেখানে বিভিন্ন দেশের শিক্ষকদের মধ্যে একটি সাধারণ পেশাগত বৈশিষ্ট্য লক্ষ করেছি। তাঁদের জ্ঞানের পরিধি আলাদা, গবেষণার ক্ষেত্র আলাদা, চিন্তার ধরন আলাদা, দার্শনিক অবস্থান আলাদা। কেউ বিজ্ঞানের গবেষক, কেউ সমাজবিজ্ঞানী, কেউ মানবিক বিদ্যার শিক্ষক, কেউ প্রযুক্তিবিদ। তাঁদের বুদ্ধিবৃত্তিক বৈচিত্র্যই তাঁদের শক্তি।
কিন্তু তাঁদের একটি অভিন্ন পেশাগত পরিচয় রয়েছে—তাঁরা শিক্ষক, গবেষক এবং জ্ঞানচর্চার মানুষ। অর্থাৎ তাঁদের বৈচিত্র্য জ্ঞানে, গবেষণায়, চিন্তায় ও সৃষ্টিতে; কিন্তু পেশাগত নৈতিকতার জায়গায় একটি সাধারণ ভিত্তি রয়েছে।
আমাদের এখানে কখনো কখনো দৃশ্যটি উল্টো মনে হয়। জ্ঞান ও গবেষণায় যে বৈচিত্র্য থাকার কথা, পেশাগত পরিচয় ও আনুগত্যের জায়গায় সেখানে রঙের বৈচিত্র্য অনেক বেশি দৃশ্যমান!
একজন শিক্ষক সকালে এক রঙের, বিকেলে আরেক রঙের, পরিস্থিতি বুঝে সন্ধ্যায় তৃতীয় রঙের। রাজনৈতিক আবহাওয়া একটু পরিবর্তিত হলেই আদর্শের থার্মোমিটার নতুন তাপমাত্রা দেখাতে শুরু করে।
মরুভূমির গিরগিটিও হয়তো এত দ্রুত রং পরিবর্তন করে না! অবশ্য গিরগিটি প্রকৃতির প্রয়োজনে রং পরিবর্তন করে আত্মরক্ষার জন্য। কিন্তু একজন শিক্ষক যদি নিজের পেশাগত নিরাপত্তা, প্রশাসনিক পদ, রাজনৈতিক যোগাযোগ কিংবা ব্যক্তিগত সুবিধার জন্য আদর্শ পরিবর্তন করতে থাকেন, তাহলে তাঁকে কোন জীববৈজ্ঞানিক শ্রেণিতে ফেলব, সেটি জীববিজ্ঞানীদের গবেষণার বিষয় হতে পারে!
তবে এখানে আমার বক্তব্য কোনো শিক্ষকের রাজনৈতিক মত পরিবর্তনের অধিকার অস্বীকার করা নয়। মানুষ নিজের চিন্তা পরিবর্তন করতে পারেন, রাজনৈতিক বিশ্বাস পুনর্বিবেচনা করতে পারেন। কিন্তু যে পরিবর্তনের পেছনে যুক্তি, বিবেক ও বুদ্ধিবৃত্তিক উপলব্ধি নেই, আছে কেবল ক্ষমতার নৈকট্য অর্জনের হিসাব, সেটি আদর্শের বিবর্তন নয়; সেটি সুবিধার আবহাওয়ায় অবস্থান পরিবর্তন।
আর এই রং পরিবর্তনের বা আদর্শ পরিবর্তন কেনো করতে হয় একজন আদরের্শর ফেরিওয়ালাকে, সেটাই আমার ক্ষুদ্র বিবেকের কাছে বিস্ময়! এটা কি কিচু সুবিধা প্রাপ্তি, অবৈধ অর্থ বিত্ত ভৈবের মালিক বনে যাওয়া, অপরের উপর ছড়ি ঘুরানো নাকি ক্ষমতা পাওয়া। আগেও বুঝতাম না, এখনো বুঝি না, কিসের নেশায় কেমন করে মরছে যে বিবেক (বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের) বারে বারে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। আর তারা মনে হয় আমার মতো গুরুর গানটি শুনে নাই!
আসলে আমি ছোটবেলা যার আমি ভক্ত হই বাবার মুখে মুক্তিযুদ্ধে তার সাহসিকতার গল্প শুনে। সেই গুরু আজম খানের সেই গানটি তাহলে একটু মনে করিয়ে দিতে চাই:
এতো সুন্দর দুনিয়ায়
কিছুই রবে না গো
হে আল্লাহ হে আল্লাহ রে।
...
দুদিনের খেলাঘর
সব যাবে ভেঙ্গে চুরে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
তখন এই গানের অন্তর্নিহিত অর্থ হয়তো তেমন গভীরভাবে অনুধাবন করিতে পারি নাই। কিন্তু ২০২৪-পরবর্তী বাংলাদেশের বাস্তবতায় গানটির কথাগুলি যেন এক নতুন তাৎপর্যে আমার মনোজগতে প্রতিনিয়ত ঘুরপাক খাইতেছে। ভাবনাগুলি আর নিজের মধ্যে আটকে রাখিতে না পারিয়া আজ লিখিয়াই ফেলিলাম।
আসলে, আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনের সেইসব সুবিধাবাদী শিক্ষক—যাঁহারা আদর্শ, অবস্থান ও নীতিনিষ্ঠাকে ক্ষণে ক্ষণে ক্ষমতা ও সুযোগ-সুবিধার পালাবদলের সঙ্গে বদলাইয়া লইতে দ্বিধা করেন না—তাঁহারা কি একবারও ভাবেন না, পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নহে? ক্ষমতার পালাবদল অবশ্যম্ভাবী; আজ যিনি ক্ষমতার শিখরে, কাল তাঁহারও পতন ঘটিতে পারে। এই আল্লাহর দুনিয়ায় কেহই চিরকাল থাকিবেন না, কেহই নহেন ক্ষমতার স্থায়ী অধিকারী।
একদিন হজরত ইসরাফিল (আ.)-এর শিঙ্গায় ফুঁৎকার ধ্বনিত হইবে; পৃথিবীর অবসান ঘটিবে, আসিবে মহাপ্রলয়। অতঃপর হইবে শেষ বিচার—সেদিন ক্ষমতার দম্ভ, সুবিধাবাদের কৌশল কিংবা লোকদেখানো আদর্শের কোনো আড়ালই থাকিবে না; প্রত্যেককে নিজ নিজ কর্মের হিসাব দিতে হইবে।
