odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 23rd November 2026, ২৩rd November ২০২৬
ক্ষমতা বদলেছে, মুখ বদলেছে, স্লোগানও বদলেছে—কিন্তু মনের ময়লা কি বদলেছে? ২০২৪-এর পরিবর্তনের পরও কেন পুরোনো অহংকার, প্রতিহিংসা ও কর্তৃত্ববাদের নতুন সংস্করণে আটকে বাংলাদেশ?

মনের ময়লা যাবে কেমনে? হৃদয় পরিষ্কার না করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন—ক্ষমতা বদলেছে, পরিচয় বদলেছে, কিন্তু অহংকার, প্রতিহিংসা আর কর্তৃত্ববাদের ময়লা কি আদৌ পরিষ্কার হয়েছে?

odhikarpatra | প্রকাশিত: ২৩ November ২০২৬ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৩ November ২০২৬ ২২:১৬

অধিকারপত্র বিশেষ ফিচার│দেশচিন্তা—মানুষ

২০২৪-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ক্ষমতার পালাবদল, পুরোনো মানসিকতার ধারাবাহিকতা, অহংকার, প্রতিহিংসা, কর্তৃত্ববাদ, নৈতিক দ্বৈততা এবং মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার সংকট নিয়ে এক ব্যতিক্রমী আধ্যাত্মিক ও সমাজ-রাজনৈতিক বিশ্লেষণ। পবিত্র কোরআনের আলোকে হৃদয়ের চারটি পরিভাষা—সদর, কালব, ফুয়াদ ও লুব্ব—এর প্রতীকী ব্যাখ্যার মাধ্যমে এই ফিচারে অনুসন্ধান করা হয়েছে মানুষের অন্তর্জগতের ময়লা, নিয়তের অসততা, বিবেকের দুর্বলতা, আত্মসমালোচনার অভাব এবং ক্ষমতার অপব্যবহারের নেপথ্য কারণ। হাস্যরস, তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ, ধর্মীয় উপলব্ধি ও একাডেমিক বিশ্লেষণের সমন্বয়ে লেখাটি প্রশ্ন তুলেছে: ২০২৪ সালে ক্ষমতা, নেতৃত্ব, পরিচয় ও স্লোগান বদলালেও মানুষের মন কতটা বদলেছে? কেন সবাই অন্যের ভুল সংশোধনে ব্যস্ত, অথচ নিজের হৃদয় পরিচ্ছন্ন করতে অনাগ্রহী? কেন সহমর্মিতার পরিবর্তে কর্তৃত্ব, সংলাপের পরিবর্তে সংঘাত এবং আন্তরিকতার পরিবর্তে তৈরি করা বক্তব্যের আধিপত্য বাড়ছে? ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’—এই আকুলতাকে কেন্দ্র করে ফিচারটি তুলে ধরেছে দেশের সম্মিলিত বিবেক, সামাজিক আস্থা ও মানবিক সংহতির সংকট। এর মূল বার্তা—রাষ্ট্রের সংস্কার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন হৃদয়ের পরিশুদ্ধি, নৈতিক নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা, আত্মসমালোচনা এবং সত্যিকারের মানবিকতার চর্চা। কারণ ক্ষমতা বদলালেই সমাজ বদলায় না; মানুষের হৃদয় বদলালেই পরিবর্তন অর্থবহ হয়ে ওঠে।

হৃদয়ের পরিচ্ছন্নতা, সামাজিক পরিবর্তন ও মানুষের নৈতিক সংকট

মানুষের পরিবর্তন নিয়ে পৃথিবীতে যত আলোচনা হয়েছে, তার একটি বড় অংশ রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠান, নেতৃত্ব ও ক্ষমতার কাঠামোকে কেন্দ্র করে। কিন্তু মানুষের প্রকৃত পরিবর্তন কি কেবল তার রাজনৈতিক অবস্থান, সামাজিক পরিচয় কিংবা প্রাতিষ্ঠানিক ক্ষমতার পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ? রাষ্ট্রের ক্ষমতার কাঠামো বদলালেই কি মানুষের চিন্তা, বিবেক, মূল্যবোধ, আচরণ এবং পারস্পরিক সম্পর্কেরও পরিবর্তন ঘটে? নাকি বাহ্যিক পরিবর্তনের আড়ালে মানুষের অন্তর্জগতে পুরোনো অহংকার, বিদ্বেষ, প্রতিহিংসা ও কর্তৃত্ববাদ নতুন পরিচয়ে আবারও জায়গা করে নেয়?
বাংলাদেশের ২০২৪-পরবর্তী পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই প্রশ্নগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একটি গণ-আন্দোলন মানুষের সামনে নতুন প্রত্যাশা, অধিকারবোধ, ন্যায়বিচার, মর্যাদা ও জবাবদিহির আকাঙ্ক্ষা তৈরি করতে পারে। কিন্তু সেই প্রত্যাশাকে বাস্তব সামাজিক সংস্কৃতিতে রূপান্তর করতে হলে শুধু ক্ষমতার পালাবদল যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের মানসিকতা, নৈতিকতা ও আচরণগত সংস্কারেরও।
এখানেই ইসলামী আধ্যাত্মিক দর্শনে হৃদয়ের পরিশুদ্ধির ধারণাটি একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণী উপমা হিসেবে সামনে আসে। সদর, কালব, ফুয়াদ ও লুব্ব—এই চারটি কোরআনিক পরিভাষার আলোকে মানুষের অন্তর্জগতের বিভিন্ন মাত্রা বোঝার চেষ্টা করা যায়। সদর বাইরের জগতের প্রভাব গ্রহণের পরিসর, কালব বিশ্বাস ও নিয়তের কেন্দ্র, ফুয়াদ গভীর অনুভব ও উপলব্ধির প্রতীক এবং লুব্ব বিশুদ্ধ প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির তাৎপর্য বহন করে।
নিচে চিত্রে দেখানো ধারণাকে বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়: আমাদের সংকট কেবল রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক নয়; এর একটি নৈতিক ও মনস্তাত্ত্বিক মাত্রাও রয়েছে।
আমরা অন্যের ভুল শনাক্ত করতে যতটা আগ্রহী, নিজের ভুল শনাক্ত করতে ততটা প্রস্তুত কি না; অন্যের অধিকার নিয়ে যতটা সোচ্চার, নিজের ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার রোধে ততটা সচেতন কি না; অন্যের প্রতি ন্যায়বিচার দাবি করতে যতটা উৎসাহী, নিজের পছন্দের মানুষের ক্ষেত্রেও একই নৈতিক মানদণ্ড প্রয়োগ করতে ততটা আন্তরিক কি না—এসব প্রশ্নের উত্তরেই আমাদের সামাজিক পরিশুদ্ধির সম্ভাবনা নিহিত।
এই ফিচারের উদ্দেশ্য কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, মতাদর্শ, সামাজিক শ্রেণি কিংবা নির্দিষ্ট শাসনকালকে সামগ্রিকভাবে ভালো বা মন্দ ঘোষণা করা নয়। বরং মানুষের আচরণ, ক্ষমতার ব্যবহার, পারস্পরিক সহযোগিতা, নৈতিক দ্বৈততা এবং আত্মসমালোচনার অভাবকে একটি বৃহত্তর মানবিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে পর্যালোচনা করা।
কারণ, সমাজের পরিবর্তন তখনই অর্থবহ হয়, যখন পরিবর্তনের দাবি তোলা মানুষটিও নিজের ভেতরে পরিবর্তনের সাহস অর্জন করেন। অন্যথায় বিপ্লবের ভাষা বদলায়, ক্ষমতার পরিচয় বদলায়, স্লোগানের শব্দ বদলায়; কিন্তু মানুষের মনের পুরোনো ময়লা নতুন বোতলে ভরে আবারও বাজারে আসে!

হৃদয়ের চারটি স্তর: বাহ্যিক অনুভব থেকে অন্তরের নূর—মানুষের আত্মিক পরিশুদ্ধির এক আধ্যাত্মিক যাত্রা

মানুষের হৃদয় কেবল রক্ত সঞ্চালনের একটি অঙ্গ নয়; ইসলামের আধ্যাত্মিক দর্শনে হৃদয় মানুষের উপলব্ধি, বিশ্বাস, বিবেক, ভালোবাসা, আত্মশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের এক গভীর প্রতীক। মানুষের বাহ্যিক আচরণে যে মানুষটিকে আমরা দেখি, তার অন্তর্জগৎ অনেক বেশি বিস্তৃত, জটিল ও রহস্যময়। সেই অন্তর্জগতের পরিশুদ্ধি, উপলব্ধির গভীরতা এবং আল্লাহমুখী আত্মিক অভিযাত্রাকে বোঝাতে ইসলামী আধ্যাত্মিক চিন্তাধারায় হৃদয়ের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে।

হৃদয় কাঠামো চিত্র

হৃদয় কাঠামো চিত্র
এই হৃদয় কাঠামোতে হৃদয়ের চারটি স্তরকে চারটি বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে—সদর (Ṣadr), কালব (Qalb), ফুয়াদ (Fu’ād) এবং লুব্ব (Lubb)। বৃত্তগুলো যেন মানুষের অন্তর্জগতের একেকটি দরজা। বাইরের স্তর থেকে যতই ভেতরের দিকে অগ্রসর হওয়া যায়, ততই মানুষের আত্মিক উপলব্ধি, সত্য অনুধাবনের ক্ষমতা এবং অন্তরের বিশুদ্ধতার দিকে যাত্রার প্রতীকী প্রকাশ ঘটে।
এটি মানুষের আত্মার কোনো শারীরবৃত্তীয় মানচিত্র নয়; বরং ইসলামী আধ্যাত্মিক ব্যাখ্যার একটি প্রতীকী উপস্থাপনা। আসুন, এই চারটি স্তরের মধ্য দিয়ে মানুষের অন্তর্জগতের দিকে একটু গভীরভাবে তাকাই।

১. সদর (صَدْر) — হৃদয়ের বহিরাঙ্গন: অনুভূতি, চিন্তা ও প্রভাব গ্রহণের প্রবেশদ্বার/ ṢADR — THE OUTER DOMAIN OF THE HEART

হৃদয় কাঠামোর সবচেয়ে বাইরের বৃত্তটির নাম সদর বা Ṣadr। আরবি ভাষায় সদর বলতে বুক বা বক্ষদেশ বোঝায়। আধ্যাত্মিক অর্থে এটি মানুষের অন্তর্জগতের বহিরাঙ্গন—যেখানে বাইরের পৃথিবীর নানা অভিজ্ঞতা, চিন্তা, অনুভূতি, প্রলোভন, সংশয়, আনন্দ, দুঃখ ও আকাঙ্ক্ষা এসে প্রবেশ করে।
মানুষ প্রতিদিন অসংখ্য দৃশ্য দেখে, অসংখ্য কথা শোনে, নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়। কারও প্রশংসায় তার মন আনন্দিত হয়, কারও সমালোচনায় আহত হয়, কোনো সংবাদে উদ্বিগ্ন হয়, আবার কোনো মহৎ কাজে অনুপ্রাণিত হয়। এই সব অনুভূতির প্রথম প্রতিফলন ঘটে তার মানসিক ও আবেগিক পরিসরে।
সদর যেন সেই প্রবেশদ্বার, যার মধ্য দিয়ে পৃথিবীর নানা প্রভাব মানুষের অন্তর্জগতে প্রবেশ করে। কিন্তু এখানেই মানুষের আত্মিক পরীক্ষার শুরু। কারণ প্রত্যেকটি চিন্তা সত্য নয়, প্রত্যেকটি আকাঙ্ক্ষা কল্যাণকর নয়, প্রত্যেকটি আবেগ অনুসরণযোগ্য নয়। কখনো অহংকার, কখনো হিংসা, কখনো লোভ, কখনো সন্দেহ মানুষের অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। আবার একই হৃদয়ে দয়া, ক্ষমা, সহমর্মিতা, কৃতজ্ঞতা এবং আল্লাহর স্মরণও জায়গা করে নিতে পারে। তাই সদরকে পরিশুদ্ধ করার অর্থ হলো নিজের ভেতরে প্রবেশ করা চিন্তা ও অনুভূতিগুলোকে সচেতনভাবে পর্যালোচনা করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
অর্থ:
“আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিইনি?” (সুরা আল-ইনশিরাহ, ৯৪:১)
এই আয়াতের মধ্যে বক্ষের প্রশস্ততার যে তাৎপর্য রয়েছে, তা মানুষের অন্তরের প্রশান্তি, সত্য গ্রহণের সক্ষমতা এবং আল্লাহপ্রদত্ত স্বস্তির একটি গভীর আধ্যাত্মিক ইঙ্গিত বহন করে। আসলে, যে মানুষের সদর প্রশস্ত, সে অন্যের কথা শুনতে পারে, ভিন্নমত সহ্য করতে পারে, ভুল বুঝতে পারলে সংশোধিত হতে পারে এবং সত্যকে গ্রহণ করার মানসিক সাহস রাখে। সংকীর্ণ সদর মানুষকে অহংকার, বিদ্বেষ ও অন্ধ পক্ষপাতের দিকে ঠেলে দেয়।

২. কালব (قَلْب) — হৃদয়ের কেন্দ্র: বিশ্বাস, পরিবর্তন ও আত্মিক উপলব্ধি/ QALB — THE SPIRITUAL CENTRE OF THE HEART

এই হৃদয় কাঠামোর ভেতরের দ্বিতীয় বৃত্তটি কালব বা Qalb। আরবি ‘কালব’ শব্দটির সঙ্গে পরিবর্তনশীলতার একটি তাৎপর্য জড়িত। মানুষের হৃদয় কখনো দৃঢ় বিশ্বাসে স্থির থাকে, কখনো সংশয়ে দোদুল্যমান হয়, কখনো সত্যের দিকে অগ্রসর হয়, আবার কখনো পার্থিব আকর্ষণে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই পরিবর্তনশীলতার কারণেই মানুষের হৃদয়কে ইসলামী আধ্যাত্মিক চিন্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কালব মানুষের ঈমান, নিয়ত, নৈতিক সিদ্ধান্ত এবং আত্মিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। একজন মানুষ বাইরে থেকে অত্যন্ত ধার্মিক, বিনয়ী কিংবা পরোপকারী হিসেবে পরিচিত হতে পারেন; কিন্তু তাঁর কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য কী, সেটি নির্ভর করে তাঁর অন্তরের অবস্থার ওপর। কেননা, একই কাজের বাহ্যিক রূপ এক হলেও নিয়ত ভিন্ন হতে পারে। কেউ দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ করেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কেউ ক্ষমা করেন উদারতা থেকে, কেউ ক্ষমা করার ভান করেন নিজের স্বার্থ রক্ষার জন্য। বাইরে থেকে এই দুই আচরণের মধ্যে পার্থক্য বোঝা কঠিন। কিন্তু অন্তরের সত্য আলাদা। আর এখানেই কালবের তাৎপর্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“নিশ্চয়ই দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে; তা সুস্থ হলে সমগ্র দেহ সুস্থ হয়, আর তা অসুস্থ হলে সমগ্র দেহ অসুস্থ হয়। জেনে রেখো, সেটিই হলো হৃদয়।” —সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের অর্থ।
এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের নৈতিক ও আত্মিক জীবনের কেন্দ্রে রয়েছে তার অন্তরের অবস্থা। প্রকৃপক্ষে, কালবের পরিশুদ্ধি মানে শুধু ধর্মীয় আচার পালন করা নয়; বরং নিজের বিশ্বাসকে সত্যনিষ্ঠ করা, নিয়তকে বিশুদ্ধ করা, অহংকারকে সংযত করা, অন্যের প্রতি বিদ্বেষ পরিহার করা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা অর্জন করা। আজ সমাজে পরিদৃষ্ট যে, যে হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্তি খুঁজে পায়, সে হৃদয় দুনিয়ার প্রতিটি প্রাপ্তি কিংবা অপ্রাপ্তিকে জীবনের চূড়ান্ত মাপকাঠি মনে করে না।
পবিত্র কোরআনে বলা হয়েছে:
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
অর্থ:
“জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে।” (সুরা আর-রা’দ, ১৩:২৮)

