অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স। ১৭ ই নভেম্বর মঙ্গলবার ২০২৬।
নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। আজ ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরে পা রাখলেন বাংলা গানের এই প্রখ্যাত শিল্পী।
দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ করছেন রুনা লায়লা। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক পরিচিতি। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন কয়েক প্রজন্মের সংগীতপ্রেমী।
শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল তাঁর। মাত্র ছয় বছর বয়সে সংগীতের তালিম শুরু করেন। ১৯৬৪ সালে চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু হয় তাঁর। পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
বাংলা গানে রুনা লায়লার অসংখ্য পরিবেশনা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’, ‘খাঁচা ভেঙে পাখি উড়ে গেল’ এবং ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’।
বাংলা গানের পাশাপাশি ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও বিশেষ পরিচিতি পান তিনি। বিভিন্ন ভাষায় গান গেয়ে উপমহাদেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা সম্মাননা। ২০১৭ সালে ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। এ কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জন্মদিন উপলক্ষে রুনা লায়লাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে বিশেষ আয়োজন করা হয়েছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি সোনালি গিটার। পাশাপাশি তাঁর সংগীতজীবন ও স্মৃতিময় পথচলা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’।
জন্মদিনে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে রুনা লায়লা সংগীতের সঙ্গে আজীবন যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ভক্তদের কাছে সুস্থতা ও গান চালিয়ে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি।
অধিকার পত্র ডটকম পরিবারের পক্ষ থেকে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে জানাই ৭৪তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সংগীতময় জীবনের অব্যাহত পথচলা কামনা করছি। তাঁর কণ্ঠের সুরে মুগ্ধ হোক আগামী প্রজন্মও।