কিন্তু আমরা কেন এত সহজে এই চিরন্তন সত্য বিস্মৃত হই? কেন ক্ষমতার ক্ষণস্থায়িত্ব ভুলিয়া বিবেককে বিসর্জন দিই? কেন আদর্শের পরিবর্তে সুবিধাকে, নীতির পরিবর্তে আনুগত্যকে এবং সত্যের পরিবর্তে তোষামোদকে বরণ করিয়া লই?
আমার এই লেখার মূল সুর সেই প্রশ্নেই—বিবেকের বাদ্য কেন নীরব, আর বিবেকবান মানুষেরাই বা কখনো কখনো বিবেকহীনতার অভিনয়ে কেন মত্ত হন?
২৩. আমার একটি ‘ভুল’: শিক্ষক প্রশিক্ষণের স্বপ্ন দেখেছিলাম!                                                              
এই লেখার সঙ্গে আমার ব্যক্তিগত একটি পেশাগত অভিজ্ঞতাও জড়িয়ে আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রবর্তিত Foundation Certificate for University Teaching and Learning (FCUTL) মডিউলটির মূল ধারণা ও কনসেপ্ট উন্নয়নের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এই কর্মসূচির নামকরণেও আমার ভূমিকা ছিল। শিক্ষকতার পেশাগত দক্ষতা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠদান, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা এবং একাডেমিক উৎকর্ষের বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য থেকেই এই উদ্যোগের ধারণা তৈরি হয়েছিল।
সেই সময়ের আমার পেশ করা প্রাথমিক পরিকল্পনানুযায়ী মাননীয় উপাচার্যের উদ্যোগে প্রশিক্ষণের প্রথম ব্যাচটি ঢাকার বাইরে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি—বার্ডে আবাসিক ব্যবস্থায় আয়োজন করার সুযোগ হয়েছিল। সেই প্রশিক্ষণ আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বহু শিক্ষককে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করেছি, তাঁদের অভিজ্ঞতা শুনেছি, তাঁদের একাডেমিক সক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছি।
আমার উপলব্ধি হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক মেধাবী, প্রতিভাবান ও জ্ঞানসম্পন্ন শিক্ষক রয়েছেন, যাঁদের সম্ভাবনা বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তুলনীয়। তাঁদের অনেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, উন্নত গবেষণার পরিবেশ প্রত্যক্ষ করেছেন। আর তাঁদের মেধা আছে। জ্ঞান আছে। অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক পরিসরে কাজ করার যোগ্যতাও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্ভাবনার কতটুকু আমরা কাজে লাগাতে পারছি?
অনেকের ক্ষেত্রেই একটি দুঃখজনক প্রবণতা চোখে পড়ে। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশে ফিরে প্রথম দিকে গবেষণার আগ্রহ থাকে। কিছুদিন গবেষণা করেন, প্রকাশনা তৈরি করেন, একাডেমিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তারপর ধীরে ধীরে গবেষণার টেবিলের চেয়ে প্রশাসনিক করিডর আকর্ষণীয় হয়ে ওঠে।
অধ্যাপক হওয়ার পর অনেকের গবেষণার গতি কমে যায়। কেউ কেউ গবেষণা ও জ্ঞান সৃষ্টির পরিবর্তে সাংগঠনিক পরিচয়, প্রশাসনিক পদ, রাজনৈতিক যোগাযোগ এবং ক্ষমতার কাছাকাছি থাকার প্রতিযোগিতায় বেশি মনোযোগী হয়ে পড়েন।
অবশ্য এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক শিক্ষক সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠার সঙ্গে গবেষণা করে যাচ্ছেন। তাঁদের অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু যে প্রশ্নটি এড়িয়ে যাওয়া যায় না, তা হলো—একজন শিক্ষক যখন গবেষণার মাধ্যমে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারছেন না, তখন তাঁর পেশাগত পরিচয়ের বিকল্প কী হয়ে উঠছে?
কখনো রাজনৈতিক আনুগত্য, কখনো প্রশাসনিক যোগাযোগ, কখনো সংগঠনের পদ, কখনো ক্ষমতাবানদের সন্তুষ্ট রাখার কৌশল। এ যেন গবেষণার বিকল্প হিসেবে নতুন একটি একাডেমিক সূত্র আবিষ্কৃত হয়েছে:
গবেষণা + প্রকাশনা + জ্ঞান সৃষ্টি = একাডেমিক উৎকর্ষ।
কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে যেন সূত্রটি দাঁড়িয়েছে:

রাজনৈতিক যোগাযোগ + আনুগত্য + তেল দেওয়ার দক্ষতা = প্রশাসনিক সম্ভাবনা!

অবশ্য এটি কোনো স্বীকৃত একাডেমিক সমীকরণ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্য দেখে ব্যঙ্গাত্মকভাবে এমন সমীকরণ লিখতে ইচ্ছা করে।

২৪. মেধার মূল্য কম, আনুগত্যের বাজার বেশি?

এখানে আরেকটি কাঠামোগত বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন, আর্থিক সুবিধা, গবেষণা অনুদান, গবেষণাগারের সুযোগ, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, গবেষণা ছুটি এবং সামগ্রিক পেশাগত প্রণোদনার সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করলে বড় ধরনের ব্যবধান দেখা যায়।
একজন মেধাবী শিক্ষক যদি তাঁর পেশাগত জীবনে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ, সময়, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং স্বীকৃতি না পান, তাহলে তাঁর গবেষণার আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
এটি শুধু ব্যক্তিগত দুর্বলতা নয়; এটি প্রাতিষ্ঠানিক নীতিরও প্রশ্ন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার তুলনায় প্রশাসনিক পদ-পদবি অনেক সময় বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কেন? একজন গবেষক যত বেশি আন্তর্জাতিক মানের প্রকাশনা তৈরি করবেন, তাঁর পেশাগত উন্নতি ও স্বীকৃতি কি ততটাই নিশ্চিত হবে? গবেষণার চেয়ে প্রশাসনিক আনুগত্যের মাধ্যমে যদি দ্রুত প্রভাব, পদমর্যাদা কিংবা সুযোগ অর্জন করা যায়, তাহলে মেধাবী শিক্ষকেরা কোন পথে যাবেন?
একজন শিক্ষক যদি দেখেন, গবেষণার জন্য বছরের পর বছর পরিশ্রম করেও প্রয়োজনীয় স্বীকৃতি পাওয়া যাচ্ছে না, অথচ ক্ষমতাবানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রশাসনিক দায়িত্ব পাওয়ার সুযোগ বেশি, তাহলে সেই ব্যবস্থাটি নিজের অজান্তেই গবেষণাবিমুখ সংস্কৃতি তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয় শিক্ষক রাজনীতির ক্ষমতাকেন্দ্রিক চরিত্র।
তখন শিক্ষক সংগঠন আর পেশাগত অধিকার, একাডেমিক স্বাধীনতা ও গবেষণার পরিবেশ রক্ষার জায়গা থাকে না; কখনো কখনো তা প্রশাসনিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় পরিণত হয়। কেউ উপাচার্যের কাছাকাছি থাকতে চান, কেউ ডিন হতে চান, কেউ প্রভোস্ট, কেউ পরিচালক, কেউ সিন্ডিকেট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে যেতে চান। এসব পদে দায়িত্ব পালন করার মধ্যে কোনো অন্যায় নেই। বরং যোগ্য শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, সেটিই প্রত্যাশিত। কিন্তু যখন পদ-পদবির জন্য রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত যোগাযোগ এবং তোষামোদ যোগ্যতার বিকল্প হয়ে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কৃতিই প্রশ্নবিদ্ধ হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভাগীয় চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকের কাছে একটি মৌলিক প্রশ্ন থাকা উচিত: আপনি কাকে বেশি মূল্যায়ন করবেন—যিনি গবেষণায় অবদান রাখছেন, নাকি যিনি আপনার রাজনৈতিক ও ব্যক্তিগত আনুগত্য নিশ্চিত করছেন?
যদি দ্বিতীয়জন এগিয়ে থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