৩. ফুয়াদ (فُؤَاد) — হৃদয়ের গভীর অনুভব: উপলব্ধি, অন্তর্দৃষ্টি ও সত্যের সাক্ষ্য/FU’AD — THE DEPTH OF INNER PERCEPTION

হৃদয় কাঠামোর তৃতীয় বৃত্তটির নাম ফুয়াদ বা Fu’ād। এটি হৃদয়ের আরও গভীর একটি স্তরকে নির্দেশ করে। ফুয়াদ শব্দটি কোরআনিক ভাষায় মানুষের গভীর অনুভব, উপলব্ধি এবং অন্তরের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত। মানুষ অনেক কিছু চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে; কিন্তু সবকিছু সমানভাবে অনুভব করতে পারে না। অন্যের দুঃখের কথা শোনা আর অন্যের দুঃখকে অন্তর দিয়ে উপলব্ধি করা এক বিষয় নয়। অন্যায়ের সংবাদ জানা আর অন্যায়ের বেদনা অনুভব করে ন্যায়ের পক্ষে দাঁড়ানোও এক বিষয় নয়।
ফুয়াদের তাৎপর্য এই গভীর অনুভবের জগতে। এখানে মানুষের বিবেক, সংবেদনশীলতা, উপলব্ধি এবং আত্মিক প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আসে। কোনো অসহায় মানুষের কষ্ট দেখে যে অন্তর ব্যথিত হয়, কোনো অন্যায়ের ঘটনা শুনে যে হৃদয় প্রতিবাদী হয়ে ওঠে, কোনো সত্য উপলব্ধি করে যে মানুষ নিজের ভুল থেকে ফিরে আসে—এসব অভিজ্ঞতার মধ্যে ফুয়াদের আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
অর্থ:
“তিনি যা দেখেছেন, তাঁর অন্তর তা অস্বীকার করেনি।” (সুরা আন-নাজম, ৫৩:১১)
এই আয়াতের প্রেক্ষাপট অত্যন্ত বিশেষ। এটি মিরাজের ঘটনায় রাসুলুল্লাহ (সা.)-এর প্রত্যক্ষ উপলব্ধির প্রসঙ্গে অবতীর্ণ। তাই ফুয়াদের অর্থ বোঝার ক্ষেত্রে এই আয়াত গভীর তাৎপর্য বহন করে। ফুয়াদ আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়: আমরা কি শুধু তথ্য জানি, নাকি সত্যকে অন্তর দিয়ে উপলব্ধিও করি?
অনেক সময় মানুষ ধর্মের কথা জানে, কিন্তু ধর্মের নৈতিক শিক্ষা নিজের জীবনে ধারণ করে না। ন্যায়বিচারের কথা বলে, কিন্তু নিজের স্বার্থের প্রশ্নে অন্যায়কে প্রশ্রয় দেয়। মানবতার কথা বলে, অথচ মানুষের প্রতি সহমর্মিতা দেখাতে ব্যর্থ হয়। আসলে জ্ঞান যখন উপলব্ধিতে পরিণত হয় না, তখন তা মানুষের চরিত্রে যথার্থ পরিবর্তন আনতে পারে না। এখান থেকেই পাওয়া যায় ফুয়াদের শিক্ষা। আর ফুয়াদের প্রতীকী শিক্ষা হলো—সত্যকে কেবল জানা নয়, সত্যকে অনুভব করা; ন্যায়কে কেবল সমর্থন নয়, ন্যায়ের পক্ষে নিজের অবস্থানকে নৈতিকভাবে সুদৃঢ় করা।

৪. লুব্ব (لُبّ) — হৃদয়ের নির্যাস: বিশুদ্ধ প্রজ্ঞা ও সত্যের গভীর উপলব্ধি / LUBB — THE PUREST CORE OF INNER WISDOM

আলোচ্য হৃদয় কাঠামোর একবারেই কেন্দ্রস্থলে রয়েছে লুব্ব বা Lubb। এটি চারটি স্তরের মধ্যে সবচেয়ে অন্তর্গত ও গভীর স্তর হিসেবে উপস্থাপিত হয়েছে। আরবি ‘লুব্ব’ শব্দের অর্থ নির্যাস, সারবস্তু বা কোনো কিছুর বিশুদ্ধতম অন্তঃসার। আধ্যাত্মিক ব্যাখ্যায় এটি মানুষের এমন এক পরিশুদ্ধ প্রজ্ঞার প্রতীক, যেখানে বাহ্যিক মোহ, অন্ধ আবেগ, অহংকার ও স্বার্থপরতার আবরণ অতিক্রম করে সত্যকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতা বিকশিত হয়।
কোরআনে ‘উলুল আলবাব’—অর্থাৎ বিশুদ্ধ প্রজ্ঞা ও গভীর বিবেচনাবোধসম্পন্ন ব্যক্তিদের কথা বারবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন:
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ
অর্থ:
“নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।” (সুরা আয-যুমার, ৩৯:২১-এর অংশ)
উলুল আলবাব বলতে এমন মানুষদের বোঝানো হয়, যাঁরা চিন্তা করেন, উপলব্ধি করেন, সত্যের তাৎপর্য অনুধাবন করেন এবং নিজেদের বিবেক ও প্রজ্ঞাকে কাজে লাগান। কেননা, লুব্বের আধ্যাত্মিক তাৎপর্য হলো, মানুষের জ্ঞান যেন কেবল তথ্যের সমষ্টি হয়ে না থাকে; বরং তা যেন প্রজ্ঞায় পরিণত হয়। তাঁর ইবাদত যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন চরিত্র, আচরণ ও মানবিকতার মধ্যে প্রতিফলিত হয়।
এই স্তরের প্রতীকী উপলব্ধিতে মানুষ বুঝতে শেখে—পার্থিব ক্ষমতা ক্ষণস্থায়ী, সম্পদ অনিত্য, অহংকার অর্থহীন এবং মানুষের প্রকৃত মর্যাদা তার তাকওয়া, নৈতিকতা ও সৎকর্মে। সে অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চায় না। প্রতিশোধের পরিবর্তে ক্ষমার মহত্ত্ব বোঝে, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার শক্তি উপলব্ধি করে এবং নিজের অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে অধিক মূল্যবান মনে করে। এভাবে বিশদ পর্যালোচনায় প্রতীয়মান হয়, লুব্ব যেন সেই অন্তর্গত প্রজ্ঞার প্রতীক, যেখানে মানুষ শুধু পৃথিবীকে দেখে না, নিজের অস্তিত্বকেও নতুন করে চিনতে শেখে।

চারটি স্তরের মধ্যে আত্মিক সম্পর্ক: একটি ধারাবাহিক পরিশুদ্ধির প্রতীক

এই স্তর চারটির অবস্থান মানুষের অন্তর্জগৎকে এখানে একটি কেন্দ্রাভিমুখী যাত্রা হিসেবে কল্পনা করে। সদর বাইরের জগতের প্রভাব গ্রহণের প্রতীক। কালব বিশ্বাস, নিয়ত ও নৈতিক অবস্থানের কেন্দ্র। ফুয়াদ গভীর উপলব্ধি ও অনুভবের প্রতীক। আর লুব্ব বিশুদ্ধ প্রজ্ঞা ও অন্তরের নির্যাসের প্রতীক। তাই এই চারটি স্তরকে বিচ্ছিন্ন চারটি ঘর হিসেবে না দেখে মানুষের আত্মিক জীবনের পরস্পরসম্পর্কিত চারটি মাত্রা হিসেবে উপলব্ধি করা অধিক যুক্তিযুক্ত। এক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক।
ধরা যাক, একজন মানুষ রাস্তার পাশে একজন অসহায় মানুষকে দেখলেন। প্রথমে দৃশ্যটি তাঁর দৃষ্টিতে ধরা পড়ল—এটি সদর পর্যায়ের প্রতীকী অভিজ্ঞতা। এরপর তাঁর অন্তরে সহানুভূতি জাগল এবং তিনি ভাবলেন, এই মানুষটিরও সম্মান ও বেঁচে থাকার অধিকার রয়েছে—এখানে কালবের নৈতিক অবস্থান প্রকাশ পেল। এরপর তিনি শুধু দুঃখ অনুভব করেই থেমে থাকলেন না; বরং অসহায় মানুষটির কষ্টের বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করলেন—এটি ফুয়াদের সংবেদনশীলতার প্রতীক। এবং সবশেষে তিনি বুঝলেন, মানবসেবা কোনো লোকদেখানো কাজ নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন—এখানে লুব্বের প্রজ্ঞা ও পরিশুদ্ধতার প্রতীকী প্রকাশ ঘটল। 
অবশ্যই এটি চারটি স্তরের একটি সহজ ব্যাখ্যামূলক উদাহরণ; মানুষের আত্মিক অভিজ্ঞতা বাস্তবে এত সরল বা কঠোরভাবে বিভক্ত নয়।

অন্তরের পরিশুদ্ধি: ইবাদত, আত্মসমালোচনা ও মানবিকতার সমন্বয়

ইসলামে আত্মশুদ্ধি বা তাযকিয়াতুন নফস একটি গুরুত্বপূর্ণ ধারণা। মানুষের অন্তরকে হিংসা, অহংকার, লোভ, বিদ্বেষ, আত্মম্ভরিতা ও অন্যায় প্রবণতা থেকে মুক্ত করার সাধনাই আত্মশুদ্ধির অন্যতম উদ্দেশ্য। কিন্তু আত্মশুদ্ধি মানে পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা নয়। বরং পৃথিবীর মধ্যে থেকেই নিজের অন্তরকে সংযত রাখা, মানুষের অধিকার রক্ষা করা, ন্যায়বিচারের পক্ষে থাকা এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—
  • জিকির: আল্লাহর স্মরণ অন্তরের প্রশান্তি ও সচেতনতা জাগ্রত করে।
  • তওবা: নিজের ভুল স্বীকার করে সংশোধনের পথে ফিরে আসার সাহস তৈরি করে।
  • মুহাসাবা: প্রতিদিন নিজের কাজ, নিয়ত ও আচরণের হিসাব নেওয়া।
  • ইখলাস: লোকদেখানো মনোভাব পরিহার করে কাজের উদ্দেশ্যকে বিশুদ্ধ রাখা।
  • তাকওয়া: আল্লাহর প্রতি সচেতনতা থেকে অন্যায় ও অনৈতিকতা পরিহার করা।
  • রহমত ও ইনসাফ: মানুষের প্রতি দয়া প্রদর্শন এবং প্রত্যেকের অধিকার ও মর্যাদা রক্ষা করা।
এগুলো কেবল ধর্মীয় পরিভাষা নয়; মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক জীবনকে সুন্দর করে তোলার মৌলিক অনুশীলন।

চিন্তক ধারাভাষ্য: হৃদয়ের কেন্দ্র যত নির্মল, জীবন তত আলোকিত

মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো অন্যের ভুল খুঁজে বের করা নয়, বরং নিজের অন্তরের ভুলগুলো চিনতে শেখা। আমরা অনেক সময় অন্যের আচরণ বিচার করতে ব্যস্ত থাকি, অথচ নিজের নিয়ত, অহংকার, বিদ্বেষ কিংবা স্বার্থপরতার দিকে তাকানোর অবকাশ পাই না। তাই সতর্কতা হিসেবে হৃদয়ের চারটি স্তরের এই প্রতীকী চিত্র আমাদের সেই আত্মসমালোচনার দিকেই আহ্বান জানায়।
সদর আমাদের শেখায় অন্তরকে প্রশস্ত করতে। কালব শেখায় বিশ্বাস ও নিয়তকে বিশুদ্ধ করতে। ফুয়াদ শেখায় সত্য ও মানবিকতাকে গভীরভাবে অনুভব করতে। আর লুব্ব আমাদের স্মরণ করিয়ে দেয়, জ্ঞান ও উপলব্ধির চূড়ান্ত সৌন্দর্য নিহিত রয়েছে বিশুদ্ধ প্রজ্ঞা, বিনয় এবং আল্লাহমুখী জীবনবোধে।
পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন:
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ ۝ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
অর্থ:
“সেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না; তবে সে উপকৃত হবে, যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে।” (সুরা আশ-শু’আরা, ২৬:৮৮–৮৯)
এই আয়াত যেন পুরো আলোচনার অন্তিম উপলব্ধি। জীবনের শেষ বিচারে মানুষের বাহ্যিক পরিচয়, সামাজিক অবস্থান, সম্পদ কিংবা ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার অন্তরের বিশুদ্ধতা এবং কর্মের নৈতিকতা। হৃদয়কে সুন্দর করার অর্থ শুধু নিজের জন্য প্রশান্তি খুঁজে পাওয়া নয়; বরং নিজের অন্তরের আলো দিয়ে অন্যের জীবনেও কল্যাণের পথ উন্মুক্ত করা। কারণ, যে হৃদয় আল্লাহর স্মরণে জাগ্রত, সে হৃদয় মানুষের প্রতি নিষ্ঠুর হতে পারে না; যে হৃদয় সত্যকে উপলব্ধি করে, সে হৃদয় অন্যায়ের সঙ্গে আপস করতে পারে না; আর যে হৃদয় প্রজ্ঞায় পরিশুদ্ধ, সে হৃদয় অহংকারে নয়, বিনয়ে নিজের মর্যাদা খুঁজে পায়। মনে রাখতে হবে, হৃদয়ের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক প্রকাশে নয়, বরং তার অন্তর্গত পবিত্রতায়।

মনের ময়লা যাবে কেমনে? চব্বিশের পর হৃদয়ে জমেছে কালি, আর বিবেকের দোকানে ঝুলছে ‘স্টক শেষ’!

মানুষের মনের ময়লা পরিষ্কার করার কথা বললেই আমরা সাধারণত অন্যের দিকে তাকাই। অমুকের মন পরিষ্কার করা দরকার, তমুকের চরিত্র সংশোধন করা দরকার, ওই পক্ষের লোকজনের তওবা করা দরকার! নিজের মনের দিকে তাকানোর সময় কোথায়? নিজের হৃদয়ের দরজায় তো তালা ঝুলিয়ে রেখেছি, আর অন্যের হৃদয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছি!আর সম্যক উপলব্দির বিষয়, আসল বিপদটা এখানেই!

২০২৪ সালের রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন, প্রত্যাশা, ক্ষোভ, হতাশা, প্রতিশোধস্পৃহা, অবিশ্বাস এবং ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আত্মসমালোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। পরিবর্তনের স্বপ্ন ছিল ন্যায়বিচার, মর্যাদা, সমতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার চেয়ার বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের মনের আসবাবপত্রও কি বদলেছে? নাকি পুরোনো আলমারির ভেতরে নতুন তালা লাগিয়ে আমরা সেটাকেই সংস্কার বলে চালিয়ে দিচ্ছি?

কেউ কেউ তো এমনভাবে ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন, যেন রাষ্ট্রের চাবির গোছা তাঁদের পারিবারিক সম্পত্তি। কারও হাতে সংগঠনের পরিচয়, কারও হাতে রাজনৈতিক পরিচয়, কারও হাতে প্রশাসনিক প্রভাব, কারও হাতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাইক্রোফোন। সুযোগ পেলেই একটু ক্ষমতা দেখিয়ে নেওয়া চাই। কারও সঙ্গে কথা বলার সময়ও মনে হয়, আগে বুঝিয়ে দিতে হবে—আপনি কার সঙ্গে কথা বলছেন!

