odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 24th November 2026, ২৪th November ২০২৬
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে আকস্মিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের; মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৬ ১৫:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৬ ১৫:৪২

অধিকারপত্র ডটকম, বিনোদন ডেক্স : ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬:  বাংলাদেশের ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং প্রযোজক আরশাদ আদনানও গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটল আকস্মিক মৃত্যু

সোহেল খান ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। তাঁর অংশের শুটিং বুধবার শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সূত্রে জানা যায়, তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে শুটিংয়ের দিনের ঘটনাটি তুলে ধরেন।

বিজ্ঞাপনচিত্র থেকে অভিনয়জগতে

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর ধীরে ধীরে টেলিভিশন নাটকে নিজের অবস্থান তৈরি করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

এ ছাড়া ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রেও রেখেছেন অভিনয়ের স্বাক্ষর

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’।

বিভিন্ন চলচ্চিত্রে পার্শ্বচরিত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ চলচ্চিত্রে তাঁকে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।

শেষ ঠিকানা ধামরাইয়ের রাজাপুর

সোহেল খানের পৈতৃক বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তাঁর ছোট ভাই ইবনে হাসান খান জানিয়েছেন, বগুড়ায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ধামরাইয়ে নেওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।