২৫. শিক্ষক প্রশিক্ষণে এবার নৈতিকতার পাঠ বাধ্যতামূলক হোক

আমার কাছে এখন সবচেয়ে জরুরি মনে হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণকে নতুনভাবে সাজানো। শুধু কীভাবে ভালো লেকচার দিতে হয়, কীভাবে ক্লাস পরিচালনা করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হয় কিংবা কীভাবে গবেষণা প্রবন্ধ লিখতে হয়—এসব শেখালেই একজন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক তৈরি হয় না।
একজন শিক্ষককে একই সঙ্গে নৈতিক মানুষ, দায়িত্বশীল পেশাজীবী, মুক্তবুদ্ধির চর্চাকারী এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের ধারক হতে হয়। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণে নিম্নলিখিত বিষয়গুলো বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন:
  • ১. Professional Ethics and Academic Integrity: শিক্ষকতার পেশাগত নৈতিকতা, সততা, দায়িত্বশীলতা, স্বার্থের সংঘাত এবং একাডেমিক জবাবদিহি।
  • ২. Moral Values and Ethical Leadership: নৈতিক মূল্যবোধ, বিবেকনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্বের সততা এবং ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ।
  • ৩. Academic Freedom and Freedom of Expression: মতপ্রকাশের স্বাধীনতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, গবেষণার স্বাধীনতা এবং রাজনৈতিক চাপমুক্ত একাডেমিক পরিবেশ।
  • ৪. Collegiality and Professional Solidarity: সহকর্মীর প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংহতি এবং সংকটের সময় মানবিক সহমর্মিতা।
  • ৫. Conflict Resolution and Dialogue: মতপার্থক্য নিরসন, সংলাপ, মধ্যস্থতা, সহনশীলতা এবং অহিংস বিরোধ ব্যবস্থাপনা।
  • ৬. Democratic University Governance: বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার।
  • ৭. Research Culture and Academic Productivity: গবেষণার ধারাবাহিকতা, আন্তর্জাতিক প্রকাশনা, গবেষণা অনুদান, আন্তঃবিষয়ক গবেষণা এবং জ্ঞান সৃষ্টির পরিবেশ।
  • ৮. Digital Citizenship and Social Media Ethics: সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, ব্যক্তিগত আক্রমণ পরিহার, তথ্য যাচাই এবং ডিজিটাল হয়রানি প্রতিরোধ।
  • ৯. Psychosocial Well-being and Workplace Dignity: শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, কর্মক্ষেত্রের মর্যাদা, হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ একাডেমিক পরিবেশ।
  • ১০. Professional Identity and Institutional Loyalty: কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা ক্ষমতাকেন্দ্রের প্রতি অন্ধ আনুগত্য নয়; বরং সংবিধান, আইন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, একাডেমিক স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতি দায়িত্বশীল অঙ্গীকার।
এ প্রশিক্ষণ শুধু নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য নয়; বিদ্যমান শিক্ষকদের জন্যও ধারাবাহিক পেশাগত উন্নয়ন কর্মসূচি হিসেবে চালু করা প্রয়োজন। কারণ অধ্যাপক হলেই নৈতিক নেতৃত্বের নিশ্চয়তা তৈরি হয় না। ডিগ্রি বাড়লেই সহমর্মিতা বাড়ে না। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদ থাকলেই পেশাগত মূল্যবোধ স্বয়ংক্রিয়ভাবে অর্জিত হয় না। আসলে শিক্ষককে সারাজীবন শিখতে হয়—নিজের বিষয়, নিজের পেশা এবং নিজের বিবেক সম্পর্কে।

২৬. রাষ্ট্রকে শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ তৈরি করতে হবে

শুধু শিক্ষকদের নৈতিকতার ক্লাস করালেই হবে না। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে। একজন শিক্ষককে যদি ন্যায্য বেতন, গবেষণার অর্থ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত মর্যাদা দেওয়া না হয়, তাহলে তাঁর কাছ থেকে বিশ্বমানের অবদান প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।
শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। গবেষণা অনুদান বাড়াতে হবে। গবেষণার জন্য পর্যাপ্ত সময় ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা ও প্রকাশনার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক দায়িত্ব প্রদান এবং গবেষণা মূল্যায়নে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত আনুগত্যের জায়গা বন্ধ করতে হবে।
উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিভাগীয় নেতৃত্ব—সব ক্ষেত্রেই স্বচ্ছ, যোগ্যতাভিত্তিক ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।
যিনি ভালো গবেষণা করেন, যিনি ভালো পড়ান, যিনি নতুন জ্ঞান সৃষ্টি করেন, যিনি শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করেন এবং যিনি একাডেমিক স্বাধীনতা রক্ষা করেন—তাঁকেই পেশাগতভাবে মূল্যায়ন করতে হবে।
কোনো শিক্ষক কোন রাজনৈতিক দলের সমর্থক, কার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, কোন গোষ্ঠীর সঙ্গে তাঁর সাংগঠনিক যোগাযোগ—এসব যেন একাডেমিক মূল্যায়নের নির্ধারক না হয়।
রাষ্ট্রকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষকরা রাজনৈতিক আনুগত্যের প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিজেদের জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে পরিচিত হতে পারবেন।
শিক্ষকরা যেন কোনো রাজনৈতিক ক্ষমতাকেন্দ্রের ছায়া খুঁজতে বাধ্য না হন। তাঁদের মাথা যেন জ্ঞানের শক্তিতে উঁচু থাকে, কোনো ব্যক্তির অনুগ্রহে নয়।