অথচ ক্ষমতা দেখানোর এই মহড়ায় মানুষকে সহযোগিতা করার সরিষাটুকু কোথায় যেন হারিয়ে গেছে। সরিষার তেল দিয়ে একসময় মাথায় মালিশ হতো, এখন মনে হয় সরিষাটাই মানুষের মাথা থেকে উধাও! কথায় কথায় বড় বড় আদর্শ, কিন্তু বিপদে পড়া মানুষটির পাশে দাঁড়ানোর সময় ব্যস্ততার অজুহাত। অন্যের সাফল্যে অভিনন্দন জানাতে কৃপণতা, অন্যের বিপদে সহায়তা করতে অনীহা, আর নিজের সামান্য কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে উৎসাহের কোনো ঘাটতি নেই। এখন প্রশ্ন উঠতেই পারে—আমার মনের ময়লা যাবে কেমনে?

আমাদের হৃদয়-কাঠামোর চারটি স্তরেই ময়লা জমতে পারে। বিষয়টি বোঝার জন্য আমরা মোবাইল ফোন কিংবা প্রিন্টারের সঙ্গে তুলনা করতে পারি। মোবাইল ফোনের কোনো একটি অংশে কিংবা প্রিন্টারের ভেতরের কোনো স্থানে ময়লা জমলে যন্ত্রটি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। তখন সেটিকে পরিষ্কার করা বা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা জরুরি হয়ে পড়ে।

ঠিক তেমনি, আমাদের মনের চারটি স্তরের যেকোনো একটিতে ময়লা জমতে পারে, যা আমাদের চিন্তা, অনুভূতি, আচরণ ও সামগ্রিক জীবনযাপনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মনের প্রতিটি স্তরে কী ধরনের ময়লা জমতে পারে, সেগুলো কীভাবে আমাদের প্রভাবিত করে এবং কীভাবে সেগুলো শনাক্ত করে পরিষ্কার বা পরিশুদ্ধ করা যায়, তা নিচে আলোচনা করা হলো।

সদরে ময়লা: বাইরের ধুলো ঝাড়তে গিয়ে ভেতরে আবর্জনার গুদাম!

সদর হলো হৃদয়ের বহিরাঙ্গন—যে স্তরে বাইরের জগতের নানা প্রভাব, চিন্তা, অনুভূতি, প্রতিক্রিয়া, আকাঙ্ক্ষা ও উপলব্ধি এসে জমা হয়। মানুষের চারপাশের পরিবেশ, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অন্যের সঙ্গে প্রতিদিনের মিথস্ক্রিয়া এই স্তরকে প্রতিনিয়ত প্রভাবিত করে। অর্থাৎ, সদরের পরিচ্ছন্নতা কেবল ব্যক্তির বাহ্যিক আচরণের বিষয় নয়; বরং বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক স্থাপনের ধরন, অন্যকে দেখার দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন বাস্তবতাকে গ্রহণ করার মানসিক প্রস্তুতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।

কিন্তু আমাদের সামাজিক জীবনে পরিচ্ছন্নতার একটি অদ্ভুত প্রবণতা লক্ষ করা যায়। অনেক সময় নিজের ভেতর থেকে নয়, অন্যকে অপরিষ্কার ঘোষণা করার মধ্য দিয়েই আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। নিজের রাজনৈতিক দল, নিজের মতাদর্শ, নিজের গোষ্ঠী কিংবা নিজের অনুসারীদের আমরা সহজেই ভালো, নীতিবান ও গ্রহণযোগ্য বলে বিবেচনা করি। বিপরীতে, অন্যের অবস্থান বা পরিচয় ভিন্ন হলেই তার সততা, উদ্দেশ্য, যোগ্যতা ও নৈতিকতা নিয়ে সন্দেহ তৈরি হয়। যেন ভালো মানুষ হওয়ার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকা বাধ্যতামূলক! এখানে ব্যক্তির কাজের চেয়ে তার পরিচয় বড় হয়ে ওঠে, আর নৈতিকতার বিচার হয় তার অবস্থান অনুযায়ী।

এই মানসিকতার সবচেয়ে লক্ষণীয় দিক হলো আত্মসমালোচনার অভাব। অন্যের সামান্য ভুল আমাদের চোখে পড়ে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, অথচ নিজের বড় ভুলটি দৃষ্টির আড়ালে থেকে যায়। কারণ নিজের ভুলের সামনে দাঁড়ানোর পরিবর্তে আমরা আত্মপক্ষসমর্থনের একটি অদৃশ্য আবরণ তৈরি করি। কখনো সেটির নাম হয় রাজনৈতিক বাস্তবতা, কখনো সাংগঠনিক শৃঙ্খলা, কখনো পরিস্থিতির বাধ্যবাধকতা, আবার কখনো বৃহত্তর স্বার্থের অজুহাত। ফলে অন্যের ভুল হয়ে ওঠে চরিত্রের প্রমাণ, আর নিজের ভুল হয়ে ওঠে পরিস্থিতির অনিবার্য ফলাফল। একই কাজের জন্য অন্যকে যে নৈতিক বিচারে দাঁড় করাই, নিজের ক্ষেত্রে সেই বিচারটি প্রয়োগ করতে আমাদের অনীহা দেখা যায়।

এই প্রবণতা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কম বিপজ্জনক নয়। কেউ ভিন্নমত প্রকাশ করলে আমরা তার বক্তব্যের যুক্তি যাচাই করার আগে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি। কেউ সহযোগিতা না করলে তাকে অকৃতজ্ঞ বা স্বার্থপর ভাবি। আবার কেউ সহযোগিতা চাইলে তার প্রয়োজনের গুরুত্ব বিবেচনা করার আগেই তার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পরিচয় যাচাই করতে শুরু করি। যেন মানবিকতার দরজায় প্রবেশের আগে প্রত্যেক নাগরিককে একটি অদৃশ্য চরিত্র সনদ জমা দিতে হবে! অথচ মানুষের বিপদ, অসহায়ত্ব কিংবা ন্যায্য প্রয়োজনের সঙ্গে তার মতাদর্শের সম্পর্ক থাকা উচিত নয়। সহযোগিতার নৈতিক ভিত্তি হওয়া উচিত মানুষের প্রয়োজন ও নিজের সামর্থ্য, তার দলীয় পরিচয় নয়।

সদরের ময়লা পরিষ্কার করার অর্থ তাই শুধু বাইরের পরিবেশকে সুন্দর রাখা নয়; বরং নিজের প্রতিক্রিয়া, দৃষ্টিভঙ্গি ও সামাজিক আচরণের ভেতরে জমে থাকা সংকীর্ণতাকে শনাক্ত করা। আমি কি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি? কেউ আমার সঙ্গে দ্বিমত পোষণ করলে তার বক্তব্যের যুক্তি বিবেচনা করি, নাকি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত বোধ করি? অন্যের সাফল্যে আমার মন সংকুচিত হয় কেন? পদ-পদবি, সামাজিক মর্যাদা কিংবা রাজনৈতিক পরিচয় কি আমাকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ ভাবতে শেখাচ্ছে? আমি কি নিজের মতের মানুষকে যে সুযোগ ও সম্মান দিই, ভিন্নমতের মানুষকেও তা দিতে প্রস্তুত? এই প্রশ্নগুলোর উত্তরই প্রকাশ করবে আমাদের বাহ্যিক পরিচ্ছন্নতার আড়ালে কতটা মানসিক আবর্জনা জমে আছে।

মনে রাখতে হবে, ঘরের বারান্দা পরিষ্কার করলেই পুরো বাড়ি পরিচ্ছন্ন হয় না। আবার অন্যের উঠানে ঝাড়ু দিয়ে নিজের ঘরের ময়লা আড়াল করাও পরিচ্ছন্নতা নয়; সেটি কেবল পরিচ্ছন্নতার অভিনয়। যে সমাজে প্রত্যেকে অন্যের ভুল সংশোধনে আগ্রহী, কিন্তু নিজের ভুল স্বীকারে অনাগ্রহী, সেখানে সামাজিক সম্পর্কের ভেতরে অবিশ্বাস, বিভাজন ও অসহিষ্ণুতা ক্রমশ বাড়তে থাকে। তাই সদরের প্রকৃত পরিচ্ছন্নতা শুরু হয় নিজের দৃষ্টিভঙ্গিকে পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে—যেখানে মানুষকে প্রথমে মানুষ হিসেবে দেখা হয়, তারপর তার মত, পরিচয় ও অবস্থান বিবেচনা করা হয়।

কালবে ময়লা: নিয়ত ভালো, কিন্তু সুবিধা বুঝে!

কালব (Qalb) হলো হৃদয়ের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতীকী স্তর, যার সঙ্গে মানুষের বিশ্বাস, নিয়ত, নৈতিক অবস্থান ও অন্তর্গত প্রেরণার সম্পর্ক গভীর। বাহ্যিক আচরণে মানুষ কী করছে, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কেন করছে, সেই প্রশ্নটিও সমান তাৎপর্যপূর্ণ। কারণ একই কাজের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কেউ মানুষের উপকার করতে পারে নিঃস্বার্থ মানবিক দায়িত্ববোধ থেকে, আবার কেউ সেই উপকারের মধ্য দিয়েই নিজের প্রভাব, জনপ্রিয়তা কিংবা ব্যক্তিগত সুবিধা বাড়ানোর চেষ্টা করতে পারে। বাইরে থেকে দুটি কাজ একই রকম দেখালেও তাদের নৈতিক তাৎপর্য এক নয়।

আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে এই দ্বৈততার অসংখ্য পরিচিত উদাহরণ রয়েছে। আমরা প্রায়ই বলি, মানুষের কল্যাণ চাই, সমাজের উন্নতি চাই, ন্যায়বিচার চাই, মানবিক রাষ্ট্র চাই। কিন্তু বাস্তবে কল্যাণের সংজ্ঞাটি এমনভাবে তৈরি করি, যাতে শেষ পর্যন্ত নিজের কিংবা নিজের গোষ্ঠীর কল্যাণই নিশ্চিত হয়। সহযোগিতা করব, তবে সে আমার লোক হলে; অন্যায়ের প্রতিবাদ করব, তবে অন্যায়কারী আমার পক্ষের না হলে; ন্যায়বিচার চাইব, তবে সেই বিচার যেন আমার ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে না যায়। মানবিকতার কথা বলব, তবে মানবিকতার দায়ভার যেন নিজের ওপর এসে না পড়ে! অর্থাৎ, নৈতিকতার ভাষা সবার জন্য, কিন্তু নৈতিকতার প্রয়োগ কেবল সুবিধাজনক ক্ষেত্রের জন্য।

এ যেন এক অদ্ভুত নৈতিক হিসাববিজ্ঞান (Moral Accounting)। এখানে লাভ-ক্ষতির খাতা আছে, রাজনৈতিক সুবিধা-অসুবিধার হিসাব আছে, ব্যক্তিগত সম্পর্ক রক্ষার কৌশল আছে; কিন্তু বিবেকের কোনো স্বাধীন অডিট নেই। মানুষ নিজের কাজের নৈতিকতা যাচাই করার পরিবর্তে অনেক সময় কাজটির সম্ভাব্য ফলাফল দিয়ে তার যথার্থতা প্রতিষ্ঠা করতে চায়। কোনো কাজ নিজের পক্ষের জন্য সুবিধাজনক হলে সেটিকে ন্যায়সংগত বলা হয়, আর একই কাজ প্রতিপক্ষ করলে সেটিকে অনৈতিক বলে ঘোষণা করা হয়। ফলে ন্যায়-অন্যায়ের মানদণ্ড আর সর্বজনীন থাকে না; তা পরিণত হয় পক্ষভিত্তিক সুবিধার যন্ত্রে।

কালবের পরিচ্ছন্নতা শুরু হবে এই মানসিক হিসাবের ভেতরে প্রবেশ করার মাধ্যমে। নিজেকে প্রশ্ন করতে হবে—আমি কি সত্যিই মানুষের উপকার করতে চাই, নাকি মানুষের উপকারের মধ্য দিয়েও নিজের প্রভাব বাড়াতে চাই? আমি কি অন্যায়ের বিরুদ্ধে, নাকি শুধু প্রতিপক্ষের অন্যায়ের বিরুদ্ধে? আমি কি ন্যায়বিচার চাই, নাকি নিজের পছন্দের মানুষের জন্য বিশেষ ছাড় প্রত্যাশা করি? আমি কি সত্যের পক্ষে দাঁড়াই, নাকি যে সত্য আমার অবস্থানকে শক্তিশালী করে, কেবল সেটিকেই গ্রহণ করি? এই প্রশ্নগুলো সহজ নয়। কারণ এগুলোর উত্তর দিতে গেলে নিজের দীর্ঘদিনের বিশ্বাস, সুবিধা, সম্পর্ক ও রাজনৈতিক অবস্থানের মুখোমুখি হতে হয়।

বিশেষত ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের সামনে এই আত্মজিজ্ঞাসা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি বড় রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা কেবল ক্ষমতার মালিকানা বদলানোর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রশ্ন হলো, আমরা কি শুধু ক্ষমতার চেয়ার পরিবর্তন করতে চেয়েছিলাম, নাকি ক্ষমতা ব্যবহারের নৈতিকতাও পরিবর্তন করতে চেয়েছিলাম? আমরা কি এমন একটি সমাজ প্রত্যাশা করেছিলাম, যেখানে ন্যায়বিচার হবে সবার জন্য, নাকি এমন একটি নতুন ব্যবস্থা চেয়েছিলাম, যেখানে আমাদের পছন্দের মানুষগুলো ক্ষমতায় থাকবে এবং তাদের সিদ্ধান্তই ন্যায়বিচার বলে বিবেচিত হবে?

এই প্রশ্নের গুরুত্ব এখানেই যে, রাজনৈতিক পরিবর্তন এবং নৈতিক পরিবর্তন এক বিষয় নয়। ক্ষমতার কেন্দ্র পরিবর্তিত হতে পারে, নেতৃত্বের মুখ পরিবর্তিত হতে পারে, প্রশাসনিক কাঠামোতে নতুন ব্যক্তিরা আসতে পারেন, এমনকি রাষ্ট্র পরিচালনার ভাষা ও স্লোগানও বদলে যেতে পারে। কিন্তু মানুষের ভেতরে যদি প্রতিহিংসা, আত্মম্ভরিতা, পক্ষপাত, ক্ষমতার মোহ এবং অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবর্তনের মৌলিক উদ্দেশ্য পূরণ হয় না। পুরোনো মানসিকতার ওপর নতুন স্লোগান বসালে সেটি হৃদয়ের সংস্কার হয় না; কেবল সাইনবোর্ড বদলায়।

কালবের পরিচ্ছন্নতার প্রকৃত পরীক্ষা তাই রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রেও নিজের নৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারার মধ্যে। নিজের পক্ষের মানুষ অন্যায় করলে তার সমালোচনা করার সাহস এবং প্রতিপক্ষের মানুষ ন্যায়সংগত কাজ করলে তা স্বীকার করার সততা—এই দুই গুণ ছাড়া নৈতিকতার দাবি পূর্ণতা পায় না। যে ন্যায়বোধ নিজের লোকের জন্য এক রকম এবং অন্যের জন্য আরেক রকম, সেটি প্রকৃত অর্থে ন্যায়বোধ নয়; সেটি স্বার্থের অনুকূলে তৈরি একটি সুবিধাজনক ব্যাখ্যা মাত্র। হৃদয়ের এই স্তরে পরিচ্ছন্নতা প্রতিষ্ঠা করতে পারলে মানুষের রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও তার নৈতিক ভিত্তি হতে পারে অভিন্ন—সত্য, ন্যায়, দায়িত্ব ও মানবিক মর্যাদা।

ফুয়াদে ময়লা: মানুষের কষ্ট দেখি, কিন্তু অনুভব করি না!

