যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণ বাড়ানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শফিকুর রহমানের
ভবিষ্যতের প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে সব সময় তাদের মর্যাদা দিতে হবে। মানুষকে সম্মান দিয়ে কথা বলাকে তিনি একটি কৌশল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সংগঠনের জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন।
শিক্ষাশিবিরে জামায়াতের আমির বলেন, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের মানবিক গুণ ও নৈতিক মানে উৎকর্ষ অর্জন করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে হবে। পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সময় পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
অবৈধভাবে অর্থ উপার্জনের চিন্তা থেকে বিরত থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। ব্যবসা-বাণিজ্য ও সব ধরনের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখার কথাও বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য আবদুল হাই হারুন, মহানগরের নায়েবে আমির মিফতাহুদ্দীন ও নূরুল ইসলাম এবং জেলা নায়েবে আমির আবদুল হান্নানসহ অন্যরা।