২৭. শেষ উপলব্ধি: শিক্ষক হবেন জ্ঞানের মানুষ, ক্ষমতার আবহাওয়াবিদ নন

আমি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন একটি শিক্ষকসমাজ গড়ে উঠুক:
  • যেখানে শিক্ষকরা নিজেদের পরিচয় দেবেন তাঁদের জ্ঞান, গবেষণা, চিন্তা, নৈতিকতা এবং অবদানের মাধ্যমে।
  • যেখানে একজন শিক্ষক অন্যজনের রাজনৈতিক মতের সঙ্গে একমত না হলেও তাঁর পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা করবেন।
  • যেখানে একজন শিক্ষক বিপদে পড়লে অন্য শিক্ষক তাঁকে আরও বিপদে ঠেলে দেবেন না; বরং ন্যায়বিচার ও মানবিকতার প্রশ্নে পাশে দাঁড়াবেন।
  • যেখানে শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক আনুগত্যের কেন্দ্র না হয়ে একাডেমিক স্বাধীনতা, পেশাগত অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষের প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
  • যেখানে একজন অধ্যাপক তাঁর গবেষণার জন্য পরিচিত হবেন, ফেসবুকের ভিউয়ের জন্য নয়; একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধার পাত্র হবেন, রাজনৈতিক যোগাযোগের কারণে নয়।
আমি চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একদিন আবার নিজেদের প্রকৃত পেশাগত পরিচয় ফিরে পান—একটি জ্ঞানভিত্তিক, নৈতিক, মুক্তবুদ্ধিসম্পন্ন ও পারস্পরিক সহযোগিতার কমিউনিটি হিসেবে। সেখানে লাল, নীল, সাদা, হলুদ কিংবা অন্য কোনো রং ধারণ করা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে; কিন্তু পেশাগত পরিচয়ের রং হবে একটাই—জ্ঞান, নৈতিকতা ও একাডেমিক স্বাধীনতা।
আর শিক্ষকরা যেন মরুভূমির গিরগিটির মতো ক্ষমতার বাতাসে রং পরিবর্তন না করে, বরং ঝড়ের মধ্যেও নিজেদের আদর্শিক অবস্থান মাথা উঁচু করে ধরে রাখতে পারেন। কারণ রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী। প্রশাসনিক পদ সাময়িক। সংগঠনের পরিচয় পরিবর্তনশীল। ফেসবুকের ভিউ আরও ক্ষণস্থায়ী। আজ যিনি জনপ্রিয়, কাল তিনি আলোচনার বাইরে। আজ যিনি ক্ষমতাবান, কাল তাঁর জায়গায় অন্য কেউ। কিন্তু একজন শিক্ষকের জ্ঞান, গবেষণা, শিক্ষার্থীদের জীবনে তাঁর অবদান এবং তাঁর নৈতিক অবস্থান—এসবই তাঁকে ইতিহাসে বাঁচিয়ে রাখতে পারে।
তাই ছোটবেলার সেই গানটির কথায় আবার ফিরে যেতে ইচ্ছা করে—‘কত রঙের দুনিয়ায় কিছুই রবে না রে…’
সত্যিই তো, এত রং নিয়ে শেষ পর্যন্ত কী হবে?
লাল, নীল, সাদা, হলুদ—সব রং একদিন ফিকে হয়ে যাবে। ক্ষমতার চেয়ার অন্য কারও হবে। আজকের প্রশাসক কাল সাবেক হবেন। আজকের জনপ্রিয় বক্তা কাল হয়তো কেউ মনে রাখবেন না। আজকের ভিউয়ের সংখ্যা আগামী দিনের ইতিহাসে কোনো মূল্যই পাবে না। কিন্তু একজন শিক্ষক যদি একটি প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষিত করতে পারেন, একটি নতুন জ্ঞান সৃষ্টি করতে পারেন, একজন শিক্ষার্থীর চিন্তার জগৎ বদলে দিতে পারেন, কিংবা অন্যায়ের সামনে নিজের বিবেককে বিক্রি না করে দাঁড়িয়ে থাকতে পারেন—তাহলে সেটিই হবে তাঁর সবচেয়ে বড় অর্জন।
আমার এই দীর্ঘ ফিচারটি কোনো ব্যক্তিগত প্রতিশোধের দলিল নয়, কোনো রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগপত্রও নয়। এটি আমার প্রায় দুই যুগের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, আগস্ট ২০২৪-পরবর্তী নির্মম বাস্তবতার মুখোমুখি হয়ে একজন অধ্যাপক, শিক্ষা-বিজ্ঞানের গবেষক এবং পেডাগজিক্যাল বিশেষজ্ঞ হিসেবে অর্জিত উপলব্ধির প্রকাশ।
আমি চাই, ভবিষ্যতে এই অভিজ্ঞতাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশাগত সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, নৈতিকতা শিক্ষা এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের কাজে ব্যবহার করা হোক। আমার সমালোচনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং যে প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি, তাকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রশ্নগুলো তোলা।