ফুয়াদ (Fu’ad) মানুষের গভীর অনুভব, উপলব্ধি ও আবেগগত সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতীকী স্তর। মানুষের চোখে কোনো ঘটনা ধরা পড়া এবং হৃদয়ে সেই ঘটনার মানবিক তাৎপর্য অনুভূত হওয়া এক বিষয় নয়। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের দুঃখ-কষ্ট, অসহায়ত্ব, অপমান, বঞ্চনা ও অনিশ্চয়তার খবর পাই। সংবাদপত্রে পড়ি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি, টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করি। কিন্তু প্রশ্ন হলো, এসব ঘটনা কি সত্যিই আমাদের ভেতরে কোনো মানবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে? নাকি আমরা কেবল তথ্যটি গ্রহণ করি, কয়েক মুহূর্ত আলোচনা করি, তারপর নিজের সুবিধাজনক অবস্থানে ফিরে যাই?

কোনো মানুষ চাকরি হারালে, সামাজিকভাবে অপদস্থ হলে, অন্যায়ভাবে অভিযুক্ত হলে কিংবা দীর্ঘদিনের অবিশ্বাস ও ভয়ের মধ্যে দিন কাটালে আমরা কি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করি? তার জীবনের অনিশ্চয়তা, পরিবারের দুশ্চিন্তা, সামাজিক মর্যাদার সংকট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগকে কি গুরুত্ব দিই? নাকি এসব প্রশ্নের আগেই জানতে চাই, সে কোন পক্ষের মানুষ? তার রাজনৈতিক পরিচয় কী? অতীতে সে কাকে সমর্থন করেছে? তার সঙ্গে আমাদের আদর্শগত দূরত্ব কতটুকু? পরিচয় যাচাই করতে করতে কখন যে মানুষের কষ্টের প্রতি আমাদের সংবেদনশীলতা হারিয়ে যায়, তা আমরা নিজেরাও বুঝতে পারি না।

অথচ মতের অমিল থাকা এবং মানুষের মৌলিক অধিকার অস্বীকার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। একজন মানুষের রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, তার অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তার কোনো সিদ্ধান্তের সমালোচনা করা যেতে পারে। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনসম্মত ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তার জবাবদিহিও নিশ্চিত করা যেতে পারে। কিন্তু এসবের কোনোটিই তার ন্যায্য অধিকার, মানবিক মর্যাদা ও মৌলিক প্রয়োজন অস্বীকার করার বৈধতা দেয় না। অভিযোগের বিচার হবে প্রমাণের ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে নয়; জবাবদিহি নিশ্চিত হবে আইনের মাধ্যমে, সামাজিক প্রতিহিংসার মাধ্যমে নয়। এই পার্থক্যটি বুঝতে পারাই মানবিক উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

এখানেই ফুয়াদের পরিচ্ছন্নতার প্রশ্নটি সামনে আসে। যে হৃদয় সত্যিকার অর্থে অনুভব করতে শেখে, সে শুধু নিজের মানুষের কান্না শুনতে পায় না; অন্যের কান্নাও তার কাছে অর্থবহ হয়ে ওঠে। সে মানুষের দুঃখকে রাজনৈতিক পরিচয়ের মাপকাঠিতে ভাগ করে না। অন্যায়ের শিকার ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রকাশ করার আগে তার দলীয় পরিচয় জানতে চায় না। কারণ সে বুঝতে পারে, মানুষের কষ্টের কোনো দলীয় রং নেই। ক্ষুধা, অসুস্থতা, অপমান, চাকরি হারানোর অনিশ্চয়তা কিংবা সামাজিক নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর একক অভিজ্ঞতা নয়।

আমাদের সমাজে অবশ্য অনেক সময় মনে হয়, সহমর্মিতারও যেন দলীয় কার্ড রয়েছে। নিজের দলের কেউ বিপদে পড়লে মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিয়ে সোচ্চার হওয়া হয়; কিন্তু অন্য পক্ষের কেউ একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে হঠাৎ মানবাধিকারের সংজ্ঞা নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়! তখন অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই ব্যক্তির রাজনৈতিক পরিচয় সামনে আনা হয়, তার অতীতের ভুল খোঁজা হয়, এমনকি তার দুর্ভোগকে ন্যায্য প্রতিফল হিসেবেও উপস্থাপন করা হয়। এই দ্বৈত আচরণ শুধু ব্যক্তির মানবিকতাকেই দুর্বল করে না; সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার নৈতিক ভিত্তিকেও ক্ষতিগ্রস্ত করে।

সহমর্মিতা (Empathy) মানে এই নয় যে, অন্যের সব কাজকে সমর্থন করতে হবে কিংবা অন্যায়ের জবাবদিহি থেকে কাউকে অব্যাহতি দিতে হবে। বরং এর অর্থ হলো, কোনো ব্যক্তির কাজের মূল্যায়ন করার সময়ও তার মানবিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। একজন মানুষের ভুলের সমালোচনা করা যায়, কিন্তু তাকে মানুষ হিসেবে অপমান করার অধিকার কারও নেই। আইনগতভাবে দায়বদ্ধ করা যায়, কিন্তু প্রতিহিংসার শিকার করা যায় না। মতাদর্শের বিরোধিতা করা যায়, কিন্তু তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। এই ভারসাম্যই সভ্য সমাজের অন্যতম নৈতিক ভিত্তি।

ফুয়াদের পরিচ্ছন্নতা অর্জনের জন্য তাই অন্যের দুঃখকে নিজের হৃদয়ে অনুভব করার ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। কারও দুর্দশা দেখে কেবল সহানুভূতির কয়েকটি বাক্য উচ্চারণ করাই যথেষ্ট নয়; তার পরিস্থিতি বুঝতে চেষ্টা করা, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত অবস্থান নেওয়াও জরুরি। মানবিকতা কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়, কোনো সংগঠনের ট্রেডমার্ক নয়, কোনো ক্ষমতাবান ব্যক্তির দয়ার অনুদানও নয়। এটি মানুষের প্রতি মানুষের মৌলিক দায়িত্ব। যে সমাজ এই সত্যটি ভুলে যায়, সেখানে মানুষ ক্রমে নাগরিক পরিচয়ের চেয়ে গোষ্ঠীগত পরিচয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তখন মানবিক সম্পর্কের জায়গা দখল করে সন্দেহ, বিভাজন ও প্রতিশোধের সংস্কৃতি।

লুব্বে ময়লা: জ্ঞান আছে, প্রজ্ঞা কোথায়? ধর্ম আছে, চরিত্র কোথায়?

সবশেষে আসা যাক লুব্বে (Lubb)—হৃদয়ের নির্যাস, বিশুদ্ধ প্রজ্ঞা, গভীর উপলব্ধি ও চিন্তার পরিণত রূপের প্রতীকী স্তরে। এই স্তরটি মানুষের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার এমন একটি অবস্থাকে নির্দেশ করে, যেখানে বাহ্যিক পরিচয়, সাময়িক আবেগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা সামাজিক মর্যাদার ঊর্ধ্বে উঠে মানুষ সত্যের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করে। এখানে প্রশ্নটি শুধু আমি কী জানি, তা নয়; বরং আমি যা জানি, তা আমার চিন্তা, সিদ্ধান্ত, আচরণ ও চরিত্রকে কতটা পরিবর্তন করেছে।

জ্ঞান ও প্রজ্ঞার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জ্ঞান মানুষকে তথ্য, ধারণা ও তত্ত্ব সম্পর্কে অবহিত করে; কিন্তু প্রজ্ঞা সেই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে জীবনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষমতা তৈরি করে। একজন মানুষ অনেক ধর্মীয় আলোচনা জানতে পারেন, অসংখ্য নৈতিক বক্তব্য উদ্ধৃত করতে পারেন, বিভিন্ন দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করতে পারেন; কিন্তু সেই জ্ঞান যদি তার আচরণে বিনয়, ন্যায়বোধ, সংযম ও মানবিকতা সৃষ্টি না করে, তাহলে তার আত্মসমালোচনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ জ্ঞানের প্রকৃত মূল্য কেবল স্মৃতিতে তার সঞ্চয় নয়; মানুষের জীবন ও চরিত্রে তার ইতিবাচক প্রভাব।

আমরা ধর্মীয় আলোচনা করি, নৈতিকতার কথা বলি, কোরআনের আয়াত উদ্ধৃত করি, হাদিসের ব্যাখ্যা দিই। এসবই ধর্মীয় ও নৈতিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই জ্ঞান আমাদের দৈনন্দিন আচরণে কতটা প্রতিফলিত হয়? মসজিদে বিনয় ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে বেরিয়ে এসে অধস্তন কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করলে, ধর্মীয় মাহফিলে মানুষের প্রতি ভালোবাসার কথা বলে বাস্তবে বিপদগ্রস্ত প্রতিবেশীর পাশ থেকে সরে দাঁড়ালে, ন্যায়বিচারের বয়ান দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করলে—তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ধর্মীয় জ্ঞান আমাদের চরিত্রে কতটুকু প্রবেশ করেছে?

এখানে ধর্মীয় জ্ঞানের সমালোচনা নয়, বরং জ্ঞান ও আচরণের মধ্যকার ব্যবধানের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। কারণ ধর্মীয় শিক্ষা যদি মানুষের মধ্যে সত্যনিষ্ঠা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা তৈরি না করে, তাহলে সেই শিক্ষার আত্মিক উদ্দেশ্য নিয়ে নিজেকেই প্রশ্ন করতে হবে। কেবল ধর্মীয় পরিচয় কিংবা আনুষ্ঠানিকতার মাধ্যমে নৈতিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা যায় না। মানুষের সঙ্গে আচরণ, দুর্বল মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, ক্ষমতার ব্যবহারে সংযম এবং অন্যের অধিকার রক্ষার মধ্য দিয়েই তার নৈতিক অবস্থানের বাস্তব পরিচয় প্রকাশ পায়।

লুব্বের পরিচ্ছন্নতা তাই প্রথমত নিজের অহংকারকে ছোট করা এবং সত্যকে বড় করে দেখার অনুশীলন। ক্ষমতাকে ব্যক্তিগত সম্পত্তি না ভেবে আমানত হিসেবে গ্রহণ করা, অন্যের অধিকারকে নিজের স্বার্থের সমান গুরুত্ব দেওয়া এবং নিজের সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে প্রস্তুত থাকা—এসবই প্রজ্ঞার বাস্তব প্রকাশ। যে ব্যক্তি সত্যিকার অর্থে প্রজ্ঞাবান, সে প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে না। সে বোঝে, কর্তৃত্ব আর মর্যাদা এক জিনিস নয়; ভয় আর শ্রদ্ধাও এক নয়। মানুষকে ভয় দেখিয়ে সাময়িক নীরবতা নিশ্চিত করা যায়, কিন্তু তার অন্তরে প্রকৃত শ্রদ্ধা তৈরি করা যায় না। চাপ সৃষ্টি করে আনুগত্য আদায় করা সম্ভব হতে পারে, কিন্তু আন্তরিক সহযোগিতা কিংবা ভালোবাসা আদায় করা সম্ভব নয়।

বিশেষত নেতৃত্বের ক্ষেত্রে এই উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি নেতৃত্ব দেন, তাঁর পদ বা ক্ষমতা তাঁকে অন্য মানুষের ওপর নৈতিক শ্রেষ্ঠত্ব প্রদান করে না; বরং তাঁর ওপর দায়িত্বের বোঝা বাড়িয়ে দেয়। তাঁর সিদ্ধান্তে অন্যের জীবন, জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে। তাই ক্ষমতার সঙ্গে বিনয়, কর্তৃত্বের সঙ্গে জবাবদিহি এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে ন্যায়বোধের সমন্বয় না ঘটলে নেতৃত্ব সহজেই আধিপত্যে পরিণত হয়। লুব্বের পরিচ্ছন্নতা মানুষকে এই সত্য উপলব্ধি করতে শেখায় যে, প্রকৃত বড়ত্ব অন্যকে ছোট করার মধ্যে নয়; বরং নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের মর্যাদা রক্ষা করার মধ্যে।

তাহলে মনের ময়লা পরিষ্কারের ডিটারজেন্ট কী?

এবার একটি সহজ প্রশ্ন করা যাক—বাজারে কাপড় পরিষ্কারের জন্য কত ধরনের ডিটারজেন্ট পাওয়া যায়! সাদা কাপড়ের জন্য আলাদা, রঙিন কাপড়ের জন্য আলাদা, কঠিন দাগ তোলার জন্য বিশেষ ব্যবস্থা। বিজ্ঞাপনেও প্রতিশ্রুতির অভাব নেই। কয়েক মিনিটে উজ্জ্বল পরিচ্ছন্নতা, দীর্ঘস্থায়ী সতেজতা, এমনকি পুরোনো দাগও দূর করার নানা আশ্বাস। কিন্তু মানুষের মনের ময়লা পরিষ্কারের জন্য এমন কোনো এক্সপ্রেস ওয়াশিং পাউডার এখনো আবিষ্কৃত হয়নি, যা একবার ব্যবহার করলেই অহংকার, হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা ও আত্মপ্রবঞ্চনা দূর হয়ে যাবে!

কারণ মনের ময়লা কাপড়ের দাগের মতো নয়। এটি অনেক সময় মানুষের চিন্তার সঙ্গে মিশে যায়, অভ্যাসের অংশ হয়ে ওঠে, এমনকি নিজের কাছে যুক্তিসংগত বলেও মনে হয়। একবার তওবা করলাম, পরদিন আবার অহংকারে ফিরে গেলাম। একবার ক্ষমা চাইলাম, পরদিন আবার প্রতিশোধের পরিকল্পনা শুরু করলাম। একবার মানবিকতার বক্তৃতা দিলাম, পরদিন মানুষের বিপদে দরজা বন্ধ করে দিলাম। একদিন ন্যায়বিচারের কথা বললাম, পরদিন নিজের স্বার্থে সেই ন্যায়বিচারের মানদণ্ড বদলে ফেললাম। এই যে কথার সঙ্গে কাজের, বিশ্বাসের সঙ্গে আচরণের এবং আদর্শের সঙ্গে বাস্তবতার ব্যবধান—এটাই মনের গভীরে জমে থাকা ময়লার একটি প্রকাশ।

সুতরাং হৃদয়ের পরিচ্ছন্নতা কোনো এককালীন কর্মসূচি নয়। এটি নিয়মিত আত্মপর্যবেক্ষণ, আত্মসমালোচনা, অনুশোচনা এবং আচরণ সংশোধনের ধারাবাহিক প্রক্রিয়া। মানুষ ভুল করবে, কখনো আবেগের বশে অন্যায় সিদ্ধান্ত নেবে, কখনো নিজের স্বার্থকে বড় করে দেখবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের ভুল শনাক্ত করতে পারছে কি না, ভুল স্বীকার করার সাহস রাখছে কি না এবং সংশোধনের জন্য বাস্তব পদক্ষেপ নিচ্ছে কি না। আত্মশুদ্ধির অর্থ নিজেকে নিখুঁত মানুষ হিসেবে ঘোষণা করা নয়; বরং নিজের অপূর্ণতা সম্পর্কে সচেতন থেকে প্রতিদিন আরও ন্যায়সংগত ও মানবিক হয়ে ওঠার চেষ্টা করা।

এই আত্মপরিচর্যার অংশ হিসেবে নিজের জন্য অন্তত সাতটি ছোট পরীক্ষা চালু করা যেতে পারে। এগুলো কোনো আনুষ্ঠানিক পরীক্ষা নয়, অন্যের কাছে উত্তীর্ণ হওয়ার প্রতিযোগিতাও নয়। বরং প্রতিদিনের জীবনে নিজের নৈতিক অবস্থান যাচাই করার কিছু সহজ প্রশ্ন।

