আন্তর্জাতিক ডেস্ক / অধিকারপত্র ডটকম
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এ ধরনের হামলার ঘটনা ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি এ তথ্য তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, আহত ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে যাওয়ার সময় ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি চিকিৎসাকর্মীদের পরিচয় স্পষ্ট থাকলেও তাদের বাধা দেওয়া হচ্ছে।
প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন নাবলুস এলাকার প্যারামেডিক জানান, এক আহত ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করলেও ইসরায়েলি সেনারা তাঁকে বাধা দেয়। পরে আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যান।
সাক্ষাৎকারে চিকিৎসাকর্মীরা শারীরিকনির্যাতন, বন্দুকের মুখে হুমকি, মৌখিক অপমান এবং হয়রানিমূলক তল্লাশির অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রতিবেদনের লেখক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পরিস্থিতির বিপজ্জনক অবনতি হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ঘটনায় চিকিৎসা পরিবহনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