আমার চাওয়া খুব বেশি কিছু নয়—শিক্ষকরা শিক্ষক হয়ে উঠুন। রাজনীতির দালাল, ক্ষমতার আবহাওয়াবিদ, ফেসবুকের ভিউ-শিকারি কিংবা সহকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কারিগর নয়।

বিশ্ববিদ্যালয়ে যেন আবার গবেষণার প্রতিযোগিতা হয়, জ্ঞান সৃষ্টির প্রতিযোগিতা হয়, শিক্ষার্থীদের ভালো মানুষ করে গড়ে তোলার প্রতিযোগিতা হয়। শিক্ষকরা যেন একে অন্যকে নিচে নামিয়ে নয়, বরং একে অন্যকে ওপরে তুলে নিজেদের উচ্চতা প্রমাণ করেন। আর রাষ্ট্র যেন এমন ব্যবস্থা তৈরি করে, যেখানে একজন শিক্ষক তাঁর মেধা, প্রজ্ঞা, সততা ও গবেষণার শক্তিতে মাথা উঁচু করে বাঁচতে পারেন। কারণ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রঙিন শিক্ষক নয়; প্রয়োজন আলোকিত শিক্ষক।
কত রঙের দুনিয়ায় কিছুই রবে না রে—রয়ে যাবে শুধু জ্ঞানের আলো, বিবেকের শক্তি আর মানুষের জন্য রেখে যাওয়া অবদান। আর যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সামান্য সত্যটুকু উপলব্ধি করতে পারেন, তাহলেই হয়তো একদিন প্রাচ্যের অক্সফোর্ড আবার তার হারানো মর্যাদার পথে ফিরতে পারবে। নইলে রং বদলানোর প্রতিযোগিতায় আমরা হয়তো একদিন সব রংই হারিয়ে ফেলব—শুধু বিশ্ববিদ্যালয়ের নামফলকটি রেখে।