  • প্রশ্ন-০১: অহংকারের পরীক্ষা। আমি কি পদ-পদবি, অর্থ, সামাজিক মর্যাদা, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রভাবের কারণে অন্য মানুষকে নিজের তুলনায় ছোট মনে করি? আমার অধীনস্থ বা অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে থাকা মানুষের সঙ্গে আমার আচরণ কি আমার প্রকৃত চরিত্র প্রকাশ করে?
  • প্রশ্ন-০২: সহযোগিতার পরীক্ষা। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কি কাউকে সাহায্য করা থেকে বিরত থাকি? কারও প্রয়োজনের সময় আমি কি তার মানবিক পরিস্থিতি বিবেচনা করি, নাকি সে আমার পরিচিত বা সমর্থক কি না, সেটিই আগে দেখি?
  • প্রশ্ন-০৩: ভিন্নমতের পরীক্ষা। কেউ আমার সঙ্গে একমত না হলেই কি তাকে প্রতিপক্ষ বা শত্রু ভাবতে শুরু করি? তার বক্তব্যে যুক্তি থাকলে নিজের অবস্থান সংশোধন করতে আমি প্রস্তুত কি না?
  • প্রশ্ন-০৪: ন্যায়বিচারের পরীক্ষা। নিজের ও প্রতিপক্ষের জন্য কি একই নৈতিক মানদণ্ড প্রয়োগ করি? আমার পছন্দের মানুষ অন্যায় করলে আমি কি তার সমালোচনা করতে পারি, আর অপছন্দের মানুষ ন্যায়সংগত কাজ করলে তা স্বীকার করার সততা কি আমার আছে?
  • প্রশ্ন-০৫: ক্ষমতার পরীক্ষা। আমি কি ক্ষমতাকে মানুষের সেবা করার আমানত হিসেবে দেখি, নাকি অন্যকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করি? আমার অবস্থান কি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখে, নাকি মানুষকে আমার ইচ্ছার অধীন করে?
  • প্রশ্ন-০৬: সহমর্মিতার পরীক্ষা। অন্যের কষ্ট কি আমার মধ্যে সত্যিকারের মানবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে? যে ব্যক্তি আমার রাজনৈতিক বা সামাজিক অবস্থানের বিরোধী, তার বিপদেও কি আমি ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে পারি?
  • প্রশ্ন-০৭: আত্মসমালোচনার পরীক্ষা। প্রতিদিন অন্তত একবার কি নিজেকে জিজ্ঞাসা করি—আজ আমার কোনো কথা, সিদ্ধান্ত বা আচরণের কারণে কারও মন খারাপ হয়েছে কি না? কাউকে অন্যায়ভাবে অপমান করেছি কি না? কোনো মানুষের ন্যায্য অধিকার উপেক্ষা করেছি কি না? ভুল হয়ে থাকলে তা সংশোধনের জন্য আমি কী করতে পারি?

এই সাতটি প্রশ্নের উত্তর অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই। কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করারও দরকার নেই। নিজের কাছেই উত্তর দিলেই চলবে। তবে একটি শর্ত আছে—উত্তর যেন নিজের সুবিধামতো সাজানো না হয়। কারণ আত্মপ্রবঞ্চনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মানুষ কখনো কখনো নিজের কাছেও সত্য গোপন করতে শেখে। তাই এই পরীক্ষার প্রকৃত মূল্য নম্বর পাওয়ার মধ্যে নয়; বরং নিজের দুর্বলতা শনাক্ত করে তা সংশোধনের সাহস অর্জনের মধ্যে।

চিন্তক জিজ্ঞাসা: মনের ময়লা পরিষ্কারের দায়িত্ব কার?

শেষ পর্যন্ত প্রশ্নটি অত্যন্ত সাধারণ, কিন্তু এর উত্তর মোটেও সহজ নয়—আমার মনের ময়লা কে পরিষ্কার করবে? কোনো রাজনৈতিক দল? কোনো ক্ষমতাবান ব্যক্তি? কোনো ধর্মীয় বা সামাজিক সংগঠনের নেতা? রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান? নাকি অন্য কেউ এসে আমার ভেতরের অহংকার, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা ও আত্মপ্রবঞ্চনা দূর করে দেবে?

বাস্তবতা হলো, অন্যের উপদেশ আমাদের সচেতন করতে পারে, ধর্মীয় শিক্ষা আত্মশুদ্ধির পথ দেখাতে পারে, পরিবার ও সমাজ ভালো আচরণের পরিবেশ তৈরি করতে পারে, আর রাষ্ট্রের আইন ও প্রতিষ্ঠান নৈতিক ও জবাবদিহিমূলক আচরণকে উৎসাহিত করতে পারে। কিন্তু নিজের অন্তরের পরিবর্তনের প্রথম দায়িত্ব নিজের। অন্য কেউ আমাকে ভুলটি দেখিয়ে দিতে পারেন, কিন্তু ভুল স্বীকার করতে হবে আমাকে। কেউ ক্ষমা চাইতে উৎসাহিত করতে পারেন, কিন্তু যাকে কষ্ট দিয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। কেউ ন্যায়বিচারের কথা স্মরণ করিয়ে দিতে পারেন, কিন্তু অন্যের অধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমাকে।

এই পরিবর্তনের জন্য শুধু অনুশোচনা যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব সংশোধন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে, অন্যের অধিকার ফিরিয়ে দিতে হবে, অন্যায় থেকে ফিরে আসতে হবে এবং মানুষের সঙ্গে আচরণে বিনয় ও সহমর্মিতা প্রতিষ্ঠা করতে হবে। কারও প্রতি অন্যায় করে শুধু ব্যক্তিগত অনুতাপ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। যার অধিকার ক্ষুণ্ন হয়েছে, তার অধিকার যথাসম্ভব ফিরিয়ে দেওয়া এবং ক্ষতির প্রতিকার করার চেষ্টা করাও নৈতিক দায়িত্বের অংশ। অর্থাৎ, আত্মশুদ্ধি কেবল ব্যক্তিগত অনুভূতির বিষয় নয়; এটি মানুষের সঙ্গে সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যেও প্রকাশ পেতে হবে।

যাঁরা সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে চান, তাঁদের জন্য এই আত্মসমালোচনার দায়িত্ব আরও বেশি। কারণ নেতৃত্ব মানে শুধু অন্যকে পরিচালনা করা নয়; নিজের আচরণ, সিদ্ধান্ত ও নৈতিক অবস্থানের মধ্য দিয়েও উদাহরণ সৃষ্টি করা। একজন নেতা যদি মানুষের কাছে বিনয়, সততা, ন্যায়বিচার ও জবাবদিহি প্রত্যাশা করেন, তাহলে তাঁকে নিজের জীবনেও সেই মানদণ্ড অনুসরণ করতে হবে। তিনি যদি নিজের সমালোচনা সহ্য করতে না পারেন, ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখেন, ক্ষমতার অপব্যবহার করেন কিংবা নিজের অনুসারীদের অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলে তাঁর মুখের নৈতিক বক্তব্য ক্রমেই বিশ্বাসযোগ্যতা হারাবে। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা অনুসারীর সংখ্যা, বক্তৃতার জনপ্রিয়তা কিংবা ক্ষমতার বিস্তারে নয়; বরং ক্ষমতা হাতে থাকার পরও ন্যায়ের প্রতি অবিচল থাকতে পারার মধ্যে।

২০২৪ সালের পরিবর্তন বাংলাদেশের মানুষের সামনে নতুন প্রত্যাশা, নতুন প্রশ্ন এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন নিজে থেকেই মানুষের চরিত্র পরিবর্তন করে দেয় না। পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তব অর্থ দিতে হলে তাকে নৈতিকতা, মানবিকতা, সহযোগিতা, সহনশীলতা ও জবাবদিহির সংস্কৃতিতে রূপান্তর করতে হবে। অন্যথায় পরিবর্তনের ভাষা যতই নতুন হোক, পুরোনো আচরণই নতুন ব্যবস্থার ভেতরে জায়গা করে নেবে। তখন ইতিহাসের দৃশ্যপট বদলাবে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মৌলিক সংকট অমীমাংসিত থেকে যাবে।

এখানেই আমাদের সবার সামনে একটি চিন্তক প্রশ্ন রেখে যেতে চাই—সবাই যদি অন্যের হৃদয়ে ময়লা খুঁজতে ব্যস্ত থাকেন, তাহলে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেবেন কে? আমরা কি কখনো নিজের হৃদয়ের আয়নায় তাকিয়ে দেখেছি? হয়তো দেখা যাবে, অন্যের ঘরের ধুলো নিয়ে এতক্ষণ যে দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলাম, নিজের ঘরের জানালাটিই বহুদিন খোলা হয়নি! বাইরে থেকে ঘরটি পরিচ্ছন্ন মনে হলেও ভেতরে জমে আছে পুরোনো অভিমান, অহংকার, হিংসা, সংকীর্ণতা ও প্রতিহিংসার আবর্জনা।

মনে রাখতে হবে, ক্ষমতার পরিচয় মানুষকে বড় করে না; মানুষের প্রতি তার আচরণই প্রকৃত পরিচয় প্রকাশ করে। পদ-পদবি সাময়িক, রাজনৈতিক অবস্থান পরিবর্তনশীল, সামাজিক প্রভাবও চিরস্থায়ী নয়। কিন্তু একজন মানুষ অন্যের সঙ্গে কেমন আচরণ করেছেন, দুর্বল মানুষের অধিকার কতটা রক্ষা করেছেন, ভিন্নমতের প্রতি কতটা সহনশীল ছিলেন এবং নিজের ক্ষমতা ও সামর্থ্যকে কতটা মানবিক কাজে ব্যবহার করেছেন—এসবের মধ্য দিয়েই তাঁর নৈতিক পরিচয় গড়ে ওঠে।

হৃদয়ের পরিচ্ছন্নতা তাই কোনো এক দিনের অভিযান নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো আনুষ্ঠানিক ধর্মীয় আয়োজনও নয়। এটি প্রতিদিনের সাধনা, প্রতিদিনের আত্মসমালোচনা এবং প্রতিদিনের মানবিক অনুশীলন। কখনো নিজের ভুল স্বীকার করা, কখনো অন্যের প্রতি অন্যায় আচরণের জন্য ক্ষমা চাওয়া, কখনো প্রতিপক্ষের ন্যায্য অধিকার রক্ষা করা, আবার কখনো নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযম প্রদর্শন করা—এসব ছোট ছোট কাজের মধ্য দিয়েই হৃদয়ের পরিচ্ছন্নতা বাস্তব রূপ পায়।

রাষ্ট্রের পরিবর্তন ইতিহাস তৈরি করে; কিন্তু মানুষের হৃদয়ের পরিবর্তন সেই ইতিহাসকে অর্থবহ করে তোলে। রাজনৈতিক পরিবর্তন একটি নতুন সময়ের সূচনা করতে পারে, কিন্তু সেই সময় কতটা ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ হবে, তা নির্ভর করে মানুষের চিন্তা, বিশ্বাস, বিবেক ও আচরণের ওপর। অতএব, অন্যের হৃদয়ের ময়লা খোঁজার আগে নিজের হৃদয়ের দরজাটি খুলে দেওয়া জরুরি। কারণ পরিচ্ছন্ন সমাজের সূচনা কোনো দূরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নয়; তার প্রথম ঠিকানা মানুষের নিজের হৃদয়।

তাৎপর্য ও শিক্ষণীয় দিক: হৃদয়ের সংস্কার ছাড়া সামাজিক সংস্কার কি সম্ভব?

হৃদয়ের চারটি স্তর—সদর (Sadr), কালব (Qalb), ফুয়াদ (Fu’ad) ও লুব্ব (Lubb)—এর প্রতীকী ব্যাখ্যা এবং বাংলাদেশের পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এর তুলনামূলক বিশ্লেষণ আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে: মানুষের অন্তর্গত বিশ্বাস, নৈতিকতা, অনুভূতি ও প্রজ্ঞার পরিবর্তন ছাড়া কি একটি সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব? রাষ্ট্রের আইন, প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক নেতৃত্ব কিংবা ক্ষমতার বিন্যাস পরিবর্তন করা যায়; কিন্তু মানুষের চিন্তা, মানসিকতা, আচরণ ও নৈতিক অবস্থানের পরিবর্তন কি একই প্রক্রিয়ায় সম্পন্ন হয়? বাস্তব অভিজ্ঞতা বলে, তা হয় না। বরং অনেক সময় দেখা যায়, যে মানসিকতার বিরুদ্ধে একসময় মানুষ প্রতিবাদ করেছে, ক্ষমতা ও সুযোগের অবস্থান পরিবর্তিত হওয়ার পর সেই একই মানসিকতা নতুন পরিচয়ে আবার ফিরে আসে। ফলে সামাজিক সংস্কারের প্রশ্নটি কেবল রাষ্ট্রের প্রতিষ্ঠান পুনর্গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি মানুষের বিবেক, আত্মোপলব্ধি, নৈতিক দায়িত্ব এবং পারস্পরিক সম্পর্কের গভীরতর প্রশ্নে পরিণত হয়।

এই বিবেচনায় হৃদয়ের চারটি স্তরের আলোচনা কেবল ব্যক্তিগত আত্মশুদ্ধি বা ধর্মীয় অনুশীলনের বিষয় নয়; বরং বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে বোঝার জন্য একটি নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণী কাঠামো হিসেবেও তাৎপর্যপূর্ণ। সদর আমাদের বাইরের জগতের সঙ্গে সম্পর্ক ও প্রতিক্রিয়া পরীক্ষা করতে শেখায়; কালব আমাদের বিশ্বাস, নিয়ত ও নৈতিক অবস্থানের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে; ফুয়াদ অন্যের কষ্ট উপলব্ধি করার মানবিক সংবেদনশীলতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়; আর লুব্ব জ্ঞান, প্রজ্ঞা, সত্য ও আত্মিক বিশুদ্ধতার মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। এই চারটি স্তরকে সামাজিক জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে।

ক্ষমতার পরিবর্তন আর মানসিকতার পরিবর্তন এক বিষয় নয়

রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন মূলত একটি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ঘটনা। রাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তিত হতে পারে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নতুন ব্যক্তিরা আসতে পারেন, রাজনৈতিক দল ও সংগঠনের প্রভাবের ভারসাম্য বদলে যেতে পারে। কিন্তু কর্তৃত্ববাদী মানসিকতার পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এটি দীর্ঘমেয়াদি সামাজিক, মনস্তাত্ত্বিক ও নৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হয়। কারণ কর্তৃত্ববাদ কেবল কোনো বিশেষ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়; এটি মানুষের চিন্তা, আচরণ, ক্ষমতার ধারণা এবং অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্যেও বিকশিত হতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বৈপরীত্য লক্ষ করা যায়। যে ব্যক্তি একসময় ক্ষমতাহীন অবস্থানে থেকে কর্তৃত্বের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তিনিই ক্ষমতার অবস্থানে পৌঁছে অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন। অতীতে তিনি যে আচরণকে অন্যায় বলে প্রত্যাখ্যান করেছিলেন, নতুন পরিস্থিতিতে নিজের স্বার্থে সেই আচরণকেই গ্রহণযোগ্য মনে করতে পারেন। অর্থাৎ, ক্ষমতার অবস্থান পরিবর্তিত হয়েছে, কিন্তু ক্ষমতা সম্পর্কে তাঁর মৌলিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। একসময় তিনি ছিলেন কর্তৃত্বের শিকার, পরে নিজেই কর্তৃত্বের চর্চাকারী হয়ে উঠেছেন। এটি ব্যক্তির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেয়েও গভীর একটি নৈতিক সংকটের পরিচয় বহন করে।

