odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd November 2026, ২২nd November ২০২৬
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ মোনাজাত, সংবর্ধনা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ সশস্ত্র বাহিনী দিবস: যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে নানা কর্মসূচি

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৬ ১৫:৫০

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৬ ১৫:৫০

অধিকার পত্র ডটকম। 
ঢাকা, ২১ নভেম্বর ২০২৬: আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের কর্মসূচির শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৬টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য নিকটবর্তী ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন আগের দিন রাতে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করেছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সম্মিলিত অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।