শেষ প্রত্যাশা: মবের রঙ্গমঞ্চ থেকে আবারও প্রাচ্যের অক্সফোর্ড

বাংলাদেশে শিক্ষা বিজ্ঞানে স্নাতক (সম্মান) পর্যায়ে অধ্যয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং শিক্ষা ও শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন স্তরে শিক্ষকতা, পেশাগত দায়িত্ব পালন, পরামর্শক হিসেবে কাজ, গবেষণা প্রকল্প পরিচালনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার আলোকে এই দীর্ঘ ফিচারের শেষ প্রান্তে এসে আমার একটি ব্যক্তিগত প্রত্যাশার কথা বলতে চাই।
আমি জানি, আমি খুব বড় কেউ নই। আমার সামর্থ্য সীমিত, অবস্থানও হয়তো খুব ক্ষুদ্র। কিন্তু ক্ষুদ্র মানুষের প্রত্যাশাও কখনো কখনো বৃহৎ কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে পারে। সেই ক্ষুদ্র প্রত্যাশা থেকেই আমার আহ্বান—Make the University of Dhaka Great Again.
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মবের রঙ্গমঞ্চ, রাজনৈতিক আনুগত্যের প্রতিযোগিতাক্ষেত্র কিংবা শিক্ষক-শিক্ষকের বিরুদ্ধে প্রতিহিংসার মঞ্চ হিসেবে নয়, আবারও জ্ঞানচর্চা, গবেষণা, মুক্তবুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এটি কোনো একক ব্যক্তির দায়িত্ব নয়; কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের শিক্ষকদেরও একার কাজ নয়। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, বিভাগ, অনুষদ, প্রশাসন, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত উদ্যোগেই এ পুনর্জাগরণ সম্ভব।
আমাদের মনে রাখতে হবে, মতের বৈচিত্র্য বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা নয়—এটাই তার প্রাণশক্তি। একজন শিক্ষক নীল, সাদা, লাল, হলুদ কিংবা অন্য কোনো রাজনৈতিক বা আদর্শিক অবস্থানের হতে পারেন। তাঁর চিন্তা, দর্শন ও রাজনৈতিক মতাদর্শ অন্য সহকর্মীর সঙ্গে না-ও মিলতে পারে।
কিন্তু পেশাগত পরিচয়ে তাঁরা সবাই শিক্ষক। এই পরিচয়ের ভিত্তিতে পারস্পরিক সম্মান, সহনশীলতা, নৈতিকতা ও পেশাগত সংহতি গড়ে উঠতে হবে। মতের পার্থক্য থাকবে, বিতর্ক থাকবে, যুক্তির সংঘাত থাকবে; কিন্তু হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, চরিত্রহনন কিংবা সহকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো জায়গা থাকতে পারে না।
শিক্ষক রাজনীতির নামে ক্ষমতার দখল, পদ-পদবি লাভের প্রতিযোগিতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অনুসন্ধান এবং সামান্য ব্যক্তিগত সুবিধার জন্য আদর্শ বিসর্জনের সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। শিক্ষক রাজনীতি যদি জ্ঞান, শিক্ষা, গবেষণা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষায় ভূমিকা না রাখে, তাহলে সেই রাজনীতির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় কোনো রাজনৈতিক আনুগত্যের সনদ নয়; এটি একটি বুদ্ধিবৃত্তিক ও নৈতিক দায়িত্ব।
আমাদের আরও বেশি সময় দিতে হবে জ্ঞান সৃষ্টি, জ্ঞান সৃজন, গবেষণা, উদ্ভাবন, পাঠদান এবং সমাজের প্রয়োজনীয় সমস্যার বুদ্ধিবৃত্তিক সমাধানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাষ্ট্রের আমলা নন, ক্ষমতার প্রতিযোগিতায় অংশ নেওয়া রাজনৈতিক কর্মীও নন। আমরা মূলত শিক্ষক, গবেষক, জ্ঞানচর্চাকারী ও বুদ্ধিবৃত্তিক পথনির্দেশক। রাষ্ট্র ও সমাজের নীতি, প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা প্রশ্ন তুলব, বিশ্লেষণ করব, গবেষণা করব এবং যুক্তিনির্ভর পরামর্শ দেব। সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজন স্বাধীন চিন্তা, নিরপেক্ষতা, পেশাগত সততা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা।
এখানে একটি প্রশ্ন আমাদের নিজেদেরই করা উচিত—দেশ আমাকে কী দিয়েছে, শুধু সেই হিসাব করব, নাকি দেশকে আমি কী দিতে পেরেছি, সেই প্রশ্নেরও মুখোমুখি হব?
একজন শিক্ষকের কাছে দ্বিতীয় প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ন্যায্য বেতন, সম্মান, গবেষণার সুযোগ, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত মর্যাদা দাবি করা অবশ্যই ন্যায়সংগত। কিন্তু একই সঙ্গে আমাদেরও ভাবতে হবে, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, সমাজ এবং দেশের জন্য আমরা কী জ্ঞান সৃষ্টি করছি, কী মূল্যবোধ রেখে যাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী অবদান তৈরি করছি। অধিকার ও দায়িত্ব পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং একটি সুস্থ পেশাগত সমাজে তারা পরস্পরের পরিপূরক।
আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজে এখনও অসাধারণ মেধা, জ্ঞান, অভিজ্ঞতা, গবেষণার সম্ভাবনা এবং দেশকে এগিয়ে নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এই সক্ষমতাকে রাজনৈতিক বিভাজন, ব্যক্তিগত বিদ্বেষ কিংবা সাময়িক ক্ষমতার হিসাবের কাছে পরাজিত হতে দেওয়া যায় না। একজন শিক্ষক যেন আরেকজন শিক্ষকের বিপদের সুযোগ না নেন; বরং ন্যায়বিচার, মানবিকতা ও পেশাগত সংহতির জায়গা থেকে তাঁর পাশে দাঁড়ান। কোনো সহকর্মীর রাজনৈতিক মত, অতীত অবস্থান কিংবা ব্যক্তিগত পরিচয় যেন তাঁর ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদার প্রতিবন্ধক না হয়।