এই বাস্তবতা আমাদের সদর, কালব ও লুব্বের আলোচনায় ফিরে যেতে বাধ্য করে। সদরের সংকীর্ণতা মানুষকে ভিন্নমত গ্রহণে বাধা দেয়; কালবের অহংকার নিজের অবস্থানকে প্রশ্নাতীত মনে করতে শেখায়; আর লুব্বের প্রজ্ঞাহীনতা ক্ষমতার সীমা ও দায়িত্ব সম্পর্কে উপলব্ধিকে দুর্বল করে। ফলে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের পরও পুরোনো ক্ষমতাচর্চা নতুন পরিচয়, নতুন স্লোগান ও নতুন নেতৃত্বের মাধ্যমে পুনরুত্পাদিত হতে পারে। বাহ্যিক পরিবর্তন তখন অভ্যন্তরীণ সংস্কারের বিকল্প হয়ে দাঁড়ায়, অথচ প্রকৃত পরিবর্তনের জন্য দুটির মধ্যে সমন্বয় অপরিহার্য।

এখানে শিক্ষাটি হলো, ক্ষমতার সংস্কার শুধু ক্ষমতার মালিকানা বা বণ্টন পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। ক্ষমতা কীভাবে ব্যবহার করা হবে, তার সীমা কোথায়, ক্ষমতাবান ব্যক্তি কীভাবে জবাবদিহির আওতায় থাকবেন এবং নিজের কর্তৃত্বের ওপর কীভাবে নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন—এসব প্রশ্নকে সংস্কারের কেন্দ্রে আনতে হবে। রাজনৈতিক পরিবর্তনকে টেকসই করতে হলে ক্ষমতার ব্যবহার সম্পর্কে নতুন নৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। অন্যথায় নতুন ব্যবস্থার ভেতরেই পুরোনো ক্ষমতার চরিত্র ফিরে আসার আশঙ্কা থেকে যায়।

ন্যায়বিচার হতে হবে সর্বজনীন, পক্ষনির্ভর নয়

একটি সুস্থ সমাজের অন্যতম প্রধান ভিত্তি হলো ন্যায়বিচারের সর্বজনীনতা। কিন্তু আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রায়ই দেখা যায়, ন্যায়-অন্যায়ের মানদণ্ড ব্যক্তির পরিচয়, রাজনৈতিক অবস্থান, মতাদর্শ কিংবা গোষ্ঠীগত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। নিজের পক্ষের কেউ অন্যায় করলে সেটিকে ভুল বোঝাবুঝি, পরিস্থিতির চাপ কিংবা অনিবার্য রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হয়। অথচ প্রতিপক্ষের কেউ একই কাজ করলে সেটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। একই আচরণের জন্য দুই ধরনের নৈতিক মানদণ্ড প্রয়োগের এই প্রবণতা সামাজিক ন্যায়বিচারের ভিত্তিকেই দুর্বল করে দেয়।

সমস্যাটি শুধু ব্যক্তিগত পক্ষপাতের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিস্তৃত হতে পারে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের পরিচয়কে ন্যায়বিচারের ঊর্ধ্বে মনে করতে শুরু করে, তখন আইন ও নৈতিকতার পরিবর্তে আনুগত্য, প্রভাব ও সম্পর্ক বিচার নির্ধারণের প্রধান উপাদান হয়ে ওঠে। ফলে সাধারণ নাগরিকের মনে রাষ্ট্রের নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ তৈরি হয়। মানুষ তখন ন্যায়বিচার পাওয়ার জন্য আইনের ওপর নির্ভর করার পরিবর্তে ক্ষমতাবান কারও সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক প্রভাবকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে। এটি কেবল বিচারব্যবস্থার সংকট নয়; নাগরিকের ন্যায়বোধ ও রাষ্ট্রের প্রতি আস্থারও সংকট।

এখানে কালবের পরিশুদ্ধির তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ নিয়ত ও নৈতিক বিশ্বাস মানুষকে নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে দাঁড়াতে শেখায়। প্রকৃত ন্যায়বোধের পরীক্ষা তখনই হয়, যখন ন্যায়ের সিদ্ধান্ত নিজের স্বার্থ, নিজের দল কিংবা নিজের ঘনিষ্ঠ মানুষের বিরুদ্ধে যায়। নিজের পক্ষের মানুষের অন্যায়কে অন্যায় বলার নৈতিক সাহস এবং প্রতিপক্ষের ন্যায্য অধিকারকে স্বীকার করার সততা না থাকলে ন্যায়বিচারের দাবি কেবল বক্তব্যে সীমাবদ্ধ থেকে যায়।

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন—সর্বজনীন ন্যায়বিচার মানে সব মানুষের কাজের মূল্যায়ন একই রকম হবে, এমন নয়। অপরাধের প্রকৃতি, প্রমাণ, প্রেক্ষাপট ও ব্যক্তির দায়িত্ব অনুযায়ী বিচার ভিন্ন হতে পারে। কিন্তু বিচারপ্রক্রিয়ার নৈতিক ও আইনি মানদণ্ড সবার জন্য সমান হতে হবে। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস, সামাজিক মর্যাদা কিংবা ক্ষমতার অবস্থান কাউকে আইনের ঊর্ধ্বে তুলতে পারে না; আবার কারও পরিচয়ের কারণে তাকে অন্যায্য আচরণের শিকারও করা যায় না।

অতএব, শিক্ষাটি হলো—ন্যায়বিচার ব্যক্তি, দল, মতাদর্শ, ধর্মীয় পরিচয় কিংবা ক্ষমতার অবস্থানের ওপর নির্ভরশীল হতে পারে না। একই ধরনের অন্যায়ের ক্ষেত্রে একই নৈতিক ও আইনি মানদণ্ড প্রয়োগ করতে হবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখতে হবে এবং নাগরিকদের মধ্যেও এমন একটি নৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সত্যের পক্ষে দাঁড়ানো রাজনৈতিক আনুগত্যের চেয়েও গুরুত্বপূর্ণ বিবেচিত হবে।

সহমর্মিতা কোনো রাজনৈতিক সম্পত্তি নয়

মানুষের কষ্টের কোনো দলীয় পরিচয় নেই। রাজনৈতিক অবস্থান, মতাদর্শ কিংবা ব্যক্তিগত বিশ্বাসের পার্থক্য থাকলেও মানুষের দুঃখ, অপমান, নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের মৌলিক অভিজ্ঞতা একই মানবিক বাস্তবতার অংশ। একজন ব্যক্তি রাজনৈতিকভাবে আমার পছন্দের না-ও হতে পারেন, তাঁর সঙ্গে আমার মতের গভীর অমিল থাকতে পারে, এমনকি তাঁর অতীত ভূমিকা নিয়ে সমালোচনাও থাকতে পারে। কিন্তু এসব কারণে তাঁর মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার অস্বীকার করার কোনো নৈতিক ভিত্তি তৈরি হয় না।

মানুষের পরিচয়কে তার মানবিক অধিকারের পূর্বশর্ত বানিয়ে ফেললে সমাজে এক ধরনের বিপজ্জনক বিভাজন তৈরি হয়। তখন কারও বিপদে পাশে দাঁড়ানোর আগে তার রাজনৈতিক পরিচয় যাচাই করা হয়, কারও অপমানের প্রতিবাদ করার আগে তার অতীত ভূমিকা খোঁজা হয়, আর কারও প্রতি অন্যায় হলে সেই অন্যায়ের চেয়ে তার দলীয় পরিচয় বেশি আলোচিত হয়। এভাবে মানবিকতার জায়গায় গোষ্ঠীগত আনুগত্য প্রতিষ্ঠিত হয়। মানুষের কষ্ট তখন আর কষ্ট হিসেবে বিবেচিত হয় না; সেটি হয়ে ওঠে রাজনৈতিক বিতর্কের উপাদান।

ফুয়াদের গভীর উপলব্ধি আমাদের এই জায়গাতেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্যের কষ্টকে শুধু তথ্য হিসেবে জানা এবং সেই কষ্টের মানবিক তাৎপর্য অনুভব করা এক বিষয় নয়। সংবাদে কারও দুর্দশার কথা পড়ে আমরা বিষয়টি জানতে পারি; কিন্তু তার জীবনের অনিশ্চয়তা, পরিবারের উদ্বেগ, সামাজিক অপমান কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয়ের বাস্তবতা উপলব্ধি করতে পারলেই আমাদের মধ্যে প্রকৃত সহমর্মিতা তৈরি হয়। এই উপলব্ধি মানুষকে নিজের অবস্থানের বাইরে অন্যের অভিজ্ঞতার দিকে তাকাতে শেখায়।

সমাজে সহমর্মিতা হারিয়ে গেলে মানুষ পরস্পরের সহযোগী না হয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তখন সহযোগিতার পরিবর্তে সন্দেহ, সংলাপের পরিবর্তে অপবাদ এবং সমস্যার সমাধানের পরিবর্তে প্রতিশোধ সামাজিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার পরিবর্তে তার দুর্বলতাকে রাজনৈতিক বা সামাজিকভাবে ব্যবহার করার প্রবণতা তৈরি হয়। এর ফলে পারস্পরিক আস্থা নষ্ট হয় এবং সমাজের ভেতরে বিচ্ছিন্নতা ক্রমশ গভীর হয়।

তবে সহমর্মিতা মানে অন্যায়কে সমর্থন করা কিংবা অপরাধের জবাবদিহি থেকে কাউকে অব্যাহতি দেওয়া নয়। বরং এর অর্থ হলো, অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি মানুষের মৌলিক মর্যাদা অক্ষুণ্ণ রাখা। অভিযোগের বিচার হবে প্রমাণের ভিত্তিতে, প্রতিহিংসার ভিত্তিতে নয়; সমালোচনা হবে কাজের, মানুষের মানবিক অস্তিত্বের নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও ন্যায়সংগত প্রয়োজনের জায়গাটি অক্ষুণ্ণ রাখতে হবে। এটাই একটি মানবিক সমাজের মৌলিক শর্ত।

সহযোগিতার সংস্কৃতি ছাড়া সামাজিক পরিবর্তন টেকসই হয় না

আমাদের সামাজিক জীবনে একটি মজার অথচ চিন্তার বিষয় হলো—সবাই নেতা হতে চাইলে অনুসারী থাকবে কোথায়? সবাই নির্দেশ দিতে চাইলে কাজ করবে কে? সবাই সম্মান পেতে চাইলে অন্যকে সম্মান দেবে কে? আর প্রত্যেকেই যদি নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে ব্যস্ত থাকে, তাহলে সম্মিলিতভাবে কোনো কাজ সম্পন্ন হবে কীভাবে? প্রশ্নগুলো আপাতদৃষ্টিতে রসাত্মক মনে হলেও এর ভেতরে আমাদের সামাজিক ও সাংগঠনিক জীবনের একটি গভীর সংকট লুকিয়ে আছে।

অনেক সময় দেখা যায়, সহযোগিতার চেয়ে কর্তৃত্ব প্রদর্শনের প্রবণতা বেশি দৃশ্যমান হয়ে ওঠে। সামান্য পদ-পদবি, সংগঠনের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা প্রাতিষ্ঠানিক প্রভাবকে কেন্দ্র করে মানুষ অন্যের ওপর নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়ে পড়ে। কে কার চেয়ে গুরুত্বপূর্ণ, কে কাকে নির্দেশ দিতে পারবেন, কার কথা আগে শুনতে হবে কিংবা কার সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতে হবে—এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়। অথচ যে সামাজিক বা সাংগঠনিক উদ্যোগের উদ্দেশ্য হওয়া উচিত সম্মিলিতভাবে কোনো লক্ষ্য অর্জন, সেখানে ব্যক্তিগত কর্তৃত্বের প্রতিযোগিতা শেষ পর্যন্ত মূল কাজকেই বাধাগ্রস্ত করে।

সমাজ কোনো একক ব্যক্তির ইচ্ছা বা নেতৃত্বের ওপর দাঁড়িয়ে থাকে না। এর অগ্রগতি নির্ভর করে বিভিন্ন মানুষের দক্ষতা, অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার ওপর। একজনের জ্ঞান অন্যজনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হলে, একজনের উদ্যোগ অন্যজনের শ্রমের মাধ্যমে বাস্তব রূপ পেলে এবং ব্যক্তিগত সক্ষমতা সম্মিলিত উদ্দেশ্যের অধীনে সমন্বিত হলে সামাজিক অগ্রগতি সম্ভব হয়। তাই নেতৃত্বের প্রকৃত অর্থ শুধু সামনে থাকা নয়; অন্যকে কাজের সুযোগ দেওয়া, তার সক্ষমতাকে স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনে নিজের অবস্থান থেকে সরে এসে সম্মিলিত সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়াও নেতৃত্বের অংশ।

এখানে সদর ও কালবের পরিচ্ছন্নতার শিক্ষা বিশেষভাবে প্রাসঙ্গিক। সদরের প্রশস্ততা মানুষকে অন্যের মত, অভিজ্ঞতা ও সক্ষমতার জন্য জায়গা দিতে শেখায়। আর কালবের বিশুদ্ধতা ব্যক্তিগত অহংকার ও আত্মকেন্দ্রিক স্বার্থের পরিবর্তে সম্মিলিত কল্যাণকে গুরুত্ব দিতে সাহায্য করে। যে ব্যক্তি সহযোগিতাকে নিজের মর্যাদার জন্য হুমকি মনে করেন, তিনি প্রকৃত অর্থে নেতৃত্বের দায়িত্ব উপলব্ধি করতে পারেন না। কারণ সহযোগিতা মানে নিজের অবস্থান হারানো নয়; বরং অন্যের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বৃহত্তর লক্ষ্য অর্জন করা।

সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও এই সহযোগিতার সংস্কৃতি অপরিহার্য। রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের জন্য বিভিন্ন মত, পেশা, অভিজ্ঞতা ও দক্ষতার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে প্রত্যেকে যদি নিজের গোষ্ঠীর প্রভাব বিস্তারে ব্যস্ত থাকে, তাহলে সম্মিলিত সংস্কারের পথ সংকুচিত হয়ে যায়। নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবর্তে পুরোনো প্রতিযোগিতা নতুন রূপে ফিরে আসে। ফলে পরিবর্তনের সম্ভাবনা ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের সংঘাতে আটকে পড়ে।

অতএব, শিক্ষাটি হলো—সহযোগিতাকে দুর্বলতা বা নেতৃত্বের অভাব হিসেবে নয়, বরং সামাজিক নেতৃত্বের অন্যতম প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করতে হবে। অন্যকে সম্মান করা, তার কাজের স্বীকৃতি দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং মতপার্থক্যের মধ্যেও সম্মিলিতভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। যে সমাজে মানুষ একে অপরকে জায়গা দিতে শেখে, সেই সমাজেই পরিবর্তন দীর্ঘস্থায়ী হওয়ার বাস্তব ভিত্তি তৈরি হয়।

ধর্মীয় জ্ঞান ও নৈতিক আচরণের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি

ধর্মীয় পরিচয়, ধর্মীয় বক্তব্য এবং ধর্মীয় আচরণ সব সময় একই বিষয় নয়। একজন মানুষ ধর্মীয় পরিভাষা ব্যবহারে দক্ষ হতে পারেন, ধর্মীয় আলোচনা ও ব্যাখ্যায় পারদর্শী হতে পারেন, বিভিন্ন ধর্মীয় বিধান সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখতে পারেন। কিন্তু তাঁর ব্যক্তিগত আচরণে সেই শিক্ষার প্রতিফলন নাও থাকতে পারে। অর্থাৎ, ধর্মীয় জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানকে চরিত্রে রূপান্তর করা—দুটি সম্পর্কিত হলেও স্বতন্ত্র প্রক্রিয়া।

