odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 23rd November 2026, ২৩rd November ২০২৬
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ইইউর অবস্থান নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার; তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, আইনের শাসন ও সহিংসতা বর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার

odhikarpatra | প্রকাশিত: ২৩ November ২০২৬ ২২:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ November ২০২৬ ২২:১৫

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। তিনি যে বক্তব্য দিচ্ছেন, সেটি তাঁর ব্যক্তিগত মতামত।

রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো এবং এখনো যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো ইইউ পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর স্থিতিশীলতার অর্থ তাদের কাছে ন্যায়বিচার।

তিনি বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এর অর্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা। একই সঙ্গে সহিংসতা বর্জন, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ ও সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের আলোচনায় উঠে আসে। এটি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।

বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।

 সংস্কার উদ্যোগ বাস্তবায়নে আগ্রহী ইইউ

অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মাইকেল মিলার বলেন, সংস্কার কমিশনগুলোর মধ্যে অনেক ভালো ধারণা ও উদ্যোগ ছিল। সেসব উদ্যোগ বাস্তবায়নে বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

তিনি বলেন, ভালো ধারণাগুলো যেন বাস্তবে কার্যকর হয়, সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী।

 গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

 তৈরি পোশাক খাতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ

বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাইকেল মিলার বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় সুবিধা পাচ্ছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়তে পারে। ফলে বর্তমান প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হয়ে উঠবে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হতে পারে।

এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে জানান তিনি।

এই পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, বৃত্তাকার অর্থনীতির চর্চা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

মাইকেল মিলার বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এখন থেকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।

বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়া যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সে লক্ষ্যে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশের প্রতি তাঁর আগ্রহের প্রতিফলন।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।

 

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরাসরি অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

 #আওয়ামীলীগ #ইইউ #মাইকেলমিলার #ডিক্যাবটক #বাংলাদেশ #মানবাধিকার #ইউরোপীয়ইউনিয়ন #এলডিসি #বাণিজ্য #Odhikarpatra #OdhikarpatraDotCom