odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
খুলনার ফুলবাড়ীগেটে টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টার ও বাস থেকে কালো স্প্রে দিয়ে নাম মুছে দিলেন একদল যুবক, যুবদল নেতার দাবি অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কেউ নন।

খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ১১:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ১১:৪০

অধিকারপত্র ডটকম, ১৭ নভেম্বর সোমবার ২০২৬

খুলনা প্রতিনিধি: খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে আসেন। প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়া হয়। পরে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।

কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার জানান, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তাঁরা কোনো ভাঙচুর করেননি কিংবা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।

ঘটনার বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে।

তিনি দাবি করেন, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তাঁরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

বাসের গায়ে ও কাউন্টারে ‘টুঙ্গিপাড়া’ নাম রাখা যাবে না? খুলনায় যুবকদের স্প্রে!

 #খুলনা #টুঙ্গিপাড়া #টুঙ্গিপাড়াপরিবহন #ফুলবাড়ীগেট #যুবদল #Odhikarpatra #OdhikarpatraDotCom