এখানেই লুব্বের ধারণাটি আমাদের জ্ঞান থেকে প্রজ্ঞায় উত্তরণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। জ্ঞান মানুষকে কী সঠিক, কী ভুল, কী ন্যায়সংগত এবং কী অনৈতিক—তা বুঝতে সাহায্য করে। কিন্তু প্রজ্ঞা সেই উপলব্ধিকে বাস্তব আচরণে প্রয়োগ করার সক্ষমতা তৈরি করে। ধর্মীয় শিক্ষা যদি মানুষকে বিনয়ী না করে, ইবাদত যদি তাকে অন্যের অধিকার সম্পর্কে সচেতন না করে, আর আল্লাহর প্রতি জবাবদিহির অনুভূতি যদি তাকে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অন্যায় থেকে বিরত রাখতে না পারে, তাহলে নিজের আত্মিক অবস্থার পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো মানুষের ব্যক্তিগত জীবন ও সামাজিক আচরণের মধ্যে নৈতিক সামঞ্জস্য প্রতিষ্ঠা করা। একজন ব্যক্তি যখন সততা, আমানতদারি, ন্যায়বিচার, সংযম ও মানুষের প্রতি দায়িত্ববোধের কথা বলেন, তখন তাঁর নিজের আচরণেও এসব মূল্যবোধের প্রতিফলন থাকা প্রত্যাশিত। কারণ ধর্মীয় মূল্যবোধ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তার সামাজিক তাৎপর্য পূর্ণতা পায় না। মানুষের সঙ্গে লেনদেন, কর্মক্ষেত্রে আচরণ, অধস্তন ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গি, প্রতিবেশীর অধিকার রক্ষা এবং ক্ষমতার ব্যবহার—এসব ক্ষেত্রেই নৈতিকতার বাস্তব পরীক্ষা ঘটে।

বিশেষ করে ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিদের জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ তাঁদের সিদ্ধান্তে অন্য মানুষের জীবন ও অধিকার প্রভাবিত হতে পারে। কেউ ধর্মীয় মূল্যবোধের কথা বলছেন, অথচ নিজের ক্ষমতা ব্যবহার করে অন্যের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছেন—এখানে বক্তব্য ও আচরণের মধ্যে একটি মৌলিক অসংগতি তৈরি হয়। ধর্মীয় পরিচয় তখন আত্মশুদ্ধির মাধ্যম না হয়ে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের বাহ্যিক উপকরণে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।

সুতরাং শিক্ষাটি হলো—ধর্মীয় অনুশীলনের সৌন্দর্য কেবল আনুষ্ঠানিকতা, পোশাক, বক্তব্য কিংবা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তার প্রকৃত প্রকাশ ঘটতে হবে সততা, ন্যায়বিচার, আমানতদারি, মানবিকতা ও চরিত্রের মধ্যে। ধর্মীয় জ্ঞান মানুষকে শুধু অন্যকে উপদেশ দেওয়ার যোগ্য করবে না; বরং নিজের আচরণকে আরও কঠোরভাবে পর্যালোচনা করার নৈতিক সাহসও জোগাবে। বিশ্বাসের গভীরতা তখনই সামাজিকভাবে অর্থবহ হয়ে ওঠে, যখন তা মানুষের প্রতি আচরণে দৃশ্যমান হয়।

আত্মসমালোচনা সামাজিক সংস্কারের প্রথম শর্ত

অন্যের ভুল চিহ্নিত করা মানুষের জন্য তুলনামূলকভাবে সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করা অনেক কঠিন। এর পেছনে মানুষের আত্মরক্ষামূলক মনস্তত্ত্ব কাজ করে। আমরা সাধারণত নিজের আচরণকে পরিস্থিতি, উদ্দেশ্য ও প্রেক্ষাপট দিয়ে ব্যাখ্যা করি; কিন্তু অন্যের আচরণকে বিচার করি দৃশ্যমান ফলাফল বা ব্যক্তিগত ধারণার ভিত্তিতে। নিজের ভুলকে সাময়িক বিচ্যুতি হিসেবে দেখলেও অন্যের ভুলকে অনেক সময় তার চরিত্রের স্থায়ী বৈশিষ্ট্য বলে ধরে নিই। এই প্রবণতা ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনা—সব ক্ষেত্রেই দেখা যেতে পারে।

যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারেন না, তাঁর পক্ষে প্রকৃত অর্থে সংশোধিত হওয়া কঠিন। কারণ সংশোধনের প্রথম ধাপ হলো নিজের সীমাবদ্ধতা শনাক্ত করা। একইভাবে, যে প্রতিষ্ঠান নিজের ব্যর্থতা পর্যালোচনা করতে চায় না, ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করে না কিংবা সমালোচনাকে শত্রুতা হিসেবে বিবেচনা করে, তার পক্ষেও কার্যকর সংস্কার সম্ভব হয় না। প্রতিষ্ঠান তখন নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে ভুলকে আড়াল করার কৌশল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে একই ধরনের ব্যর্থতা বারবার ফিরে আসে।

এখানে আত্মসমালোচনা (Self-Reflection) এবং আত্মসমালোচনামূলক মূল্যায়ন (Critical Self-Assessment)-এর গুরুত্ব অনস্বীকার্য। আত্মসমালোচনা মানে নিজেকে অপমান করা নয়, নিজের সব অর্জন অস্বীকার করাও নয়। বরং নিজের কাজ, সিদ্ধান্ত, বিশ্বাস ও আচরণকে নিরপেক্ষভাবে পর্যালোচনা করে কোথায় সীমাবদ্ধতা রয়েছে, তা শনাক্ত করা। এর মাধ্যমে মানুষ নিজের ভুলকে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণ করতে শেখে। ব্যক্তিগত জীবনে যেমন এই চর্চা প্রয়োজন, তেমনি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ক্ষেত্রেও এর প্রাতিষ্ঠানিক রূপ থাকা জরুরি।

সদরের প্রশস্ততা মানুষকে নিজের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে; কালবের বিশুদ্ধতা নিজের নিয়ত ও বিশ্বাসকে প্রশ্ন করতে শেখায়; ফুয়াদের সংবেদনশীলতা অন্যের অভিজ্ঞতা ও কষ্টের আলোকে নিজের আচরণ পর্যালোচনা করার সুযোগ তৈরি করে; আর লুব্বের প্রজ্ঞা মানুষকে সত্য উপলব্ধি করে সংশোধনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই চারটি ধারণার মধ্যে আত্মসমালোচনার একটি সমন্বিত নৈতিক শিক্ষা নিহিত রয়েছে। এগুলো পরস্পর বিচ্ছিন্ন নয়; বরং একটি অন্যটিকে পরিপূর্ণতা দিতে সাহায্য করে।

সামাজিক সংস্কারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। কোনো রাজনৈতিক দল, সংগঠন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি কেবল অন্যের ব্যর্থতা নিয়ে আলোচনা করে, কিন্তু নিজের ভুলের মূল্যায়ন না করে, তাহলে তার সংস্কারমূলক দাবি বিশ্বাসযোগ্যতা হারায়। প্রকৃত সংস্কার মানে শুধু অন্যায়কারীর পরিবর্তন দাবি করা নয়; নিজের ক্ষমতা, আচরণ ও সিদ্ধান্তের মধ্যেও পরিবর্তন আনা। অতএব, শিক্ষাটি হলো—আত্মসমালোচনা আত্মঅপমান নয়; এটি আত্মোন্নয়নের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক ভিত্তি। নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারাই উন্নতির প্রথম শর্ত।

নতুন প্রজন্মের জন্য নতুন নৈতিক সামাজিক চুক্তি প্রয়োজন

২০২৪-পরবর্তী বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো—আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন সমাজ রেখে যেতে চাই? এমন একটি সমাজ, যেখানে মানুষের অধিকার ও মর্যাদা নির্ধারিত হবে তার রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে? নাকি এমন একটি সমাজ, যেখানে আইনের শাসন, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, পারস্পরিক সম্মান এবং জবাবদিহি হবে সবার জন্য সমানভাবে প্রযোজ্য? এই প্রশ্নের উত্তর কেবল বর্তমান রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে না; বরং আগামী প্রজন্মের নাগরিক মানসিকতা ও রাষ্ট্র সম্পর্কে তাদের প্রত্যাশাকেও প্রভাবিত করবে।

একটি নতুন নৈতিক সামাজিক চুক্তি (Ethical Social Contract) বলতে এখানে এমন একটি সম্মিলিত নৈতিক বোঝাপড়াকে বোঝানো হচ্ছে, যার ভিত্তিতে নাগরিক ও রাষ্ট্র, ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভিন্নমতের মানুষ পরস্পরের অধিকার, দায়িত্ব ও সীমাবদ্ধতাকে স্বীকার করবে। এই চুক্তির মূল ভিত্তি হবে মানুষের মর্যাদা, আইনের সমতা, ন্যায়বিচার, স্বাধীনতা, সহনশীলতা এবং পারস্পরিক জবাবদিহি। এটি কেবল রাষ্ট্রের সংবিধান বা আইনগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সামাজিক আচরণ, রাজনৈতিক সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা ও নাগরিক সম্পর্কের মধ্যেও প্রতিফলিত হবে।

নতুন প্রজন্মকে শুধু ক্ষমতার বিরোধিতা করতে শেখালেই চলবে না; ক্ষমতা হাতে পেলে কীভাবে দায়িত্বশীল থাকতে হয়, সেটিও শেখাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা যেমন জরুরি, তেমনি নিজের হাতে ক্ষমতা এলে অন্যের অধিকার কীভাবে রক্ষা করতে হয়, সেই শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শুধু নিজের অধিকার দাবি করতে শেখালে হবে না; অন্যের অধিকারকে সম্মান করার মানসিকতাও গড়ে তুলতে হবে। স্বাধীনতা ও দায়িত্ব, অধিকার ও কর্তব্য, প্রতিবাদ ও সহনশীলতা—এসবের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক নাগরিকত্ব পূর্ণতা পায় না।

এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা কিংবা পেশাগত দক্ষতা অর্জন নয়; শিক্ষার্থীর মধ্যে যুক্তিবোধ, নৈতিক বিচারক্ষমতা, সহমর্মিতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। নাগরিক শিক্ষা (Civic Education), নৈতিক শিক্ষা (Moral Education), মানবাধিকার শিক্ষা (Human Rights Education) এবং ধর্মীয় মূল্যবোধের মানবিক ও নৈতিক দিকগুলোকে এমনভাবে সমন্বিত করতে হবে, যাতে শিক্ষার্থী শুধু নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে না শেখে, বরং অন্যের অবস্থান ও অধিকারের প্রতিও সচেতন হয়।

তবে নৈতিক সামাজিক চুক্তি শুধু ব্যক্তির সদিচ্ছার ওপর নির্ভর করলে চলবে না। এর জন্য প্রয়োজন কার্যকর প্রতিষ্ঠান, স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ, স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং ক্ষমতার অপব্যবহার রোধের বাস্তব ব্যবস্থা। ব্যক্তির নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি পরস্পরের বিকল্প নয়; বরং একটি অন্যটিকে শক্তিশালী করে। ভালো প্রতিষ্ঠান মানুষের দায়িত্বশীল আচরণের পরিবেশ তৈরি করে, আর দায়িত্বশীল নাগরিক ও নেতৃত্ব সেই প্রতিষ্ঠানকে কার্যকর রাখে।

সুতরাং ভবিষ্যতের বাংলাদেশ গড়তে নাগরিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকার সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির মধ্যে সমন্বয় অপরিহার্য। নতুন প্রজন্মের কাছে পরিবর্তনের অর্থ শুধু পুরোনো ব্যবস্থার প্রত্যাখ্যান নয়; বরং এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ, যেখানে তারা নিজেরাও ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সঠিক ব্যবহার শিখবে। এই প্রজন্ম যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি নিজের আচরণেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে শেখে, তাহলেই পরিবর্তনের আকাঙ্ক্ষা ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সামাজিক ভিত্তি লাভ করবে।

চিন্তক নির্দেশ: রাষ্ট্রের সংস্কারের আগে নয়, রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি হৃদয়ের সংস্কার

মানুষের হৃদয়ের চারটি স্তরের প্রতীকী ব্যাখ্যা আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়—বাহ্যিক পরিবর্তন যত গুরুত্বপূর্ণই হোক, মানুষের অন্তর্গত পরিবর্তন ছাড়া তার সামাজিক সুফল দীর্ঘস্থায়ী করা কঠিন। রাষ্ট্রের প্রতিষ্ঠান সংস্কার করতে হবে, প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে, ক্ষমতার অপব্যবহার রোধ করতে হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু এসব উদ্যোগের পাশাপাশি মানুষের চিন্তা, বিশ্বাস, অনুভূতি ও নৈতিক অবস্থানের পরিবর্তনও জরুরি। কারণ প্রতিষ্ঠান পরিচালনা করেন মানুষই, আইন প্রয়োগ করেন মানুষই, আর সামাজিক সম্পর্কের ভিত্তিও তৈরি হয় মানুষের পারস্পরিক আচরণের মধ্য দিয়ে।

সদর আমাদের বাইরের প্রভাব গ্রহণ, ভিন্নমত শোনা এবং নিজের প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হতে শেখায়। কালব আমাদের নিয়ত, বিশ্বাস ও নৈতিক অবস্থানকে প্রশ্ন করার আহ্বান জানায়। ফুয়াদ অন্যের কষ্ট উপলব্ধি করার মানবিক ক্ষমতাকে জাগ্রত করার কথা স্মরণ করিয়ে দেয়। আর লুব্ব আমাদের সত্য, প্রজ্ঞা ও আত্মিক বিশুদ্ধতার দিকে আহ্বান জানায়। এই চারটি স্তরের প্রতীকী শিক্ষা একত্রে আমাদের এমন একটি নৈতিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে ব্যক্তিগত আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ব একে অপরের পরিপূরক হয়ে ওঠে।

বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায় এই ধারণাগুলোকে শুধু ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ রাখলে এর বৃহত্তর সামাজিক তাৎপর্য অনুধাবন করা সম্ভব হবে না। এগুলোকে সামাজিক আচরণ, রাজনৈতিক নেতৃত্ব, প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিক দায়িত্বের নৈতিক উপমা হিসেবেও বিবেচনা করা যায়। একজন নাগরিক যখন ভিন্নমতের মানুষের কথা শোনেন, তখন তিনি সদরের প্রশস্ততার অনুশীলন করেন। একজন নেতা যখন নিজের পক্ষের অন্যায়ের বিরুদ্ধেও অবস্থান নেন, তখন তিনি কালবের নৈতিক বিশুদ্ধতার পরিচয় দেন। একজন মানুষ যখন রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তখন ফুয়াদের মানবিক সংবেদনশীলতা প্রকাশ পায়। আর কেউ যখন নিজের জ্ঞান ও ক্ষমতাকে মানুষের কল্যাণে ব্যবহার করেন এবং নিজের সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে প্রস্তুত থাকেন, তখন লুব্বের প্রজ্ঞার বাস্তব তাৎপর্য ফুটে ওঠে।

