odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd November 2026, ২২nd November ২০২৬
প্লাস্টিক পণ্যের ব্যবহার ও আধুনিক নির্মাণসামগ্রীর প্রসারে কমছে বাঁশের তৈরি পণ্যের চাহিদা। বিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের বাঁশশিল্পী ও ব্যবসায়ীরা। বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে অন্য কাজে ঝুঁকছেন অনেক কারিগর।

একসময় ছিল ব্যাপক কদর, এখন ক্রেতা নেই! হারিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশশিল্প।

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৬ ১৮:১২

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৬ ১৮:১২

অধিকারপত্র ডটকম :

সুনামগঞ্জে সংকটে ঐতিহ্যবাহী বাঁশশিল্প
সুনামগঞ্জে একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশ ও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী। ঘরবাড়ি নির্মাণ, বেড়া, মাচা, কৃষিকাজের সরঞ্জাম থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা পণ্যে বাঁশের ব্যাপক ব্যবহার ছিল। কিন্তু সময়ের পরিবর্তন এবং প্লাস্টিকসহ বিকল্প উপকরণের ব্যবহার বেড়ে যাওয়ায় কমছে বাঁশের পণ্যের চাহিদা। এতে জীবিকা নিয়ে সংকটে পড়েছেন এ শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসায়ীরা।

সুনামগঞ্জ পৌর শহরসহ জগন্নাথপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুরের বিভিন্ন বাঁশের বাজারে একসময় আমন ধান কাটার মৌসুম এবং বোরো চাষের প্রস্তুতির সময় ক্রেতাদের ভিড় থাকত। দূরদূরান্ত থেকে মানুষ বাঁশ কিনতে আসতেন। বর্তমানে সেই ব্যস্ততা অনেকটাই কমে গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে বাঁশের তৈরি আসবাব ও গৃহস্থালি সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা বসে থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।
বিক্রি কমেছে ব্যাপকভাবে
সুনামগঞ্জ শহরের ওয়াজখালী এলাকার বাঁশ ব্যবসায়ী দিলওয়ার মিয়ার ভাষ্য অনুযায়ী, আগে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বাঁশ বিক্রি হতো। বর্তমানে ১৫ থেকে ২০টি বাঁশ বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, প্রতিটি বাঁশের দাম ৩০০ থেকে ৪০০ টাকা হওয়ায় অনেক ক্রেতার পক্ষে তা কেনা কঠিন। আগে অগ্রিম টাকা দিয়ে অগ্রহায়ণ ও বৈশাখ মাসের জন্য বাঁশ বুকিং দিতেন ক্রেতারা। এখন সেই চিত্র বদলে গেছে।

পেশা বদলাচ্ছেন কারিগররা
বাঁশের তৈরি কুলা, ঝুড়ি, ডালা, চালুনি, খাঁচা ও মাদুরের মতো ঐতিহ্যবাহী পণ্যের চাহিদাও কমেছে। প্লাস্টিকের তৈরি বিকল্প পণ্য বাজার দখল করায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এ পেশায় যুক্ত অনেক পরিবার এখন অন্য পেশায় ঝুঁকছে।
ওয়াজখালী গ্রামের আজুর মিয়া জানান, একসময় বাঁশের পাত্র, ঝুড়ি ও ডালা ছিল প্রায় প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বর্তমানে সেগুলোর জায়গা অনেকটাই দখল করেছে প্লাস্টিকের পণ্য।

অন্যদিকে বড়ঘাট গ্রামের লাল মিয়া বাঁশের পাখা, ঝুড়ি ও গৃহস্থালি সামগ্রী তৈরি করে বিক্রি করেন। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
বাজারে বাঁশের পণ্যের দাম
বর্তমানে সুনামগঞ্জের বাজারে বাঁশের তৈরি কুলা বিক্রি হচ্ছে ২০০ টাকা, চালুনি ১০০ টাকা, ঐতিহ্যবাহী দাঁড়িপাল্লা ১৫০ টাকা, শস্য সংরক্ষণের পাত্র ৮০০ টাকা এবং ঝুড়ি ২০০ টাকায়।

ঐতিহ্য রক্ষায় প্রয়োজন উদ্যোগ
বিষয়টি নিয়ে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহ আলম বলেন, পরিবেশবান্ধব এই ঐতিহ্যবাহী শিল্প রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন।
ব্যবসায়ীরা বাঁশ চাষে প্রণোদনা, পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাঁশের সামগ্রী ব্যবহারে জনসচেতনতা তৈরির দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, জেলায় সরকারি মালিকানাধীন বাঁশবাগান নেই। তবে ব্যক্তিমালিকানাধীন অনেক বাঁশঝাড় রয়েছে। প্রশাসনিক উদ্যোগে ব্যক্তিমালিকদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে বাঁশ চাষ সম্প্রসারণে সহায়তা হতে পারে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্প ধীরে ধীরে হারিয়ে যেতে পারে।