বিশ্ববিদ্যালয়ের পুনর্জাগরণের জন্য প্রয়োজন নৈতিক আদর্শে বলীয়ান শিক্ষকসমাজ, গবেষণাবান্ধব পরিবেশ, যোগ্যতাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি, স্বচ্ছ প্রশাসন, পর্যাপ্ত গবেষণা অর্থায়ন, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং শিক্ষকতার পেশাগত উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ। প্রয়োজন এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষককে তাঁর রাজনৈতিক যোগাযোগ দিয়ে নয়, তাঁর জ্ঞান, গবেষণা, পাঠদান, সততা ও অবদান দিয়ে মূল্যায়ন করা হবে।
আমার প্রত্যাশা, \
ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও এমন এক উচ্চতায় পৌঁছাবে, যেখানে তার পরিচয় দিতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মাথা গর্বে উঁচু হবে। এমন এক বিশ্ববিদ্যালয়, যার নাম উচ্চারণ করলে মানুষ মনে করবে—এখানে মুক্তচিন্তার চর্চা হয়, ভিন্নমত নিরাপদ থাকে, গবেষণার মূল্য আছে, শিক্ষকরা পরস্পরের মর্যাদা রক্ষা করেন এবং জ্ঞানকে ক্ষমতার চেয়ে বড় করে দেখা হয়।
হয়তো একদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেউ গর্ব করেই বলবেন, প্রাচ্যেও এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যাকে মানুষ ভালোবেসে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলে ডাকে। সেই পরিচয় যেন কেবল অতীতের স্মৃতিচারণ কিংবা প্রচারসর্বস্ব উপাধি হয়ে না থাকে; তার পেছনে যেন থাকে বাস্তব একাডেমিক উৎকর্ষ, গবেষণার সাফল্য, নৈতিক নেতৃত্ব এবং বিশ্বমানের জ্ঞানচর্চা।
আমার চাওয়া খুব বেশি কিছু নয়। এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধের আকাঙ্ক্ষা নয়, কোনো রাজনৈতিক পক্ষের বিজয় কামনাও নয়। এটি একজন শিক্ষকের প্রাণের আর্তি—শিক্ষকরা আবার শিক্ষক হয়ে উঠুন; সহকর্মীরা আবার সহকর্মীর পাশে দাঁড়ান; বিশ্ববিদ্যালয় আবার জ্ঞানের প্রতিষ্ঠান হয়ে উঠুক।
মবের রঙ্গমঞ্চ থেকে প্রাচ্যের অক্সফোর্ড—এই প্রত্যাবর্তন অসম্ভব নয়। তবে তার জন্য প্রয়োজন ক্ষমতার রং বদলানো নয়, বিবেকের অবস্থান দৃঢ় করা; রাজনৈতিক আনুগত্যের প্রতিযোগিতা নয়, জ্ঞান সৃষ্টির প্রতিযোগিতা; ব্যক্তিগত সুবিধার হিসাব নয়, সম্মিলিত পেশাগত দায়িত্ববোধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মহান করার দায়িত্ব শুধু উপাচার্য, প্রশাসন কিংবা সরকারের নয়। এই দায়িত্ব আমাদের সবার—বিশেষ করে আমাদের, যারা শিক্ষকতার পরিচয় বহন করি। শেষ পর্যন্ত আমি সেই স্বপ্নই দেখতে চাই—
একটি বিশ্ববিদ্যালয়, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু মনুষ্যত্বের বিভাজন থাকবে না; রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু একাডেমিক পরিচয়কে গ্রাস করতে পারবে না; বিতর্ক থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না; প্রতিযোগিতা থাকবে, কিন্তু সহকর্মীকে ধ্বংস করার প্রবণতা থাকবে না।
Make the University of Dhaka Great Again—not through slogans, political patronage or nostalgia, but through knowledge, integrity, academic freedom and collective moral courage.
এটাই আমার ক্ষুদ্র প্রত্যাশা। এটাই একজন শিক্ষকের প্রাণের আর্তি। আর এই প্রত্যাশা পূরণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু তার হারানো গৌরবই ফিরে পাবে না; বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আবারও জ্ঞান, বিবেক ও মুক্তবুদ্ধির এক উজ্জ্বল ঠিকানা হয়ে উঠবে।
সবশেষে, মহান সৃষ্টিকর্তার দরবারে কায়মনোবাক্যে একটিই প্রার্থনা—
হে খোদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিবেক জাগ্রত করে দাও। ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক সংকীর্ণতা, হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে তাঁদের এই বিদ্যাপীঠের বৃহত্তর কল্যাণের কথা ভাবার তৌফিক দাও। শিক্ষকদের মধ্যে ফিরিয়ে দাও নৈতিক দৃঢ়তা, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত সংহতি; শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে দাও জ্ঞান, মানবিকতা ও মুক্তচিন্তার চেতনা।
হে সৃষ্টিকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য, গৌরব ও মর্যাদা পুনরুদ্ধারের পথে আমাদের সহায় হও। এই বিশ্ববিদ্যালয়কে আবারও এমন এক জ্ঞানতীর্থে পরিণত করো, যেখানে ক্ষমতার চেয়ে জ্ঞান বড়, দলীয় আনুগত্যের চেয়ে বিবেক বড়, আর ব্যক্তিস্বার্থের চেয়ে প্রাতিষ্ঠানিক মর্যাদা ও দেশের কল্যাণ বড় হয়ে উঠবে।
আমাদের প্রার্থনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব ফিরে পাওয়া নয়; বরং এমন এক নতুন উচ্চতায় পৌঁছানো, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম এই বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিতে পারবে গর্বের সঙ্গে, মাথা উঁচু করে।
হে খোদা, আমাদের সেই সম্মিলিত সদিচ্ছা, সাহস ও প্রজ্ঞা দান করো। আমিন।

সবাই বলুন—আমিন।

— একজন শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা-বিজ্ঞানের গবেষক হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি।

লেখক ও গবেষক: অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা, অধিকারপত্র

#অধিকারপত্র #Odhikarpatra #ঢাকাবিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয়শিক্ষা #শিক্ষকসমাজ #শিক্ষকনির্যাতন #শিক্ষকবয়কট #একাডেমিকস্বাধীনতা #বিশ্ববিদ্যালয়রাজনীতি #শিক্ষারসংকট #ফেসবুকরাজনীতি #ভিউবাণিজ্য #লাইকবাণিজ্য #সামাজিকব্যঙ্গ #রম্যরচনা #শিক্ষাব্যবস্থাসংস্কার #AcademicFreedom #UniversityGovernance #TeacherRights #HigherEducation #SocialSatire #Bangladesh