আমরা যদি সত্যিই একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই, তাহলে ক্ষমতাবানদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষের নয়, নিজের পক্ষের ক্ষমতাবানদেরও একই প্রশ্নের মুখোমুখি করতে হবে। যদি মানবিক সমাজ চাই, তাহলে ভিন্নমতের মানুষের অধিকারও রক্ষা করতে হবে। যদি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নিজের মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্যের ভিন্নমত প্রকাশের অধিকারও মেনে নিতে হবে। আর যদি ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ প্রত্যাশা করি, তাহলে সেই মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে দৈনন্দিন আচরণে—পরিবারে, কর্মক্ষেত্রে, সামাজিক সম্পর্কে, রাজনৈতিক কর্মকাণ্ডে এবং ক্ষমতার ব্যবহারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যের বিষয় মনে রাখা দরকার। হৃদয়ের সংস্কারকে রাষ্ট্রের সংস্কারের পূর্বশর্ত হিসেবে দাঁড় করানো যেমন বাস্তবসম্মত নয়, তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করলেই মানুষের নৈতিক পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ঘটবে—এমন প্রত্যাশাও যথার্থ নয়। একটি দুর্বল বা পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান মানুষের মধ্যে অন্যায় আচরণের সুযোগ তৈরি করতে পারে; আবার নৈতিকতাবোধহীন নেতৃত্ব একটি ভালো প্রতিষ্ঠানকেও দুর্বল করে দিতে পারে। তাই রাষ্ট্রীয় সংস্কার ও হৃদয়ের সংস্কারকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী বা বিকল্প হিসেবে নয়, বরং সমান্তরাল ও পরিপূরক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ন্যায়সংগত আচরণ উৎসাহিত হয় এবং অন্যায়ের জবাবদিহি নিশ্চিত হয়; পাশাপাশি নাগরিক ও নেতৃত্বের মধ্যে এমন নৈতিক বোধ তৈরি করতে হবে, যাতে তারা প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে।

সবচেয়ে বড় কথা, পরিবর্তনের দাবি তোলা মানুষকে নিজের মধ্যেও পরিবর্তন গ্রহণ করতে হবে। যে ব্যক্তি একসময় অন্যের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করেছেন, তাঁকে ক্ষমতায় গিয়েও স্বেচ্ছাচারিতা থেকে বিরত থাকতে হবে। যিনি একসময় মতপ্রকাশের স্বাধীনতা দাবি করেছেন, তাঁকে নিজের বিরোধী মতের মানুষের স্বাধীনতাও রক্ষা করতে হবে। যিনি ন্যায়বিচারের কথা বলেছেন, তাঁকে নিজের স্বার্থের বিরুদ্ধেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। আর যিনি মানবিক সমাজের স্বপ্ন দেখেছেন, তাঁকে নিজের দৈনন্দিন আচরণেও সেই মানবিকতার পরিচয় দিতে হবে।

কারণ, যে সমাজে প্রত্যেকে অন্যকে সংশোধন করতে চায়, কিন্তু কেউ নিজেকে সংশোধন করতে চায় না, সেখানে সংস্কারের আলোচনা দীর্ঘ হতে পারে, বক্তৃতা হতে পারে আরও আকর্ষণীয়, স্লোগান হতে পারে আরও শক্তিশালী; কিন্তু বাস্তব সংস্কার তবু অধরাই থেকে যায়। অন্যের ভুল দেখার চোখ যতটা প্রয়োজন, নিজের ভুল দেখার বিবেকও ততটাই জরুরি।

অতএব, রাষ্ট্রের সংস্কার চাই, প্রতিষ্ঠানের সংস্কার চাই, রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক সম্পর্কের সংস্কারও চাই। কিন্তু এসবের পাশাপাশি চাই হৃদয়ের সংস্কার। কারণ রাষ্ট্রের কাঠামো পরিবর্তন ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করে, আর মানুষের বিবেক, নৈতিকতা ও প্রজ্ঞার পরিবর্তন সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি জোগায়। প্রকৃত সামাজিক পরিবর্তন তখনই অর্থবহ হবে, যখন নতুন রাষ্ট্রব্যবস্থার পাশাপাশি নতুন মানবিক আচরণ, নতুন নৈতিক নেতৃত্ব এবং নতুন নাগরিক বিবেকেরও জন্ম হবে।

অমোঘ বাণী: অন্যের হৃদয়ে অভিযান চালানোর আগে নিজের হৃদয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান

২০২৪ সালের পরিবর্তন আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছিল—একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ ও জবাবদিহিমূলক সমাজ গড়ার সুযোগ। কিন্তু সেই পরিবর্তনের প্রকৃত সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়; মানুষের চিন্তা, আচরণ, বিবেক ও নৈতিকতার পরিবর্তনেও নিহিত। পুরোনো ক্ষমতার দম্ভ যদি নতুন পরিচয়ে ফিরে আসে, পুরোনো প্রতিহিংসা যদি নতুন ন্যায়বিচারের ভাষা ধারণ করে, আর পুরোনো বৈষম্য যদি নতুন বন্দোবস্তের নামে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রশ্ন উঠবেই—পরিবর্তনটি আসলে কোথায়?

সদর পরিচ্ছন্ন না হলে বাইরের সংকীর্ণতা দূর হবে না; কালব পরিচ্ছন্ন না হলে নিয়ত ও বিশ্বাসে স্বার্থপরতা থেকে যাবে; ফুয়াদ পরিচ্ছন্ন না হলে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা হারিয়ে যাবে; আর লুব্বের প্রজ্ঞা জাগ্রত না হলে জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ প্রজ্ঞাহীন আচরণ করবে। তাই অন্যের হৃদয়ের ময়লা খোঁজার আগে নিজের হৃদয়ের দিকে তাকানো জরুরি। কারণ সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় বাধা সব সময় ক্ষমতায় থাকা মানুষটি নাও হতে পারেন; কখনো কখনো সেই বাধা লুকিয়ে থাকে আমাদের নিজেদের বিবেকের ভেতরেই।

আর সরিষার কথাটা কী? সরিষা অন্তত বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু মানুষের মনে যদি সহমর্মিতা, উদারতা ও সহযোগিতার সরিষাটুকুই না থাকে, তাহলে সেই মন থেকে মানবিকতার তেল বের হবে কীভাবে? হৃদয়ের ময়লা অন্যের ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় না। নিজের বিবেকের ঝাড়ু নিজেকেই ধরতে হয়।

শেষকথা: “আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল”—কিন্তু দেশের হৃদয়ের কথা শুনবে কে?

 “আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ”—গানের এই পঙ্‌ক্তিতে যে আবেগ, যে আকুলতা, যে না-বলা কথার বেদনা রয়েছে, সেটি আজ যেন আমাদের সমাজের একটি গভীর বাস্তবতার সঙ্গে মিলে যায়। মানুষ কথা বলতে চায়, নিজের অনুভূতি প্রকাশ করতে চায়, অভিমান জানাতে চায়, নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা অন্যকে শোনাতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই একে অপরের হৃদয়ের কথা শুনছি? নাকি সবাই শুধু নিজের কথা বলতেই ব্যস্ত?

কথা হচ্ছে প্রচুর, বক্তব্য হচ্ছে অবিরাম, বিবৃতি আসছে প্রতিদিন, সামাজিক যোগাযোগমাধ্যমে শব্দের বন্যা বইছে। কিন্তু সেই কথার কতটুকু হৃদয় থেকে আসছে, আর কতটুকু তৈরি করা, সাজানো, মুখস্থ কিংবা পরিস্থিতি অনুযায়ী পরিবেশিত—সেটি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে।

কেউ যেন নিজের মনের কথা বলছেন না; বরং কী বলা উচিত, কখন বলা উচিত, কাকে খুশি করতে কী বলা উচিত—সেই হিসাব কষে কথা বলছেন। কথার মধ্যে আবেগ আছে, কিন্তু অনুভব নেই; শব্দ আছে, কিন্তু উপলব্ধি নেই; আদর্শ আছে, কিন্তু আচরণে তার প্রতিফলন নেই। সবকিছু যেন এক ধরনের প্রস্তুতকৃত বক্তব্যের মহড়া। মানুষ কথা বলছে, কিন্তু কথার ভেতরে মানুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

এখানে একটি সূক্ষ্ম বিপদ রয়েছে। যখন সমাজে মানুষ নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, যখন ভিন্নমত প্রকাশের চেয়ে নিরাপদ কথা বলাকে বেশি লাভজনক মনে করে, যখন আন্তরিকতার পরিবর্তে গ্রহণযোগ্য বক্তব্য তৈরির প্রতিযোগিতা শুরু হয়, তখন ধীরে ধীরে সামাজিক আস্থার ভিত দুর্বল হয়ে পড়ে।

এ যেন হৃদয়ের ভাষার জায়গায় মাইক্রোফোনের ভাষা প্রতিষ্ঠিত হওয়া। সবাই বক্তা হতে চান, কিন্তু শ্রোতা হতে চান না। সবাই নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে চান, কিন্তু অন্যের অভিজ্ঞতা বোঝার ধৈর্য হারিয়ে ফেলেন। অথচ একটি সমাজের শক্তি শুধু তার অর্থনীতি, অবকাঠামো, সামরিক সক্ষমতা কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। তার প্রকৃত শক্তি নিহিত থাকে মানুষের পারস্পরিক আস্থা, সামাজিক সংহতি, নৈতিক সাহস, সহমর্মিতা এবং সত্য কথা বলার স্বাধীনতার মধ্যে।

দেশের হৃদয় বলতে যদি আমরা তার সম্মিলিত বিবেক, মানবিকতা, পারস্পরিক বিশ্বাস ও নৈতিক সংবেদনশীলতাকে বুঝি, তাহলে সেই হৃদয় দুর্বল হয়ে পড়লে রাষ্ট্রের অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হয়। বাইরে থেকে উন্নয়নের নানা স্থাপনা দেখা যেতে পারে, নতুন প্রতিষ্ঠান তৈরি হতে পারে, নতুন নীতিমালা আসতে পারে; কিন্তু মানুষের মধ্যে যদি আস্থা না থাকে, একে অপরের কথা শোনার মানসিকতা না থাকে, সহযোগিতার পরিবর্তে সন্দেহ এবং সংলাপের পরিবর্তে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার প্রবণতা থাকে, তাহলে সেই উন্নয়ন ভেতরে ভেতরে দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে।

দেশ তখন অনেকটা হাঁপানি রোগীর মতো হয়ে পড়ে। চলতে চায়, সামনে এগোতে চায়, কিন্তু একটু দূর গেলেই হাঁপিয়ে ওঠে। গতি আছে, কিন্তু স্বস্তি নেই; উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু প্রাণশক্তি কম; উন্নয়নের ঘোষণা আছে, কিন্তু সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার সক্ষমতা দুর্বল।

এই অবস্থার সঙ্গে হৃদয়ের চারটি স্তরের আলোচনাটিও গভীরভাবে সম্পর্কিত।

  • সদর দুর্বল হলে মানুষ ভিন্নমত গ্রহণ করতে পারে না; বাইরের প্রতিটি সমালোচনাকে আক্রমণ মনে করে।
  • কালব দুর্বল হলে নিয়ত ও নৈতিক অবস্থান সুবিধা অনুযায়ী বদলে যায়; সত্যের চেয়ে নিজের অবস্থান রক্ষা বড় হয়ে ওঠে।
  • ফুয়াদ দুর্বল হলে অন্যের কষ্ট আর হৃদয়কে স্পর্শ করে না; মানুষ মানুষের যন্ত্রণাকে রাজনৈতিক পরিচয়ের চশমা দিয়ে বিচার করে।
  • লুব্ব দুর্বল হলে জ্ঞান প্রজ্ঞায় রূপান্তরিত হয় না; মানুষ কথার আড়ম্বরকে সত্যের গভীরতা বলে ভুল করে।

তাই দেশের হৃদয়কে শক্তিশালী করতে হলে শুধু নতুন স্লোগান, নতুন নেতৃত্ব কিংবা নতুন বন্দোবস্ত যথেষ্ট নয়। দরকার এমন একটি সামাজিক পরিবেশ, যেখানে মানুষ নির্ভয়ে সত্য কথা বলতে পারে, ভিন্নমত প্রকাশ করতে পারে, ভুল স্বীকার করতে পারে, অন্যের কথা মন দিয়ে শুনতে পারে এবং ক্ষমতার অবস্থানে থেকেও বিনয়ী থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে, সব কথা হৃদয় থেকে আসে না; আবার হৃদয়ের সব কথাও মুখে প্রকাশ করা সম্ভব হয় না। কিন্তু একটি সুস্থ সমাজের দায়িত্ব হলো মানুষের সত্যিকারের অনুভূতি, অভিজ্ঞতা ও ন্যায্য বক্তব্য প্রকাশের জায়গা তৈরি করা।

২০২৪-এর পরিবর্তনের পর আমাদের সামনে তাই একটি গুরুত্বপূর্ণ আত্মজিজ্ঞাসা রয়ে গেছে: আমরা কি এমন একটি বাংলাদেশ গড়ছি, যেখানে মানুষ শুধু কথা বলবে, নাকি এমন একটি বাংলাদেশ গড়ছি, যেখানে মানুষ একে অপরের কথাও শুনবে?

কারণ, কথা বলার স্বাধীনতা যেমন জরুরি, তেমনি অন্যের কথা শোনার নৈতিক সক্ষমতাও জরুরি। নিজের হৃদয়ের কথা বলার অধিকার যেমন আছে, অন্যের হৃদয়ের কথা শোনার দায়িত্বও রয়েছে। শেষ পর্যন্ত, দেশের হৃদয় কোনো একক ব্যক্তি, দল কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। এটি কোটি মানুষের সম্মিলিত বিবেক, অনুভূতি, স্বপ্ন ও বিশ্বাসের সমষ্টি। ক্ষমতার পরিবর্তন দেশকে নতুন পথে নিয়ে যেতে পারে; কিন্তু হৃদয়ের পরিবর্তনই সেই পথকে মানবিক করে তোলে।

তাই আসুন, শুধু বক্তব্য তৈরি না করি—অনুভব তৈরি করি। শুধু কথা না বলি—শুনতেও শিখি। শুধু অন্যের হৃদয় পরীক্ষা না করি—নিজের হৃদয়ের দরজাটিও খুলে দিই। নইলে একদিন দেখা যাবে, দেশের উন্নয়নের মাইক চলছে, বক্তৃতার শব্দ বাড়ছে, স্লোগানের আওয়াজ আকাশ ছুঁয়েছে—কিন্তু দেশের হৃদয় নিঃশব্দে হাঁপাচ্ছে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে শুধু রাস্তা প্রশস্ত করলেই হবে না, মানুষের হৃদয়ের পথটিও প্রশস্ত করতে হবে।

পাঠকের প্রতি শেষ প্রশ্ন

প্রথম আত্মজিজ্ঞাসা

আপনার কাছে কোন পরিবর্তনটি বেশি জরুরি—ক্ষমতার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন, নাকি মানুষের মানসিকতার পরিবর্তন?

এরপরে নিজের কাছেেআরেকটি প্রশ্ন রাখুন:

আমি কি শুধু অন্যের মনের ময়লা পরিষ্কার করতে চাই, নাকি নিজের হৃদয়ের পরিচ্ছন্নতার দায়িত্বও নিতে প্রস্তুত?

— অধিকারপত্র | মানুষ চিন্তা

লেখক ও গবেষক: অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা, অধিকারপত্র

#হৃদয়েরচারস্তর #মনেরময়লা #আত্মশুদ্ধি #তাযকিয়াতুননফস #সদর #কালব #ফুয়াদ #লুব্ব #ইসলামীআধ্যাত্মিকতা #নৈতিকতা #আত্মসমালোচনা #ক্ষমতারসংস্কৃতি #২০২৪পরবর্তীবাংলাদেশ #বাংলাদেশেরসমাজ #নতুনবাংলাদেশ #মানবিকতা #সহমর্মিতা #ন্যায়বিচার #সামাজিকসংস্কার #নৈতিকনেতৃত্ব #ক্ষমতাওজবাবদিহি #পরিবর্তনেরদর্শন #Odhikarpatra #AmaderOdhikarpatra #YourVoiceYourRight